বাংলাদেশের নারীরাও পিছিয়ে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নারীরা দেশে পুরুষের সঙ্গে সমানতালে কাজ করে যাচ্ছেন। শিক্ষা-দীক্ষায় নারীরা আর পিছিয়ে নেই। বরং বিগত কয়েক বছরের পরিসংখ্যান ঘাঁটলে নারীদের অগ্রগতির চিত্রই দেখা যায়। এসব নারী আমেরিকায় এসে কী করতে পারবেন, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
দেশে থাকা গৃহবধূ অথবা চাকরিজীবী অথবা বয়স্ক নারীরা এ দেশে এসে কী করেন, কী করতে পারেন—এ নিয়ে অনেক প্রশ্ন থাকলেও আমেরিকায় বাংলাদেশের বেশির ভাগ নারী চাকরির ক্ষেত্রে ভালোই করছেন। এখানে তাঁদের পরিচয় শুধু বেগম জামাল বা বেগম আবেদিন নন, তাঁরা নিজেদের পরিচয়ে এখানে বসবাস করতে শিখছেন।
এখানে ব্যাংক, তথ্যপ্রযুক্তি খাত, শিক্ষাপ্রতিষ্ঠান, দোভাষী; এমনকি নিজেদের গাড়ি চালানো, বেবি সিটিং থেকে শুরু করে মুদি দোকানেও কাজ করছেন। এখানে নারীরা এমন চাকরিও করেন, সামাজিক পারিপার্শ্বিকতার কারণে যা দেশে তাঁরা করতে ভয় পান। এখানে পরিস্থিতি ভিন্ন। এখানে কাজ না করলে বরং লজ্জা। কাজের ক্ষেত্রে ছোট কাজ বড় কাজ বলে কিছু নেই। কিছুদিন আগেও নারীরা অনেক খাতে কাজ করতেন না। যেমন আগে নারীদের ক্যাব চালাতে দেখা যেত না, এখন নিউইয়র্কের রাস্তায় অনেক নারীকে ক্যাব চালাতেও দেখা যাচ্ছে। নিউইয়র্কের এমটিএর বাস চালান অনেক দেশের নারী। আগে বাংলাদেশের নারীদের ট্যাক্সি ক্যাব চালাতে দেখা যায়নি। সংখ্যায় কম হলেও নারীরা এখানে বাস-ট্রেনও চালাচ্ছেন।
বাংলাদেশের নারীদের উড়োজাহাজ চালানো, ইউরোপ, আমেরিকার রাষ্ট্রীয় কাজ করার গল্প অনেক পুরোনো। মসজিদে বয়স্ক নারীদের আরবি পড়াতে দেখা যায়। সব মিলিয়ে আমেরিকায় বাংলাদেশের নারীদের ভিন্ন এক গল্প। বাংলাদেশের নারীরা উপাসনালয়ে যান নিয়মিত। বিশেষ করে বয়স্ক নারীরা ইবাদত করার জন্য মসজিদ, মন্দির, গির্জায় যান। সেখানে নিজ ধর্মের অনেকের সঙ্গে সখ্য গড়ে ওঠে। এভাবে সারা বিশ্বের নারীদের সঙ্গে মিশতে পারেন তাঁরা।
তবে বাংলাদেশের বেশির ভাগ নারীই এখানে কষ্টকর কাজ করছেন। আবার অনেক নারী ঘরের বাইরে বের হতে পারেননি। এসব বিষয় নিয়ে আলাপ হয় নিউইয়র্কের এস আর লিগ্যাল কনসালট্যান্ট নাসরিন কে আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘আসলে দৃষ্টিভঙ্গি মূল সমস্যা না হলেও আমাদের সামাজিক প্রেক্ষাপট চিন্তা করতে হবে। ভারতের সঙ্গে তুলনা করলেও দেখা যায়, বাংলাদেশের নারীদের কষ্টের কাজ করা লাগে। কারণ শিক্ষা ও ভাষাগত সমস্যা। তবে ভবিষ্যতে যাঁরা আসবেন, তাঁরা হয়তো শিক্ষা বা ভাষাগত সমস্যার ঘাটতি কাটিয়ে আসবেন। কেননা বাংলাদেশে শিক্ষায় নারীরা অনেক এগোচ্ছেন।’
নাসরিন বলেন, আবার এটাও ঠিক, বাংলাদেশের নারীরা এখানে অনেক স্বাবলম্বী। এমন ক্ষেত্র আছে, যেখানে আমেরিকায় একজন নারী তাঁর স্বামীকে সংসারে আর্থিকভাবে সহায়তা করছেন। বাংলাদেশের নারীদের হাত ধরে আমেরিকায় বাংলাদেশিদের অনেক অগ্রগতি এসেছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশি নারীদের অপরাধ কর্মকাণ্ডের রেকর্ড তেমন নেই। আমেরিকার মাটিতে বাংলাদেশি নারীদের ভাবমূর্তি অনেক উজ্জ্বল।