বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার ঝুঁকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিনারে প্রধান অতিথি ছিলেন কংগ্রেস সদস্য ডোনাল্ড এস বেয়ার
সেমিনারে প্রধান অতিথি ছিলেন কংগ্রেস সদস্য ডোনাল্ড এস বেয়ার

ওয়াশিংটনের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির এলিয়ট স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হলে আমেরিকা বাংলাদেশ কাউন্সিল ফর ডেমোক্রেসির (এবিসিডি) উদ্যোগে ‘বাংলাদেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের বাধা, পারস্পরিক অনাস্থা ও অবিশ্বাস এবং জবাবদিহির অন্তরায়’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
২ ডিসেম্বর আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কংগ্রেস সদস্য ডোনাল্ড এস বেয়ার। রীতা রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন ভার্জিনিয়া হাউস অব ডেলিগেটের মেম্বার মার্ক ডি সিকলেস। সেমিনারে বাংলাদেশের গণতন্ত্রের ঝুঁকি ও পারস্পরিক অবিশ্বাসের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন অস্টিন পি স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. তাজ হাসমি, জাতীয় নির্বাচনে পারস্পরিক আস্থাহীনতার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইদ ইফতেখার আহমেদ। এ ছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন প্রিন্সটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. ফয়সাল আহমেদ, মর্গান স্টেট ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের অধ্যাপক ড. আশরাফ আহমেদ, যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমির অবসরপ্রাপ্ত কর্মকর্তা ড. কামরুল ইসলাম, সাংবাদিক মুশফিকুল ফজল প্রমুখ।
উদ্বোধনী সেশনে কংগ্রেস সদস্য ডোনাল্ড এস বেয়ার বলেন, ‘আমি যতটুকু জেনেছি, বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার ঝুঁকির মুখে। বাংলাদেশের বিরাজমান এসব সংকটের মধ্যে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে আর এই প্রভাব স্পষ্টই অনুভূত হচ্ছে বাংলাদেশে। এতে হাজারো মানুষ বাস্তুচ্যুত হবে।’ জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করতে তিনি নিজে কাজ করে যাচ্ছেন বলে জানান সাবেক এই রাষ্ট্রদূত।
বেয়ার বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উত্তরণে যে প্রক্রিয়া ওয়াশিংটনে শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। যুক্তরাষ্ট্রও রাজনৈতিক বিভক্তির মধ্য দিয়ে বর্তমানে পথ চলছে বলে উল্লেখ করেন প্রভাবশালী এই আইনপ্রণেতা। তিনি ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সমাজ উন্নয়নে বাংলাদেশিদের অবদান উল্লেখযোগ্য। শক্তিশালী গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যমের প্রয়োজনীয়তা তুলে ধরে কংগ্রেস সদস্য বেয়ার বলেন, অবাধ ও মুক্ত গণমাধ্যমই গণতন্ত্রকে শক্তিশালী করার প্রধান নিয়ামক।