বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উদীচীর সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদীচীর প্রতিবাদ সমাবেশে প্ল্যাকার্ড হাতে সংগঠনের সদস্যরা
উদীচীর প্রতিবাদ সমাবেশে প্ল্যাকার্ড হাতে সংগঠনের সদস্যরা

বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত ও বন্যার্ত মানুষের সাহায্যে সরকারের ব্যর্থতা, ‘গলাকাটা’ গুজব, দুধে বিষক্রিয়ায় চক্রান্ত, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রভৃতি চরম দুর্ভোগ ও দুর্যোগের ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র উদীচী শিল্পগোষ্ঠীর সেমিনার ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টায় আইএস-২৩০ জ্যাকসন হাইটস উদীচী স্কুলে এ সেমিনার ও সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী যুক্তরাষ্ট্রের সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ্বাস। আলোচনা করেন উদীচীর বাংলা বিভাগের প্রধান ও উদীচীর উপদেষ্টা লেখক বেলাল বেগ, সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. হারুন, সম্পাদক আলীম উদ্দিন, কোষাধ্যক্ষ সাবিনা হাই উর্বি, নাট্যকার ফজলুল করিম, ঢাকা থেকে আগত উদীচীর আবু রায়হান, সাংবাদিক সাহাবুদ্দিন সাগর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি রাষ্ট্র ও তার সরকারের দায়িত্ব জনগণের জীবনের নিরাপত্তা বিধান। অথচ বাংলাদেশ সরকার মানুষের জীবন নিয়ে হাস্যরস করছে। ডেঙ্গু রোগের বিস্তারের শুরুতেই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে একে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিএনপিসহ বিরোধী দলের গুজব বলে উড়িয়ে দেয়। নির্দেশ থাকা সত্ত্বেও দুই সিটি মেয়র মার্চ-এপ্রিলে যথাসময়ে মশার ওষুধ ছিটায়নি। সেই ওষুধেও ভেজাল। সম্প্রতি জানা গেল ওষুধ আনা হচ্ছে। আবার বলা হলো আগামী সেপ্টেম্বর-অক্টোবরেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। অর্থাৎ, এই সময়ের মধ্যে মানুষ মারা গেলে কেউ দায়ী নয়। সরকারের এই অবস্থানের কারণেই ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। এই মুহূর্তে সরকারের উচিত দল-মত নির্বিশেষে জরুরি দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করে একটি সর্বজনীন ঐক্য গড়ে তোলা। অথচ সরকার নির্বিকার। মানুষের জীবন নিয়ে রাজনীতি চলছে।
বক্তারা বলেন, একইভাবে বাংলাদেশে ধর্ষণও মহামারি আকার নিয়েছে। সরকার একদিকে উন্নয়নের ঢোল পেটাচ্ছে, অন্যদিকে মানুষ ও সমাজের মূল্যবোধের চরম অবক্ষয় দেখা দিয়েছে। প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা করা হয়। ভয়ে মানুষ সাহায্যের হাত বাড়ায় না। এ সব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত থাকায় কোনো বিচার হয় না। শিশুর দুধ ও খাদ্যে বিষক্রিয়া, ওষুধে ভেজাল নিয়ে দীর্ঘদিন কথা উঠলেও যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থ। সম্প্রতি সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। অথচ আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমেছে। এমনকি পাশের দেশ ভারতেও গ্যাসের দাম কমানো হয়েছে। জনগণকে ভর্তুকি না দিয়ে তাদের দুর্যোগ আরও বাড়িয়ে দিয়েছে। বস্তুত, দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। জনগণের হয়ে কোনো প্রতিষ্ঠান কাজ করছে না। লুটপাট ও দুর্নীতিতে সয়লাব হয়ে গেছে দেশ। তাই মানুষ ডেঙ্গু, বন্যায় মহামারি দেখা দিলে কিংবা মানুষ মরলেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই।
অনুষ্ঠান শেষে উদীচী স্কুল থেকে একটি প্রতিবাদ মিছিল জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় গিয়ে শেষ হয়। এ সময় সংগীত ও বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। সভায় বক্তব্য রাখেন বেলাল বেগ, জীবন বিশ্বাস, মো. হারুন, সাবিনা হাই উর্বি, খুরশেদুল ইসলাম প্রমুখ। সংগীত পরিচালনা করেন জীবন বিশ্বাস। সভায় অবিলম্বে ডেঙ্গু ও বন্যায় দুর্যোগ অবস্থা ঘোষণা করে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে উপস্থিত সবাইকে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য আহ্বান জানানো হয়।