বাংলাদেশের ভাগ্যহীন শিশুদের জন্য 'আগামী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আগামী’র সহায়তায় পরিচালিত একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলছে পাঠদান
‘আগামী’র সহায়তায় পরিচালিত একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলছে পাঠদান

বাংলাদেশের এই সব ভাগ্যাহত শিশু-কিশোরের জন্য, যাদের কোনো ভবিষ্যৎ স্বপ্নের অবকাশ নেই, তাদের অন্ধকার জীবনে আলো ছড়াতেই ‘আগামী’র বাংলাদেশে পদার্পণ, একবুক ভালোবাসা নিয়ে হাত বাড়িয়ে দেওয়া।
স্থানীয় ব্যক্তিদের ভাষায়, আগামী একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, একটি মমতাময়ী স্বপ্নের নাম, ভালোবাসাহীন দুস্থদের জন্য একমুঠো ভালোবাসার নাম! আগামী মূলত বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য একটি আশার আলো, ভালোবাসার ছোঁয়ায় প্রসারিত একটি হাত, তাদের টেনে তোলার জন্য।
ক্যালিফোর্নিয়ায় ২০০৩ সালে যে ছোট্ট সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল কয়েকজন সহৃদয় মানুষের ঐকান্তিক ইচ্ছা নিয়ে, তা দৃঢ় প্রত্যয় নিয়ে পেরিয়ে এসেছে বেশ কিছুটা সময়। পা রেখেছে, পরিবর্তন হয়েছে এর কাজের ব্যাপ্তিতে, এর চলার শক্তিতে, কল্যাণ ভাবনায় এবং কার্যক্রমের আঙ্গিকে। বাংলাদেশের দুস্থ শিশু-কিশোরদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দেওয়ার প্রত্যাশায় বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ সাফল্যের আলোয় আলোকিত। আগামীর সাউথ ইস্ট চ্যাপ্টারের সভাপতি ফারজানা সুলতানা ক্লারার ভাষ্য অনুযায়ী, এখন বাংলাদেশে তাঁদের ১৮টি প্রকল্প রয়েছে এবং এ পর্যন্ত ১০ হাজারের বেশি ছাত্রছাত্রীকে তাঁরা সাহায্য করতে সমর্থ হয়েছেন। তাঁদের বার্ষিক বাজেট হচ্ছে দুই লাখ ডলার এবং বাংলাদেশে এই ১৮টি প্রকল্পে এ পর্যন্ত তাঁদের সাহায্যের পরিমাণ ছিল এক মিলিয়ন ডলারেরও বেশি।
শুধু প্রাতিষ্ঠানিক পুঁথিগত শিক্ষাই নয়, বর্তমানের ডিজিটাল বিশ্বের প্রভাব, সময়ের দাবি এবং বাস্তবতার নিরিখে এই শিশু-কিশোরদের সমাজের ভবিষ্যৎ দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য রয়েছে তাঁদের বিশেষ শিক্ষা কার্যক্রম—বাংলা ভাষায় অনলাইন পোর্টাল ‘খান একাডেমি বাংলা’র মাধ্যমে।

ফারজানা সুলতানা
ফারজানা সুলতানা

আগামীর কথা এলেই ভেসে উঠবে ওয়াশিংটনের সবার পরিচিত একটি মুখ, আগামীর সাউথ ইস্ট চ্যাপ্টারের সভাপতি ফারজানা সুলতানা ক্লারার। ফারজানার আগামীর সঙ্গে যোগসূত্র স্থাপিত হয় ২০০৭ সালে। আগামীর সঙ্গে জড়িত হওয়ার পর তিনি পরিচালক, ফান্ড রাইজিং হিসেবে কাজ করেছেন তিন বছর। এরপর তিনি আগামীর বোর্ড সদস্য হিসেবে কাজ শুরু করেন। তিনি ওয়াশিংটন এলাকায় বসবাস করছেন ২০১১ সাল থেকে। তখন থেকেই এলাকার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সংগঠক এবং স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক নেতা ও ব্যক্তিত্বদের সঙ্গে তাঁর যোগাযোগ সৃষ্টি হতে থাকে।

এই প্রতিষ্ঠানের সহায়তা পাওয়া হাস্যোজ্জ্বল শিশু
এই প্রতিষ্ঠানের সহায়তা পাওয়া হাস্যোজ্জ্বল শিশু

দুই বছর আগে ২০১৫ সালে প্রথম ফান্ড রাইজিং প্রোগ্রাম করেছেন, দ্বিতীয় ফান্ড রাইজিং ছিল ২০১৬ সালে এবং গত বছর তাঁরা আয়োজন করেছিলেন একটি বাংলাদেশি সাড়া জাগানো চলচ্চিত্র (আয়নাবাজী) প্রদর্শনীর। এবার ফান্ড রাইজিংয়ের জন্য রয়েছে চ্যারিটি শোসহ আরও কিছু পরিকল্পনা এবং এ বছরের ২২ ও ২৩ জুলাই একটি মিনি ‘ফিল্ম ফেস্টিভ্যাল’ করার পরিকল্পনাও রয়েছে, যেখানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানসম্মত চলচ্চিত্রের প্রদর্শনী হবে বলে জানিয়েছেন ফারজানা সুলতানা ক্লারা।

এই প্রতিষ্ঠানের সহায়তা পাওয়া হাস্যোজ্জ্বল শিশু
এই প্রতিষ্ঠানের সহায়তা পাওয়া হাস্যোজ্জ্বল শিশু

সুলতানা ক্লারা বলেন, আগামী একটি সেবামূলক উন্নয়ন প্রয়াসী সংগঠন। নানা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের ভাগ্যহীন শিশু-কিশোরদের শিক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আগামী। শুধু শিক্ষাই নয়, ভবিষ্যতে তাদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবা এবং কারিগরি শিক্ষার পরিকল্পনাও রয়েছে আগামীর।
ফারজানা বলেন, ‘বাংলাদেশের সুবিধাবঞ্চিতদের জন্য আরও বেশি করে আমাদের সমাজের লোকেরা এগিয়ে আসুক সাহায্যের হাত বাড়িয়ে, আরও বেশি করে আমরা বাংলাদেশের অবহেলিতদের জন্য যেন কাজ করতে পারি—সেটাই প্রত্যাশা।’