বাংলাদেশের সংস্কৃতিকে চিত্রের মাধ্যমে তুলে ধরছেন আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলী
মোহাম্মদ আলী

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মোহাম্মদ আলী চিত্রকর্মের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরছেন। বাবার আদর্শে এবং পিতৃভূমির কৃষ্টি-কালচার তাঁর শিল্পকর্মের মূল উপজীব্য ও প্রেরণা। মুসলিম চিত্রশিল্পী হিসেবে পরিচয় দিতে তিনি গর্ববোধ করেন।
সম্প্রতি নিউইয়র্ক ভ্রমণকালে প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মোহাম্মদ আলী চিত্রশিল্পী হিসেবে তাঁর নানা অনুভূতির কথা জানান।
১৯৫৭ সালে বাংলাদেশের সিলেট অঞ্চলের ওযাহির আলী লন্ডনে যান। যুক্তরাজ্যের বার্মিংহামে ওযাহিরের ছেলে মোহাম্মদ আলীর জন্ম। চার ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি ২০০০ সালে বার্মিংহাম লেস্টার ইউনিভার্সিটি থেকে গ্রাফিক ডিজাইনে স্নাতক ডিগ্রি লাভ করেন।
আলী জানান, ছোটবেলা থেকে আর্ট ও ডিজাইনের প্রতি তাঁর বিশেষ ঝোঁক ছিল। তাই পরিবারের স্বাভাবিক পছন্দের বাইরে গিয়ে এ বিষয়ে লেখাপড়া করেন। বর্তমানে তিনি একজন পেশাদার শিল্পী। ২০০২ সাল থেকে তিনি চিত্রকর্মকে পেশা হিসেবে গ্রহণ করেন। তাঁর চিত্রকর্মের অন্যতম উদ্দেশ্য হলো স্বদেশিদের অতীত অন্বেষণ, সর্বোপরি পরিবর্তন ও সমৃদ্ধি সাধন করা।
বাংলাদেশি বংশোদ্ভূত এই চিত্রশিল্পী বলেন, ‘আমার বাবার মৃত্যুর পর আমি আমার শিকড়ের সন্ধানে ব্রতী হই। আমি আমার বাবার আদর্শের অনুসারী। আমি আমার শিকড়ের স্বীকৃতির প্রয়োজনীয়তা অনুভব করি। বাবার মৃত্যুর পর থেকেই আমি নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে শুরু করি। যদিও লন্ডনের টিভি চ্যানেল “এস” আমার সাক্ষাৎকার প্রচার করার আগে অধিকাংশ বাংলাদেশিই, এমনকি আমার পৈতৃক নিবাস সিলেটের বাসিন্দারাও জানতেন না, আমি মুসলিম, আমি বাংলাদেশি। এখন আমি বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বিশেষ করে, ৯/১১-এর পর থেকেই আমি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে শুরু করি।’

নিজের কোন বিশেষ কাজের জন্য গর্ববোধ করেন—এমন প্রশ্নের জবাবে আলী বলেন, ‘আমি যুক্তরাজ্যে বাংলাদেশি রেস্টুরেন্টের মালিক। কর্মী এবং বাংলাদেশিদের রেস্টুরেন্ট ব্যবসার সূচনা ও বিকাশের তথ্যপ্রমাণ সংগ্রহ করাকে নিছক কাজ নয়, বরং গবেষণামূলক কাজ হিসেবে বেছে নিয়েছি। আমার বাবার মৃত্যুর পর রেস্টুরেন্ট ব্যবসার বিভিন্ন দিক রং ও তুলি দিয়ে ধরে রাখাকে নৈতিক দায়িত্ব হিসেবে মনে করেছি। এগুলোকে হারিয়ে যেতে দেওয়া যায় না। এগুলো আমাদের প্রবাসজীবনের সাফল্যেরই দলিল-ইতিহাস। এগুলোকে ধরে রাখতে হবে অনাদিকাল।’
ব্রিটিশ আমলে একেবারে প্রথমে যুক্তরাজ্যে গমনকারী আজকের বাংলাদেশিদের পূর্বপুরুষেরা কেন এবং কীভাবে প্রবাসে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেছেন, কেমন প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়েছিলেন, আর কীভাবে সাফল্যের সোনার হরিণ তাঁদের হাতে ধরা দেয় ইত্যাদি তথ্য তিনি চিত্রকর্মের মাধ্যমে তুলে আনেন। রেস্টুরেন্টের আসবাবপত্র, বাসনপত্র, খাবারের মেন্যু, বর্তমানে খাবারের নমুনা, কর্মীদের পোশাক, চুক্তিপত্র, দলিল ইত্যাদি সংগ্রহ করে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত খুঁটিনাটি সংগ্রহ ও সংরক্ষণ এবং জীবিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে এ ব্যবসার ইতিহাসকে নতুন প্রজন্ম তথা বিশ্ববাসীর সামনে হাজির করছেন। পাশাপাশি চিত্রকর্মের মাধ্যমেও সেগুলোকে ধরে রাখার উদ্যোগ নিয়েছেন।
আলী বলেন, ‘বাংলাদেশি রেস্তোরাঁর মালিকেরা লন্ডনে যেসব খাবারকে মূলধারার ব্রিটিশদের মধ্যে জনপ্রিয় করেছেন, সেগুলোর শুরু, প্রচার, বিবর্তন, আধুনিকায়ন ও ব্রিটিশদের কাছে এগুলোর জনপ্রিয়তার শীর্ষে ওঠার ইতিহাসকে অঙ্কন ও সংগ্রহ এবং সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। এগুলো বাংলাদেশি রেস্তোরাঁর মালিক ও এর সঙ্গে জড়িত অসংখ্য কর্মকর্তা-কর্মচারীর প্রবাসে সৃষ্ট ইতিহাস। এগুলোর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং সময়ের বিবর্তনে এগুলোর গুরুত্ব আরও বাড়বে। তাই এগুলোকে বার্মিংহাম জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা করেছি।’
মোহাম্মদ আলী বলেন, ‘বাংলাদেশি রেস্তোরাঁর মালিক ও কর্মীরা মূলধারার ব্রিটিশ এমনকি যুক্তরাজ্যে বসবাসকারী অভিবাসী ব্রিটিশ নাগরিকদের খাবারের তালিকায় বাংলাদেশি খাবার ঢুকিয়ে দিয়েছেন। তাঁরা তাঁদের খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন। বাংলাদেশি খাবারের নামে কিছুটা নতুনত্ব এনেছেন। তাঁদের বাংলাদেশি খাবার, বিশেষত ডিশ চিকেন, চিকেন ভুনা, চিকেন টিকা, চিকেন মাশালা, চিকেন খুরমা, বিন্দালু, দোপেঁয়াজি, রোগ্যান জুস খেতে অভ্যস্ত করে ফেলেছেন। এগুলো এখন ব্রিটিশদের খাবারের অবিচ্ছেদ্য মেন্যু। আমাদের সংস্কৃতি তাঁদের ঘরে জায়গা করে নিয়েছে।’ এই চিত্রশিল্পী বলেন, ‘যুক্তরাজ্যে বাংলাদেশি রেস্তোরাঁ ইন্ডিয়ান রেস্তোরাঁ হিসেবে পরিচিত। বাস্তবে সেখানে বাংলাদেশি খাবার। বাংলাদেশিরা এখন লন্ডনের বড় বড় হোটেলের মালিক। এটা বিশাল ব্যবসা। ৭০০ কোটি ডলারের ব্যবসা। আমি তুলির আঁচড়ে বাংলাদেশিদের এ সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরছি।’
চিত্রকর হিসেবে নিজ পেশাকে কীভাবে নিচ্ছেন জানতে চাইলে ৩৯ বছর বয়সী এই শিল্পী বলেন, ‘ছোটকাল থেকেই এর প্রতি আকর্ষণ ছিল। তাই এ পেশা ভালো লাগবে না, এমন কথা বলা যাবে না। এ পেশায়ই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। এ নেশা ও পেশা আমার বাবার বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বময় ছড়িয়ে দিতে আমাকে অনুপ্রাণিত ও সাহায্য করছে। এর মাধ্যমেই আমি সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হতে পেরেছি।’
আলী বলেন, ‘সিএনএন, বিবিসির মতো বিশ্বের সেরা গণমাধ্যম আমার সাক্ষাৎকার নেয়। প্রচার করে। তারা আমাকে মুসলিম আর্টিস্ট হিসেবেই জানে। তারা আমার কাজের মূল্যায়ন করেই আমার কথা শুনতে চায়। শ্রোতাদের শোনাতে চায়। ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান আমাকে পুরস্কার দিয়ে সম্মানিত করে। ২০১৭ সালে লন্ডনের মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।’
আলী বলে চলেন, ইতিমধ্যে মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সুইডেন, আমেরিকা, পাকিস্তান, কেনিয়া, বাংলাদেশ, কাতার, নেদারল্যান্ডস, ভ্যাটিকানসহ পৃথিবীর ২০টির বেশি দেশে তাঁর চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে। আর্টের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, চিত্রশিল্প কেবল সাজসজ্জা নয়, শুধু শখও নয়। এর মাধ্যমে একটা জাতির অতীতকে তুলে আনা যায়। বর্তমানকে ধরে রাখা যায় আর ভবিষ্যতের রূপরেখাও আঁকা যায়।
তাঁর আইকন বা মডেল কে এমন প্রশ্ন করলে আলী বলেন, ‘মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। কারণ তাঁর চরিত্রে দৃঢ়তা, অধ্যবসায় এবং কঠোর কষ্টসহিষ্ণুতা ছিল, যা যেকোনো বড় কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আমি অনুপ্রেরণা পাই। তাঁর জীবনী পড়ে আমার মনেও বড় হওয়ার আত্মবিশ্বাস জন্মেছে। তবে আমেরিকার গ্র্যাফিটি আর্ট থেকেও অনুপ্রেরণা পাই।’
আলী বলেন, যুক্তরাজ্যের বার্মিংহামে ‘সোল সিটি আর্টস’ নামে তাঁর নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। তিনি অঙ্কন ও মুদ্রণের মাধ্যমে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁর ওপর ‘নাইটস অব দ্য রাজ’ নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন। নিউইয়র্কে আসা প্রসঙ্গে এই বরেণ্য শিল্পী বলেন, ‘আগেও আমি নিউইয়র্কে এসেছিলাম। আবার আসব। আমি ব্রিটেনে রেস্তোরাঁর ওপর যে কাজ করেছি, নিউইয়র্কসহ আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্যের রেস্তোরাঁ ব্যবসাকেও ঠিক একইভাবে তুলে ধরতে চাই।’
সন্তানদের তাঁর পেশায় আসা প্রসঙ্গে তিন সন্তানের জনক আলী বলেন, ‘এটি তাদের নিজস্ব ব্যাপার। আমার পক্ষ থেকে তাদের প্রভাবিত করার কিংবা নিষেধ করার কিছুই নেই। তারা তাদের পেশা নির্বাচনে একেবারেই স্বাধীন।’