
আমেরিকার কানসাস রাজ্যের উচিটায় ২৮ অক্টোবর ৩৭তম এশিয়ান ফেস্টিভ্যাল অ্যান্ড বিউটি কনটেস্ট অনুষ্ঠিত হবে। উচিটা এশিয়ান অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতো এবারও এই বিশাল ফেস্টিভ্যালের আয়োজন করছে। উচিটা শহরের ডাউন টাউন সেঞ্চুরি কনভেনশন হলে ২৮ অক্টোবর স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
বাংলাদেশসহ এশিয়ার নয়টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে। আমেরিকার কানসাস রাজ্যের উচিটা শহরে বসবাসরত এশিয়ার নানা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরায় এই আয়োজনের মূল লক্ষ্য বলে সাংবাদিকদের জানিয়েছেন উচিটা এশিয়ান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাথি ইউইং। এবার মিস বাংলাদেশ হিসেবে লড়বেন জোহরা বাতুল রিচি। তিনি তাঁর পারফরমেন্স ভালো হবে বলে আশাবাদী। প্রায় ১০ হাজার দর্শক এ অনুষ্ঠান উপভোগ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
চীন, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, শ্রীলঙ্কাসহ নয়টি দেশের সুন্দরীরা এশিয়ান ফেস্টিভ্যাল সুন্দরী প্রতিযোগিতায় লড়বেন। এসব দেশের ঐতিহ্যবাহী নানা পদের সুস্বাদু খাবারের স্টল থাকবে। ভোজন রসিক মানুষ ইতিমধ্যে নানা দেশের খাদ্যের অর্ডার বুকিং করে রেখেছেন।
এ ছাড়া থাকছে চাইনিজ ড্রাগন ড্যান্স, ভিয়েতনামি ফ্যান ডান্সসহ বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন। বিজ্ঞপ্তি