বাংলাদেশে ধর্ষণের প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে নিউইয়র্কে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় এই কর্মসূচির আয়োজন করে নিউইয়র্কের ক্ষুব্ধ সচেতন প্রবাসীরা।
প্রতিবাদী সভার সমন্বয়কারী তোফাজ্জল লিটনের সঞ্চালনায় বক্তারা বলেন, বিচার না হওয়ায় বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। তাই ধর্ষণের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন কেউ ধর্ষণ করার সাহস না পায়। সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।
সাপ্তাহিক পরিচয় পত্রিকার সাংবাদিক নাজমুল আহসান বলেন, ‘যারা দৃষ্টি দিয়ে, গালাগাল করে ও অশালীন অঙ্গভঙ্গি করে নারীদের মানসিকভাবে ধর্ষণ করে, তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সব দেশেই ধর্ষণ হয়—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য অপরাধীদের উৎসাহিত করতে পারে।’
কমিউনিটি অ্যাকটিভিস্ট মুজাহিদ আনসারি বলেন, ‘যারা ইনিয়ে-বিনিয়ে ধর্ষকদের সমর্থনে কথা বলে, পোশাককে দায়ী করে ধর্ষকদের বাঁচাতে চায়, তাদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। বাংলাদেশের প্রতিটি ধর্ষণ ঘটনার সুষ্ঠু ও সর্বোচ্চ বিচার দাবি করছি আমরা।’
সাংবাদিক ও গীতিকার দর্পণ কবীর বলেন, ‘এই বৈরী আবহাওয়ায় আমরা এখানে ২৫/৩০ জন উপস্থিত হলেও আমি মনে করি এখানে পুরো বাংলাদেশ দাঁড়িয়ে আছে। সব বিষয়ে কেন প্রধানমন্ত্রীকেই হস্তক্ষেপ করতে হবে? অন্য মন্ত্রী ও এমপিরা কী করেন? স্থানীয় নেতৃবৃন্দ এর বিরুদ্ধে প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলছে না কেন? অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। বিচার ব্যবস্থার উন্নতি হলে এসব অপরাধ কমবে বলে আমি বিশ্বাস করি।’
প্রতিবাদী এ সভায় আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মণিকা রায়, লেখক ও ছড়াকার ইশতিয়াক রূপু, আবৃত্তি শিল্পী কান্তা কবির, লেখক আসলাম আহমাদ খান প্রমুখ। কর্মসূচিতে বাংলাদেশ গণজাগরণ মঞ্চের সংগঠক সৈয়দ জাকির আহমেদ, কুইন্স বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা তাজুল ইসলাম, লেখক শেলী জামান খান, নির্মাতা রহমান টিটো, সহযোগী নার্স সীমা সুস্মিতা, জুয়েল মালিক, জুলিয়েট রোজারিও, বিভাস মল্লিক, শেখ শোয়েব সাজ্জাদ, ইলা সরকার ও বিউটি খানম একাত্মতা ঘোষণা করেন। প্রতিবাদী এ কর্মসূচির পোস্টার এঁকেছেন শান্তিনিকেতনের ছাত্র রিফাত বিন সালাম।