বাংলাদেশের বন্যার্তদের পাশে
প্রতি বছরই মি. ক্যালভিন মণ্ডল তাঁর দুই মেয়ে ক্যাথরিনা ও খ্রীষ্টিনার জন্মদিনের উপহারের টাকায় বাংলাদেশে হতদরিদ্র বাচ্চাদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে থাকেন
ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সম্প্রতি বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এই কার্যক্রমের প্রথম পর্বে সংস্থার পক্ষ থেকে দিনাজপুর জেলার লক্ষীটোলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ দেওয়া হয়। কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন রেভা. জেমস বাড়ৈ।
সংস্থাটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তিনটি ফ্রি স্কুল পরিচালনা, বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের মাঝে বস্ত্র বিতরণ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। গত ৩ সেপ্টেম্বর মেহেরপুরের বল্লবপুরে অবস্থিত চার্চ অব বাংলাদেশ এর অ্যাডাল্ট হোমে সংস্থার পক্ষ থেকে বস্ত্র দেওয়া হয়। এর পরিচালনায় ছিলেন পনির মণ্ডল। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর সামবাতি, পটনীটোলা, নজিরপুর ও নওগাঁ জেলায় ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক-এর অর্থায়নে এবং বাংলাদেশ সোসাল সার্ভিস নামে একটি সংস্থার পরিচালনা ও তত্ত্বাবধানে বন্যার্তদের ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ২৩ সেপ্টেম্বর মোঘলহাট ও লালমনিরহাট জেলার ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক-এর অর্থায়নে ও রেভা. লাভলু এস, লেবিও’র তত্ত্বাবধানে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ২৫ সেপ্টেম্বর নীলফামারীর জলঢাকায় বন্যাদুর্গতদের মাঝে ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক-এর অর্থায়নে ও রেভা. জেমস বাড়ৈ তত্ত্বাবধানে বস্ত্র দেওয়া হয়।
মি. মণ্ডল বলেন, কিছু হৃদয়বান ব্যক্তি তাঁদের সহযোগিতার হাত প্রসারিত করেছেন, তা যত সামান্যই হোক না কেন তা আমাদের কাছে খুবই মূল্যবান ও অনেক বড় প্রাপ্তির।
জানা গেছে, প্রতি বছরই মি. ক্যালভিন মণ্ডল তাঁর দুই মেয়ে ক্যাথরিনা ও খ্রীষ্টিনার জন্মদিনের উপহারের টাকায় বাংলাদেশে হতদরিদ্র বাচ্চাদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে থাকেন। এটা প্রতিষ্ঠানের একটি নিয়মিত কার্যক্রম। এ ছাড়া বয়স্কদের কাপড়, বিভিন্ন হোমে অধ্যয়নরত কিছু ছেলেমেয়ের থাকা-খাওয়ার খরচ জোগান ও শীত বস্ত্র বিতরণ—সবই প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম বলে জানালেন সংস্থার প্রতিষ্ঠাতা মি. মণ্ডল।