বাংলাদেশের নির্বাচন নিয়ে উত্তরীয় ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমার মতো যাঁরা ইলেকশন নামের সিলেকশনের ক্যালকুলেশনটা বোঝেন না তাঁদের কাছে নির্বাচন মানে ভোট দেওয়া। প্রতি মুহূর্তের খবর নেওয়ার জন্য পত্রিকার খবর–টক শোর টক ঝাল এবং ইউ টিউব চ্যানেল গুলোও বাদ যাচ্ছে না।
বিবিসি থেকে শুনলাম বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক সহিসংতায় এখন পর্যন্ত বেশ কিছু লোক নিহত হয়েছে। এসব হানাহানি নির্বাচনকালীন খুবই স্বাভাবিক বিষয় হয়ে গেছে। ৪৭ বছরের বাংলাদেশে খুনোখুনি ছাড়া কোনো নির্বাচন আমরা দেখিনি। দেশের বয়স বাড়লে হয়তো এসব আর থাকবে না বা কমে আসবে বলে ভাবা যায়। এবারে ভাবনা আমার কিছু প্রিয় মানুষদের নিয়ে যাঁরা নানান কারণে এবারের নির্বাচনের আলোচনার তুঙ্গে আছেন ।
সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা বরাবরই দেশ নিয়ে বেশ চিন্তা করেন তাদেরকে ক্রিকেট যেমন আনন্দ দেয় নির্বাচনও তেমনি উত্তেজনা তৈরি করে। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন দেশের ভালো খবর আপনাকে ভালো রাখবেই। দেশ থেকে কেউ এলেই অন্য জনকে বলতে শুনি ভাই কেমন বুঝছেন বা আসলেন কেন ভোটটা দিয়েই আসতেন। বেশ বড় গ্রুপ নিউইয়র্ক থেকেই দেশে ভোট দিতে যাবেন। ভোট নিয়ে ভোটারদের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে।
আওয়ামী লীগ ও বিএনপিসহ বেশ কিছু দল থেকে এবার একাধিক তারকা মনোনয়নপত্র কিনেছেন। এটা সবার কাছে বেশ আনন্দদায়ক। দেখা যাক মাশরাফির খেলার মাঠে মতো ভোটের মাঠেও দ্যুতি ছড়ান কিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার যে কটি মুখ ভীষণ আলোচিত, মাশরাফি বিন মুর্তজা তাঁদের একজন। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার আগেই একজন অধিনায়কের রাজনীতি করার ঘটনাই বিরল। নড়াইল-২ আসন থেকে মাশরাফির মনোনয়ন পাওয়ার খবর স্বাভাবিকভাবেই গুরুত্ব পেয়েছে সবার কাছে ।
ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়ার প্রার্থিতা আটকে দেওয়ায় কঠোর পরিণতি নির্বাচন কমিশনকে (ইসি) ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বেগম জিয়ার আসনে মির্জা ফখরুল সাহেব নির্বাচন করবেন। কে কেমন কতটুকু ভোগ করবে তা দেখার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। ফখরুল সাহেবকে অনেকেই ভালোবাসেন, এখানের বাঙালিরা বেশ খুশি মনে হলো। মনে হলো ফখরুল সাহেবকে অনেকেই খালেদা জিয়ার চাইতে বেশি পছন্দ করেন ।
টকশোর জনপ্রিয় মানুষ বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনে মনোনয়ন পাচ্ছেন এটি মোটামুটি নিশ্চিত। এই আসন থেকে ২০০৮ সালের নির্বাচনে এমপি হয়েছিলেন পার্থ। ওনার যুক্তি সম্মত কথা অনেকেই পছন্দ করেন।
দলছুট নেতা কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেছেন, নতুন নতুন লোক যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টে, এ রকম এক শ-পাঁচ শ নেতা তাদের দলে গেলেও আওয়ামী লীগ ভয় পায় না। কারণ আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ। খুবই সত্যি কথা ।
দারুণ সুন্দর গুছিয়ে রসিয়ে কথা বলেন নোয়াখালী-৫ আসনে দুই হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক লড়াই। জমে উঠতে শুরু করেছে দুই নেতার নির্বাচনী মাঠ। আমি অনেক আগ্রহ সহকারে অপেক্ষা করছি এ আসনের ফলাফল দেখার জন্য।
প্রায় ১৭ বছর পর আবারও ভোটের মাঠে নামছেন সিলেটের জনপ্রিয় নেতা। ‘সিলেটের ম্যারাডোনা’ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসনে মুজিব কোট পরে ধানের শীষে নির্বাচন করবেন । তাঁকে নিয়ে ইতিমধ্যে অনেক কৌতূহল শুরু হয়েছে সাধারণ ভোটারের মধ্যে। জয় হোক নির্বাচনী খেলার । কেউ কি কখনো ভেবেছিল সুলতান মনসুরের মতো আওয়ামী নেতার হাতে ধানের শীষ উঠবে। সবই সম্ভব এই নির্বাচনী খেলায়।
চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান। সাধারণ মানুষ জানি প্রেস মানে দল মতের ঊর্ধ্বে আসলে কিন্ত তা নয়। এবার অনেকটা নাটকীয়ভাবে নিজামীর আসনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন নেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। ভীষণ আনন্দদায়ক সব ঘটনা ঘটছে এবারের নির্বাচনে ।
আসন্ন নির্বাচনে ড. কামাল হোসেন নিজে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন। বাকি সবাই লড়বেন ধানের শীষ নিয়ে। এর মধ্যে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১, যত দূর জানি ওনার সঙ্গে এলাকার মানুষের যোগাযোগ তেমন নেই, যতটা ছিল ওনার বাবার সঙ্গে। তিনিও এবার ধানের শীষে লড়বেন । মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। লক্ষ্মীপুরের একটি আসন থেকে ধানের শীষে লড়বেন সাবেক ছাত্রলীগ নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রধান আ স ম আবদুর রব।
এ ছাড়া মুক্তিবাহিনীর উপ-প্রধান, সাবেক বিমানবাহিনী প্রধান, সেক্টর কমান্ডারস ফোরামের নেতা ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকারের হাতেও এবার শোভা পাবে ধানের শীষ।
এদিকে আরও মজার বিষয় হলো ২০০৭ সালে এক-এগারোর পট-পরিবর্তনের সময় আলোচিত সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩ আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কান্দারের ভায়রা।
আরেক আলোচিত অতি সুপুরুষ শমসের মবিন বিএনপি ছাড়ার সময় তিনি আর রাজনীতি না করার কথা বলেছিলেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য হয়ে শমসের মবিন চৌধুরী সিলেট-৬ আসন থেকে লড়বেন। রাজনীতির এমনই একটি খেলা। এখানে কেউ কথা রাখে না।
কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। একই আসনে পাপনের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম। তবে ভয় ও গ্রেপ্তার আতঙ্কে নাকি মনোনয়নপত্র জমা দিতে যাননি এ বিএনপি নেতা। ওনার হয়ে অন্য কেউ দিয়েছেন। আজব তো পাপন সাহেব কি সুন্দর করে কথা বলেন, আমার কাছে ওনার কথা শুনলে সব সময় মনে হয় পান মুখে নিয়ে কথা বলছেন।
আর সোমবার রাতে সরাসরি বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও মিডিয়ার পরিচিত মুখ গোলাম মাওলা রনি। ইতিমধ্যে তাঁর মনোনয়নও চূড়ান্ত হয়েছে। পটুয়াখালী-৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনা (সিইসি) কে এম নুরুল হুদার ভাগনে এস এম শাহজাদা সাজু। চরম নিরপেক্ষ মনে হয় মামা ভাগ্নের সম্পর্ক ।
বিএনপিতে যোগদানের বিষয়ে গোলাম মাওলা রনি বলেন, ‘আমি জেনে বুঝে সজ্ঞানে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিলাম। আমি যতদিন বেঁচে থাকি, দেশ ও জনগণের সেবা করতে চাই। আমৃত্যু এই দলেই থাকব।ওনার লেখার এবং কথার দারুণ ভক্ত আমি। আমৃত্যু কথা টা শুনে আমি রীতিমতো আঁতকে উঠেছি। দেখা যাক সময় কথা বলবে।’
বিএনপির ধানের শীষ প্রতীকে লড়তে মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী মনির খান। ঝিনাইদহ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন আরও দুই তারকা। সিরাজগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন কনক চাঁপা। তিনি হেভিওয়েট নাসিম সাহেবের সঙ্গে । নীলফামারী-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বেবী নাজনীন। আওয়ামী লীগ থেকে যদি শমি কায়সার, রোকেয়া প্রাচী, তারিনরাও ভোট করে জিতে আসতেন। আমাদের সংসদ তারায় তারায় ভরে উঠত। তবে শুরু যখন হয়েছে আশা করা যায় যে একদিন মায়েরা স্টার জলসা ফেলে সাংসদদের কথা শুনবেন ।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন আক্তার। তিনি বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী। ইয়াবা ব্যবসাসহ নানা অভিযোগে সমালোচিত বদিকে এবার মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। একরামুলের মেয়েদের কান্না এখনো সবার কানে বাজে তার পরও বলব ‘জাগো নারী জাগো অগ্নিশিখা’ ।
বাংলাদেশের দক্ষিণাঞ্চল বাগেরহাটের একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ সারহান নাসের তন্ময়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আলোচনায় এসেছেন শেখ সারহান নাসের তন্ময়, যদিও রাজনৈতিক পরিমণ্ডলে এর আগে তাঁর নাম খুব একটা শোনা যায়নি। বিশেষ করে তরুণীদের অসংখ্য মন্তব্য দেখা যায় যেখানে শেখ তন্ময়কে তাঁদের ক্রাশ হিসেবে চিত্রিত করেছেন। আমি আছি এদের দলে পারলে এই ছেলে কে কয়টা ভোট দিয়ে জিতিয়ে দিতাম। তোমার জন্য শুভকামনা ।
এবারের নির্বাচনে ৩০৫৬ টি মনোনয়ন জমা পড়েছে যা এ যাবৎকালের হয়নি। আমাদের দেশে রাজনীতিতে লাজলজ্জা, নীতি–আদর্শ বলে কিছু নেই। তাই সবাই দলের প্রতীক পাওয়ার জন্য নির্বাচন করছেন। কে কোন দলে গেলেন আসলেন এসব কোনো ব্যাপার না। কিন্তু দলবিহীন সুশীল প্রতিনিধিরা কি করবেন?
নির্বাচন, ভোট এখন কৌশলের রাজনীতিতে বন্দী। সরকার চাইছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন, তবে সে নির্বাচনে বিরোধীপক্ষ অপেক্ষাকৃত দুর্বল অবস্থানে থাকুক। এটা যখন যে দল সরকারে থাকে তেমনটাই চায়। এ আর নতুন কি।
এই মাসের ১০ তারিখ ছিল শহীদ নুর হোসেন দিবস। এরশাদের পেটোয়া পুলিশ বাহিনীর হাতে রাজপথে নিহত হয়েছিল নুর হোসেন। এখনকার তরুণ সমাজ হয়তো তাঁকে চেনেই না। ১৯৯০ এর ২৭শে নভেম্বর স্বৈরশাসন বিরোধী আন্দোলনের সময় তৎকালীন সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে ডা. শামসুল আলম খান মিলন নিহত হন। এই দুজনের প্রতি শ্রদ্ধা জানাই।
দেশের ৮০ শতাংশ তরুণ ভোটার রাজনীতি পছন্দ করে না। গত ১০ বছরে ২ কোটি ২৫ লাখ তরুণ তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত হয়েছে। প্রতিবছর গড়ে ২৫ লাখ তরুণ ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। মোট ভোটারদের প্রায় ২৫ শতাংশ তরুণ। এবারের নির্বাচনে ভোট প্রয়োগের মাধ্যমে তরুণেরা যেমন তাঁদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়, তেমনি উন্নত মানবিক ধারণা প্রয়োগ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে চায়। তরুণেরা তাঁদের মেধার মূল্যায়ন চেয়ে মাঠে নেমেছে। গত কিছুদিনের আন্দোলনের খাতা খুললে আমরা দেখতে পাই তরুণেরা নিরাপদ, দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ দেখতে চায়। একটি উন্নত বাংলাদেশের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তরুণেরা দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে এবার তাঁদের ভোট প্রদান করবে। সঠিক মানুষকে নির্বাচিত করে সব ধরনের কুসংস্কার, রক্ষণশীলতা ও জড়তা কাটিয়ে তাঁদের জীবনের জয়যাত্রার পথ উন্মোচিত করবে। নতুন নতুন দ্বার উন্মোচিত হোক। সকল সম্ভাবনা সফল হোক।