বাংলাদেশের টেকসই উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা

বাংলাদেশের টেকসই উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বাংলাদেশে জ্বালানি, প্রযুক্তি, সামাজিক অবকাঠামোসহ টেকসই উন্নয়নের বেশ কটি লক্ষ্যমাত্রা নিয়ে বিশদ আলোচনা করেন।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে উদ্যোগ, বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন’ শীর্ষক সেমিনার শুরু হয়।
হার্ভার্ড ল স্কুল মিলনায়তনে সেমিনারে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সমন্বয়ক ইকবাল ইউসুফ। বোস্টনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সাসস্টেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (আইএসআইডি), সাসস্টেইনেবইলিটি অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ ফর নেট পজিটিভ এন্টারপ্রাইজ (এসএইচআইএনই) এবং হার্ভার্ড এইচ চেন স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড হার্ভার্ড ল স্কুলের লেবার অ্যান্ড ওয়ার্ক লাইফ প্রোগ্রাম এই সেমিনারের আয়োজন করেছে। বাংলাদেশের সামিট গ্রুপসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই আয়োজনে সহযোগিতা করেছে।
বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, সমস্যা-সম্ভাবনার ওপর গভীর পর্যবেক্ষণ রয়েছে, এমন ব্যক্তিরা সেমিনারে বক্তব্য দেন।
স্বাগত বক্তব্যে সেমিনারের সমন্বয়কারী ইকবাল ইউসুফ বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা তাঁদের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, কেবল সরকারই নয় বেসরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ের মাধ্যমেই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।
উদ্বোধনী সন্ধ্যায় সেমিনারের পৃষ্ঠপোষক এবং স্পিকারদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তাঁদের মধ্যে অনেকে উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত ধারণা এবং অভিমত উপস্থাপন করেন। হার্ভার্ড ল স্কুলে লেবার অ্যান্ড ওয়ার্ক লাইফ প্রোগ্রামের জন ট্রাম্পবউর বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী শ্রম ধারণার পরিবর্তন ঘটছে।
প্রযুক্তি এবং যন্ত্রের কাছে আমাদের চিরচেনা শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তন মোকাবিলা করতে বাংলাদেশসহ সব দেশকে প্রস্তুত থাকতে হবে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেমন সানচেজ বলেন, উদ্ভাবনী কর্মকাণ্ডই টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে পারে। ম্যাসাচুসেটস রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ন্যাম পেম রাজ্য গভর্নরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, মুক্ত চিন্তার অবাধ নিশ্চয়তা যেকোনো উন্নয়নকে ত্বরান্বিত করে।
অনুষ্ঠানের একপর্যায়ে সেমিনারের অন্যতম ব্যবস্থাপক সৈয়দ আবুল হাসনাত, সানজা রহমান, আবু জালাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়নের প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বাংলাদেশ সরকারের উন্নয়নবিষয়ক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা টম লারস্ট্রেন এবং ডেভিড মেয়েলিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এরপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশ তার উন্নয়নের জন্য সবার অংশগ্রহণ উন্মুক্ত রেখেছে। দ্রুত উন্নয়নশীল বিশ্ব বাস্তবতায় আমাদেরও দ্রুততার সঙ্গে এগিয়ে যেতে হচ্ছে।’
বাংলাদেশ থেকে হার্ভার্ড সেমিনারে যোগ দেওয়া সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বলেছেন, অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করলে দেখা যাবে, আমাদের অগ্রগতি ঘটেছে অনেক বেশি। বাংলাদেশের সামাজিক ও ভৌতিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটেছে। তিনি বলেন, বাংলাদেশে এখন ৭০ ভাগ মানুষ ইন্টারনেট সুবিধা পাচ্ছে। ফাইবার অপটিক বসিয়ে হাই স্পিড ইন্টারনেট সুবিধায় এখন বাংলাদেশ। ২৫ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ এখন সক্ষম।
প্রথম দিনের সূচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নিউইয়র্কের কনস্যুল জেনারেল শামীম আহসান, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, আমেরিকান বাংলাদেশি সৈয়দ নুরুজ্জামান প্রমুখ।
রাতের খাবারের পর হার্ভার্ড ল স্কুলের মিলনায়তনে জড়ো হওয়া বিশেষজ্ঞরা পারস্পরিক মতবিনিময় করেন। প্রথম আলোকে দেওয়া বক্তব্যে সেমিনারে অংশগ্রহণকারীরা বলেছেন, মর্যাদাপূর্ণ এ সেমিনারের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনসহ বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিষয়েই অগ্রসর ধারণা নেওয়া সম্ভব হবে।