
মিশফাক আহমদ চৌধুরী মিশু। প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে তাঁর পদচারণা। মাঠের একজন সংগঠক হিসেবে তাঁর সক্রিয়তার প্রমাণ পাওয়া যায় কথায় এবং আচরণে। তিনি সিলেটের ঐতিহ্যবাহী সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি। সিলেট মহানগর জাসদের সভাপতিসহ নানা দায়িত্ব পালন করছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনের একজন নিবেদিত কর্মী মিশফাক আহমেদ মিশু নিউইয়র্ক সফর করছেন। সফরকালীন সময়ে প্রথম আলো উত্তর আমেরিকা অফিসে মিশফাক আহমেদ মিশুর সঙ্গে কথা বলেছেন ইশতিয়াক রুপু।
মিশফাক আহমেদ মিশু আলাপচারিতায় বলেন, মঞ্চ নাটকের কর্মী হলেও তাঁর পছন্দ উন্মুক্ত মঞ্চের গণনাটক। নাটকে সমাজের নানা অবক্ষয়, অবিচার আর অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তোলাকে একজন নাট্যকর্মী হিসেবে নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি। আমাদের সাংস্কৃতিক চেতনা বিকশিত করার কাজে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন গত চার দশকে অনন্য ভূমিকা পালন করেছে বলে তিনি মনে করেন। কথা প্রসঙ্গে মিশফাক আহমেদ মিশু বলেন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম যে জাতীয়তার চেতনায় সে চেতনা বারবার বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘আমাদের অগ্রজ প্রজন্ম ভাষার জন্য লড়াই করেছে। আমাদের জাতীয় চেতনার আন্দোলনের বিজয় ঘটেছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।’
স্বাধীন দেশে আমাদের মঞ্চ নাটকের যে ধারা শুরু হয়েছিল, তা আরও বেগবান হতে পারত বলে তিনি মনে করেন। তারপরও সাংস্কৃতিক আন্দোলনে বাংলাদেশের মঞ্চ নাটক অনেকটাই এগিয়েছে এবং দেশজুড়ে সংস্কৃতি কর্মীদের অহংকার করার অনেক কিছু আছে বলে তিনি উল্লেখ করেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে নাট্য আন্দোলন বা সাংস্কৃতিক জাগরণ শুরু হয়েছিল, তা ৭৫ সালে বাধাগ্রস্ত হয়েছে। মিশু বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ঘাপটি মেরে বসেছিল। সুযোগে তারা বেরিয়ে এসেছে এবং রাজনৈতিক আধিপত্যের সঙ্গে এ অপশক্তি আমাদের সংস্কৃতিকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার অপপ্রয়াস দেখা যায়।
মিশফাক আহমেদ মিশু বলেন, ‘লক্ষ্য করলেই দেখা যাবে আমরা যখনই এক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তখন কৌশলই অপশক্তি আমাদের পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের আচার আচরণ থেকে শুরু করে পোশাক পরিচ্ছদে একধরনের পরিবর্তন ঘটানোর চেষ্টা চলেছে খুব নীরবে।’
সাবেক ছাত্রনেতা এবং সিলেটের নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিচিত মুখ মিশু দেশে যখন স্বৈরাচার ঘাপটি মেরে বসেছিল, তখন সিলেটের নাট্যকর্মীরা সম্মিলিত নাট্য পরিষদ গঠন করেন। এ প্ল্যাটফর্মটি পুরো স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিলের দাবিতে আন্দোলন করতে হয়েছে নাট্যকর্মীদের। দেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে সিলেট অঞ্চলের সাংস্কৃতিক কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মিশকাত আহমেদ মিশু উল্লেখ করেন।
তরুণ এ সাংস্কৃতিক সংগঠক মিশু আলাপচারিতায় বলেন, দুঃখজনক হলেও সত্য-সাংস্কৃতিক অঙ্গনের নানা বিভক্তি আমাদের অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করেছে। বাঙালি সংস্কৃতির ধারক বাহকদের অনৈক্যের সুযোগ নিয়েছে অন্যরা। অপাঙেক্তয়দের দৌরাত্ম্যের কারণে খাঁটি সংস্কৃতিকর্মীরা অনেক ক্ষেত্রেই কোণঠাসা হয়ে আছে। ধান্দাবাজদের প্রবেশ ঘটেছে সাংস্কৃতিক অঙ্গনে এবং এসবের বিরুদ্ধে খাঁটি সংস্কৃতি কর্মীদের লড়াই চলমান বলে মিশু তাঁর আলাপচারিতায় উল্লেখ করেন। সংস্কৃতি কর্মীরা নেতা হয়ে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করাটাও নানা বিতর্ক আর অসহিষ্ণুতার জন্ম দিচ্ছে। এরপরও বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা মাঠ পর্যায়ে নিবেদিত করে আগ্রাসন এবং পশ্চাৎপদতার বিরুদ্ধে লড়াই করেছে বলে তিনি উল্লেখ করেন।
সিলেটর নাট্যাঙ্গনে নাট্যকর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। যার ব্যবস্থাপনায় আছেন বাংলাদেশ শিল্প একাডেমি। মিশু বলেন, আধুনিক নাটকে ভালো কিছু করতে হলে প্রশিক্ষিত নাট্য কর্মীর কোনো বিকল্প নেই। সে জন্যই এই মহতী উদ্যোগ নিতে এগিয়ে এসেছে সিলেটের পুরো নাট্য সমাজ। মূলধারার নাটকের পাশাপাশি সিলেটের গণ নাটকের কর্মী সংগঠকেরা অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে কাজ করছেন। আমাদের লোকজ সংস্কৃতির ওপর অনেক কাজ নানা ভাবে হচ্ছে বলে এবং দেশের সামাজিক রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে নাট্য সংগঠক মিশফাক আহমেদ মিশু আশাবাদ ব্যক্ত করেন।