বাংলাদেশের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন
বিগত বছরগুলোতে এমন ব্যাপক বন্যা বাংলার মানুষ আর প্রত্যক্ষ করেনি। মানুষ, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ বেশ অসহায় অবস্থার মধ্যে পড়েছে। এই অসহায়ত্ব থেকে তাদের রক্ষা করতে রংপুর জেলা অ্যাসোসিয়েশনের সদস্যরা এক সভার আয়োজন করেছিলেন। আবদুর রহমান বাবু, আমার দীর্ঘদিনের পুরোনো সহকর্মী। রংপুর হারাগাছের মানুষ। রংপুর জেলা অ্যাসোসিয়েশনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে কাজ করে চলেছেন। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল রাতে তাঁরা মিটিং করেছেন।
সভায় সর্বসম্মতিভাবে বানভাসি মানুষদের সাহায্য দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেনে খুব খুশি হয়েছি। বললাম, অসাধারণ একটি কাজে হাত দিয়েছেন, অভিনন্দন আপনাদের। বাবু ভাই একটু চুপ করে থেকে বললেন, কিন্তু একটু সমস্যা হয়েছে! সমস্যাটি জানতে চাইলে বললেন, আমরা সবাই অর্থ দেওয়ার ব্যাপারে একমত, কিন্তু সংগৃহীত অর্থ কোথায় কোথায় দেওয়া হবে, এ নিয়ে কিছুটা মতভেদ আছে। আলোচনায় সবাই নিজ নিজ এলাকার ক্ষয়-ক্ষতির ভয়াবহতা তুলে ধরে নিজ এলাকায় অর্থ দেওয়ার সুপারিশ করেছেন।
আমাকে হাসতে দেখে তিনি হেতু জানতে চাইলে বললাম, হাসছি আনন্দে! আপনি যেটিকে সমস্যা বলেছিলেন, সেটিই আমার আনন্দের কারণ। নিউইয়র্কের এত ব্যস্ত জীবনের মধ্যেও তাঁরা এলাকার খবর রাখেন, এলাকার মানুষের জন্য চিন্তা করেন, সত্যিই এটা আনন্দের বিষয়, খুশির বিষয়! প্রবাসের সব মানুষ যদি আপনাদের মতো এগিয়ে আসত, তাহলে খুব সহজেই আমরা এ বিপর্যয়গুলো সামলে নিতে পারতাম। আমাকে থামিয়ে দিয়ে তিনি বললেন, সমস্যার কথা যে বললাম, তার কী হবে?
একটু ভেবে নিয়ে বললাম, পুরো দেশ এখন বন্যাকবলিত। সারা দেশের সমস্যা আজ আমাদের সমস্যা। আমরা সবার জন্য কিছু করতে চাই, সবার জন্যই আমাদের মন কাঁদে! কিন্তু আমাদের অর্থ যে সীমিত। তাই সবাইকে বলবেন, আসুন আমরা আপাতত রংপুরকে নিয়ে ভাবি। রংপুরের বানভাসি মানুষের জন্যই আমরা সবাই অর্থ সংগ্রহ করি। এভাবে বললে, আমার বিশ্বাস বিষয়টি সবাই মেনে নেবেন এবং সমস্যার অবসান হবে। একটু দম নিয়ে আমি আবারও বললাম, আপনি নিশ্চয় আমার সঙ্গে একমত হবেন যে আমাদের দেশের প্রতিটি জেলার সংগঠন নিউইয়র্কে আছে। তারা সবাই যদি আজ আপনাদের মতো এগিয়ে আসে, তাহলে বানভাসি মানুষের দুঃখ-কষ্টের পরিমাণ অনেকাংশে লাঘব হবে।
তিনি মাথা নেড়ে সম্মতি জানিয়ে আরও বললেন, এখানকার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ব্যবসাপ্রতিষ্ঠানসমূহের সংগঠন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোকেও আজ এই বিপর্যয়ের সময় এগিয়ে আসতে হবে। বললাম, আপনি খুব চমৎকার বলেছেন। এক কাপ কফির মূল্য প্রায় তিন ডলার। আমাদের দেশের প্রায় ২৪০ টাকা। আমরা এই দুর্যোগ মুহূর্তে যদি একটু হিসেবি হই, তাহলে খুব সহজেই দেশের জন্য কিছু করা সম্ভব হবে।
আশা করি, ইনশা আল্লাহ, আগামী সাত দিনের মধ্যে বন্যা পরিস্থিতির প্রভূত উন্নতি হবে। কিন্তু এই বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সমন্বিত পুনর্বাসন পরিকল্পনা ও তার বাস্তবায়ন লাগবে। কারণ, বন্যার তোড়ে অনেক নদীর বাঁধ ভেঙে রোপা (রোয়া স্থানীয় ভাষায়) আমন খেত নষ্ট হয়েছে। এর প্রভাব পড়বে সামনের আশ্বিন-কার্তিক মাসে। সে জন্যই পুনর্বাসন পরিকল্পনা, যেটা এখনই দরকার। আর এর জন্য প্রয়োজন অর্থ। অন্যদিকে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে দেখা যাবে কলেরা, ডায়রিয়ার মতো আরেক মহামারি, যার মোকাবিলার জন্যও আরও অনেক টাকাপয়সার প্রয়োজন হবে।
এই অত্যন্ত জরুরি প্রয়োজন মেটানোর জন্য আমি প্রবাসের সব ভাইবোনের কাছে বিনীত অনুরোধ করছি, আসুন বানভাসি মানুষদের জন্য আমরা একটু সাহায্যের হাত বাড়াই। আমাদের একটু চেষ্টাতেই দেশের জন্য অনেক বড় উপকার ডেকে আনবে, মঙ্গল ডেকে আনবে।
আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে যাবে অনেক অসহায় প্রাণ।
আহম্মদ হোসেন বাবু, কুইন্স, নিউইয়র্ক।