বাংলাদেশেই সবাই ইন্টারভিউ দিন
নিউইয়র্কভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশনের ল’ অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে নানা পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি নাজমুল আলম। অনুষ্ঠানটি কোন আইনি পরামর্শ নয়, দর্শকদের নানা প্রশ্নের উত্তর থেকে ইমিগ্রেশন নিয়ে কেবল একটি দিক নির্দেশনা পাওয়া যায়।
অনুষ্ঠানে টেলিফোনে সরাসরি দর্শকদের প্রশ্ন নেওয়া হয় এবং এসব প্রশ্নের উত্তর দেন নাজমুল আলম।
গত সপ্তাহের অনুষ্ঠানে লন্ডন থেকে আইনুল ইসলাম জানতে চান, তাঁর মা ৩ বছর আগে আমেরিকায় গেছেন এবং গ্রিনকার্ড পাওয়ার পর তাঁর ছোট ভাইদের জন্য আবেদন করেছেন। এখন যদি ছোট ভাই বিয়ে করে, তাহলে তো সেই আবেদন থেকে বাতিল হয়ে যাবে। এরপর মা নাগরিকত্ব পাওয়ার পর আবার আবেদন করতে চাইলে কত দিন পর আবেদন করতে পারবে এবং আবেদনের কত দিন পর সে ভিসা পাবে? তখন কি বিয়ে রেজিস্ট্রি দেখাতে পারবে?
জবাবে অ্যাটর্নি নাজমুল বলেন, গ্রিনকার্ডধারীরা কেবল ২১ বছরের নিচে অবিবাহিত ছেলেমেয়ের জন্য আবেদন করতে পারেন। এটি দুটি ক্যাটাগরিতে পড়ে। একটি হচ্ছে বয়স ২১ বছরের নিচে থাকলে ‘এফ২-এ’ ক্যাটাগরি। আরেকটি হলো বয়স ২১ বছরের ওপরে গেলে ‘এফ ২–বি’ ক্যাটাগরি। এই দুটিতে শর্ত একটিই, ছেলেমেয়েকে অবশ্যই অবিবাহিত হতে হবে। আপনার মা গ্রিনকার্ডধারী হওয়ায় আপনার ভাইকে এখন বিয়ে না দিয়ে মা নাগরিকত্ব পাওয়ার পর বিয়ে করান। তাহলে কোনো অসুবিধা হবে না। একই দরখাস্তে তিনি আসতে পারবেন। তখন শুধু স্ট্যাটাসটা বদলে দিলে আপনার ভাই স্ত্রীসহ আসতে পারবেন। কিন্তু নাগরিকত্ব পাওয়ার আগে বিয়ে হলে ওই আবেদন বাতিল হয়ে যাবে। নাজমুল এ ব্যাপারে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেন। এ ছাড়া একজন আইনজ্ঞের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন তিনি।
নাম প্রকাশ না করে আরেকজন প্রশ্ন করেন, ১২ বছর হয় তিনি তার দুই ভাইয়ের জন্য দরখাস্ত করেছেন, তাদের একজন কাতারে থাকেন। এখন তাদের ইমিগ্রেশনের কাগজ আসছে। এখন কাতারের ভাই কি ওখান থেকে ইন্টারভিউ দিতে পারবেন নাকি বাংলাদেশে যেতে হবে?
জবাবে অ্যাটর্নি নাজমুল বলেন, বাংলাদেশে একই কনস্যুলেট হলে ভালো হবে, দুই ভাইয়ের একসঙ্গে ইন্টারভিউ হওয়াটাই ভালো হবে। যদি তিনি পরিবারসহ কাতার থেকে যেতে কোন অসুবিধা না থাকে। ইন্টারভিউ পরে ভিসা পাওয়ার পর তিনি যে কোন জায়গা থেকে আমেরিকায় আসতে পারবেন। তবে কাতারে চাইলে তারা কাতারেও নেবে, কিন্তু এতে ভুল করে বাংলাদেশের ভাইকেও তারা হয়তো কাতারে গিয়ে ইন্টারভিউয়ের জন্য ডাকতে পারে। তখন একটা বড় ধরনের অসুবিধা হবে। কারণ দেশের ভাইটির যদি কাতারের ভিসা না থাকে, তাহলে সে কীভাবে কাতারে এসে ভিসা নেবে? তাই কাতারের ভাইকে দেশে গিয়ে ইন্টারভিউ দিতে পরামর্শ দেন।
সোহরাব হোসেন জানতে চান, তাঁর এক আন্টি তার ছেলের জন্য ২০১৩ সালে আবেদন করেছেন। এর মধ্যে তারা একটা চিঠি পাঠিয়েছিল, ওই চিঠিটা তারা পাননি। তারপর একটা ডিনাই চিঠি পান, এটির কারণ কি তারা বুঝতে পারছেন না।
উত্তরে নাজমুল আলম এ ব্যাপারে একজন আইনজীবীর কাছে যেতে পরামর্শ দেন। তিনি আরও বলেন, হয়তো আগের চিঠিতে তারা কোন ডকুমেন্ট চেয়েছিল, এর কোন জবাব না পেয়ে তা বাতিল করে দিয়েছে। তাই দেরি না করে একজন অ্যাটর্নির কাছে গিয়ে ব্যাপারটি জানালে তিনি এর কারণ জেনে নিতে পারবেন এবং কাজটা হয়তো হয়ে যাবে ।
নামোল্লেখ না করে একজন নারী প্রশ্ন করেন, আড়াই বছর হয়ে গেছে তিনি নাগরিকত্বের পরীক্ষা দিয়েছেন। কিন্তু এখনো কোন রেজাল্ট পাননি। তিনি ইমেইল পাঠালে ওরা উত্তর দেয়, এ ব্যাপারে তারা এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। এখন কি তিনি কোন আইনজীবীর সাহায্য নেবেন নাকি অপেক্ষা করবেন, আর অপেক্ষা করলে কোন সমস্যা হবে কিনা?
জবাবে নাজমুল আলম বলেন, ইমিগ্রেশনে নাগরিকত্বের পরীক্ষা দিলে কখনো আড়াই বছর লাগে না। এখানে নিশ্চয় তিনি ভুল প্যাঁচে পড়েছেন। তাই একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে পরামর্শ নিতে বলেন।
ফারহান মাসুদ নামে এক দর্শক প্রশ্ন করেন, একসঙ্গে দুই অঙ্গরাজ্যের আইডি থাকলে কি অসুবিধা হবে?
জবাবে নাজমুল আলম এখানে একসঙ্গে দুই স্টেটের আইডি ব্যবহার না করার পরামর্শ দেন। যে অঙ্গরাজ্যে বাস করেন কেবল সেই স্টেটের আইডি ব্যবহার করুন।
আরেকজন দর্শক নাম না বলে জানতে চান, তার বড় বোনের জন্য ২০০৮ সালের আগস্টে আবেদন করেছেন। তখন তিনি ব্রুকলিনে থাকতেন, এখন ব্রঙ্কসে থাকেন। কিন্তু তিনি অ্যাম্বাসিতে ঠিকানা পরিবর্তনের কথা জানাননি। এখন কি তিনি ঠিকানা পরিবর্তনের কথা জানাতে পারবেন?
উত্তরে অ্যাটর্নি নাজমুল বলেন, তাড়াতাড়ি ঠিকানাটা পরিবর্তনের কথা তাদের জানাতে এবং সঠিকভাবে ঠিকানাটা দেওয়ার পরামর্শ দেন। নতুবা তারা যোগাযোগ করলে আগের ঠিকানায় করবে। তিনি বলেন, ইমিগ্রেশনের আইনে আবেদনকারী কেউ যদি স্থান পরিবর্তন করে, তবে দশ দিনের মধ্যে তা ইমিগ্রেশন অফিসে জানাতে, এটা গ্রিনকার্ডধারীর জন্য বাধ্যতামূলক। তবে নাগরিকদের নিজের প্রয়োজনে অবশ্যই কিছুদিনের মধ্যে জানানো দরকার। কারণ আগের ঠিকানায় চিঠিপত্র গেলে তা হারানো যেতে পারে।
বাবুল সরকার জানতে চান, তিনি তার বোনের জন্য ২০১২ সালে আবেদন করেছেন। কিন্তু রিসিভ লেটার পাওয়ার পর তিনি এখনো আর কোনো চিঠি পাননি। এখন কি তাঁকে কিছু করতে হবে?
জবাবে অ্যাটর্নি নাজমুল বলেন, ২০১২ সালের আবেদন তারা এখন ধরেনি। তবে আবেদনকারীর ঠিকানা বদলালে তাদের নতুন ঠিকানা দিয়ে ওই ঠিকানায় যোগাযোগের জন্য বলে দেওয়ার জন্য পরামর্শ দেন। অনলাইনে নিলুফার হোসেন প্রশ্ন করেন, তিনি তার মা–বাবার জন্য ২০১৯ সালের ২০ জুলাই আবেদন করেন। এখন পর্যন্ত তিনি কোনো উত্তর পাননি? এখন তাঁকে কি করতে হবে?
উত্তরে নাজমুল আলম বলেন, জুলাইয়ে আবেদন করে যদি ফি জমা দিয়ে থাকেন, তাহলে এত দিনে ফি গ্রহণের একটা চিঠি দেবে। সেটি পেলে বুঝতে হবে, তারা আবেদনটি পেয়েছে এবং গ্রহণ করেছে। কিন্তু অর্থ গ্রহণের লেটার না পাঠালে নিশ্চয় কোথাও কোন ভুল হয়েছে বলে তিনি মনে করেন। দেরি না করে ভিসা অফিসে ফোন করে জিজ্ঞেস করার পরামর্শ দেন তিনি।
টেলিফোনে একজন দর্শক নাম না জানিয়ে জানতে চান, তার একজন আত্মীয় আর বি-ওয়ান বাই বি-টু মাল্টিপল ভিসা পেয়েছেন পাঁচ বছরের। এখন তিনি এদেশে এসে বিনিয়োগ করে ব্যবসা করতে পারবেন কিনা?
জবাবে নাজমুল বলেন, ইনভেস্টমেন্ট ভিসা ক্যাটাগরিতে ভিসা পেয়েছেন, তাই উনি এখানে ব্যবসা করতে পারবেন। এ ব্যাপারে একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার কথা বলেন তিনি। তিনি বলেন, তাকে অবশ্যই বি-ওয়ান বি-টু ভিসার ক্যাটাগরিতে থেকে বিনিয়োগ করতে হবে। কারণ ৫ বছরের ভিসা হলে ৫ বছর এখানে থাকতে হবে, তা না। এই ক্যাটাগরিতে ৬ মাস পর্যন্ত একসঙ্গে থাকা যায়, তারপর আবার হয়তো ৬ মাস বাড়ানো যেতে পারে। কিন্তু মেয়াদ বাড়াতে না পারলে তাঁকে অবশ্যই ৬ মাস পর দেশে ফিরে আবার নতুন করে আসতে হবে।
দর্শক হোসেন সবুজ জানতে চান, এফ-টু এ ক্যাটাগরিতে তিনি আবেদন করেছেন এবং ন্যাশনাল ভিসা সেন্টার তার আবেদন কোয়ালিফাই করেছে ১৫ অক্টোবর, এখন কত দিন লাগবে?
জবাবে নাজমুল আলম অপেক্ষা করতে বলেন। সিরিয়াল অনুযায়ী অবশ্যই তারা ডাকবে। সুমন হোসেন জিজ্ঞেস করেন, অ্যাসাইলাম ক্যাটাগরিতে কি নতুন কোন সংযোজন হয়েছে?
জবাবে নাজমুল বলেন, অ্যাসাইলাম ক্যাটাগরিতে নতুন সংযোজন হচ্ছে, যদি কেউ ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে ঠিক আছে। আর আবেদন করা না হলে আগামী এক বছরের মধ্যে আবেদনে জন্য একটা ফি দিতে হবে। এ ছাড়া বর্তমানে এখানে ইন করার ৬ মাস পরে একটা ওয়ার্ক কার্ড দেয়, এটি কার্ডটি এখন থেকে ১ বছর পরে হবে।
টেলিফোনে নাম না বলে আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, তিনি আমেরিকার সিটিজেন। তিনি তার স্ত্রীর জন্য আবেদন করেছেন এবং তা আপ্রুভ হয়েছে। আপ্রুভল লেটারে প্রেসিডেনশিয়াল প্রোক্লামেশন অন হেলথ কেয়ার চেয়েছে, এটার জন্য কি করতে হবে?
জবাবে অ্যাটর্নি নাজমুল বলেন, আবেদনকারী সিটিজেন হলে এ ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। এটি তারা স্পনসরের ক্ষেত্রে একটা সতর্কতা বার্তা দিয়েছে, যেকোন ধরনের সরকারি সাহায্য নিলে কী কী সমস্যা হয়। এটি নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। তারপরও যদি কোন প্রশ্ন থাকে, তাহলে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। কারণ প্রেসিডেনশিয়াল প্রোক্লামেশন হচ্ছে, প্রেসিডেন্ট ঘোষিত কোন আইন, তাই প্রেসিডেন্ট ট্রাম্প কোন নতুন আইন যদি করে থাকেন, তাহলে পরে কোন ঝামেলা হতেও পারে।
দিদার আল রাজি জানতে চান, একজন তালাকপ্রাপ্ত মহিলার স্বামী কৌশলে তার বাচ্চাদের সাপোর্ট দিচ্ছে না। সে কীভাবে তার স্বামীর কাছ থেকে বাচ্চাদের জন্য সাপোর্ট পাবে?
জবাবে নাজমুল বলেন, মা–বাবার মধ্যে বাচ্চাকে যতটুকু সাপোর্ট দেওয়ার নিয়ম আইনে আছে, তাদের কোন একজন যদি তা না দেয়, তাহলে বাচ্চারা যার তত্ত্বাবধানে থাকে, তিনি যে এলাকায় বাস করেন সেই এলাকা যে কাউন্টির অধীনে আছে সেই কাউন্টিতে গিয়ে পারিবারিক আদালতে মামলা করতে পারবেন। সেই মামলা হবে চাইল্ড সাপোর্ট মামলা। তারপর আদালতই তার সমাধান করে দেবে।