বাংলাদেশের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রণবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিভাবকের সঙ্গে প্রণব ফাহমিদ ইসলাম
অভিভাবকের সঙ্গে প্রণব ফাহমিদ ইসলাম

সহপাঠীদের বেশির ভাগের পছন্দ ছিল চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল কিংবা প্রযুক্তি বিষয়ে পড়াশোনা। প্রণব ফাহমিদ ইসলাম তখন ব্যস্ত অর্থনীতি নিয়ে। বাবা মায়ের ইচ্ছে ছিল, ছেলে চিকিৎসক হবে। তাদের বড় ছেলে প্রথমে প্রকৌশল বিদ্যা ও পরে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনার কারণে প্রণবের ওপর প্রত্যাশার চাপ খানিকটা কমে যায়। আর তখনই তার সুযোগ মেলে নিজের ইচ্ছেকে মেলে ধরার।

‘আমি ভেবেছি, পাওয়ারফুল একটা পজিশন পেতে হবে আমাকে। সেটা পেতে হবে আমার অল্প বয়সে। কারণ, আমি আমাদের বাংলাদেশি অরিজিন আমেরিকার জনগোষ্ঠীর জন্য কিছু করতে চাই। তাদের জীবনধারার উন্নয়ন করতে চাই’—নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে বলল প্রণব।

ব্রুকলিনের বাসিন্দা প্রণবের সঙ্গে কথা হয় সোমবার তার মা রোকেয়া বেগম নাজমার গ্লোবাল ট্রাভেলসে বসে। প্রণব ইউনিভার্সিটি অব শিকাগো থেকে অর্থনীতিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন ১৫ জুন। গ্র্যাজুয়েশনের আগে থেকেই তার চাকরি প্রস্তুত জাপানের প্রসিদ্ধ মিজুহু ব্যাংকে। সেখানে যোগ দিতে যাচ্ছে সে, কনসালট্যান্ট হিসেবে।

প্রণব জানালেন, তাঁর সমসাময়িক বাংলাদেশি বংশোদ্ভূতরা ভালো এগোনো প্রয়োজন, কারণ এখনো সবকিছুতে বাংলাদেশি অভিবাসীরা পিছিয়ে আছে। তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি আরও জোরালো করা দরকার। যুক্তরাষ্ট্রের সেরা স্কুলগুলোর একটি স্টাইভ্যাসেন্ট হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করা এই তরুণ কেনসিংটনে বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ মোহাম্মদ নজরুল ইসলাম ও রোকেয়া বেগম নাজমা দম্পতির ছোট ছেলে।

প্রণবের লক্ষ্য, একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি নেওয়া। এরপর প্রয়োজনে আরও পড়াশোনা আর গবেষণা করা। সবকিছুর গন্তব্যই একটা ভালো অবস্থানে পৌঁছা। সেখান থেকেই যেন বাংলাদেশি জনসমাজের সেবা করা যায়। তাঁর ভাষায়, ‘এ জন্য, আমাকে রাজনীতিক হতে হবে না। সেটা অনেক দীর্ঘ পথ। আমি সে পথে যাচ্ছি না।’

অল্পসময়ের আলোচনায় ভাঙা বাংলায় প্রণব তার পরিকল্পনা তুলে ধরে। জানায়, বাংলাদেশের উন্নয়নে কাজ করার আগ্রহ আছে তার। তবে, সেখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে অসন্তোষের কথা জানায় সে। ‘আমি যে সব তথ্য পেয়েছি, তাতে মনে হয়েছে বাংলাদেশে বাকস্বাধীনতা পরিস্থিতি সবচেয়ে বেশি নাজুক। সেখানে স্বাধীন সাংবাদিকতা নেই। কয়েকটা নতুন আইন করা হয়েছে, যেগুলো সত্যি নিবর্তনমমূলক’।

প্রণব জানায়, বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে এক গবেষণার কাজে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয়েছে তাঁকে।