বাংলাদেশের স্বাধীনতা দিবস ও অন্য বাংলাবোধের অভিযাত্রা
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্যাপনের তাৎপর্য কী? নিউইয়র্ক নগরী তো আর বাংলাদেশ ভূখণ্ডের অংশ নয় যে এখানকার সামগ্রিক সাংস্কৃতিকতায় এটা কোনো ভূমিকা রাখতে পারবে? কিন্তু বাংলাদেশি কমিউনিটির কাছে দিনটির তাৎপর্য খুবই গভীর ও গুরুত্বপূর্ণ হিসেবেই অনুভূত হয়! কারণ বাঙালির সচেতন আত্মসত্তার পরিচায়ক এই দিনটি। এই দিনেই বিশ্বের বুকে বাংলাদেশ নামে একটি জাতিরাষ্ট্রের উদ্ভব হয়েছিল। আর তা হয়েছিল বলেই নিজস্ব জীবনবোধ নিয়ে তারা বিশ্বের বুকে বিচরণ করে;, ব্রিটেনে, যুক্তরাষ্ট্রে, কানাডায়, অস্ট্রেলিয়ায় স্বাতন্ত্র্য একটি কমিউনিটি হিসেবে মাথা উঁচু করে বাঁচে। বাংলাদেশের মানুষের গৌরবের উল্লেখ দুনিয়ায় যেখানেই ঘটুক না কেন ভিন্ন ভিন্ন দেশের নাগরিক বাঙালিরই মাথা উঁচু হয়! সে কারণেই বাঙালিদের দাবিতে স্টেট অব নিউ ইয়র্কের এক্সিকিউটিভ চেম্বার ২৬ মার্চকে প্রক্লামেশন অব ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে দিনটিকে চিহ্নিত করে দিয়েছে।
এই রকম ভাবে আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ জাতিসংঘে প্রস্তাব করেছিল বলেই! বাংলাদেশের সাংস্কৃতিকতার প্রতিটি তরঙ্গ প্রবাস জীবনে বড় হয়ে অনুভূত হয়। এটা আমরা সবাই অনুভব করি। এভাবেই ভিন্ন দেশে বাস করে নিজ দেশের সাংস্কৃতিকতাকে ভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে যোগ যুক্ত করি। কিন্তু একটা হতাশা বাংলাদেশ থেকে সদ্য আসা প্রজন্ম অনুভব করে যে উত্তর প্রজন্ম তো বাংলায় কথা বলে না, তাদের অনেকটা জোর করেই বাংলা শেখাতে হয়। তাদের আশঙ্কা, ভাষাটাই যদি তারা ভুলে যায় তাহলে আর বাঙালিত্ব থাকল কোথায়? রক্ত অর্জিত বাংলাদেশের মূল হারানোর এই আশঙ্কার এই ভিত্তিও অমূলক নয়! কিন্তু আমরা লক্ষ্য করি নি যে বাংলা ভাষার চর্চা সেভাবে না তাদের করাতে না পারলেও আমাদের প্রজন্মের আন্তরিক আকুতি তাদের অন্তরে ভিন্নভাবে পৌঁছে যাচ্ছে। এই আকুতিরই নাম দিয়েছি আমি ‘অন্য বাংলাবোধ’। বাংলাদেশের বাইরের নাগরিকতায় বাংলাদেশকেন্দ্রিকতার বোধকেই ‘বাংলাবোধ’ শব্দটি দিয়ে অনুভব করতে চেয়েছি।
এই বাংলাবোধ যে উত্তর প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে তার দৃষ্টান্তও আমরা পেয়ে যাচ্ছি। এই তো মুক্তধারার নিউইয়র্ক বইমেলার অংশ হিসেবে যে শিশু-কিশোর মেলা হয় সেটিকেও এর দৃষ্টান্ত হিসেবে নিতে পারি। এবারের শিশু-কিশোর মেলার আহ্বায়ক ছিলেন নতুন প্রজন্মের একজন তরুণ। না, কেবল এই একজন তরুণের নেতৃত্বেই যে এটি অনুষ্ঠিত হয়েছে তা নয়, এর পরিকল্পনা ও সাংগঠনিকতার প্রতিটি পর্বই সম্পন্ন হয়েছে কিশোর-কিশোরীদের দ্বারা। আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে গত ১৭ মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিনে। পুরো আয়োজনটিতে বাংলাদেশের সাংস্কৃতিকতার সঙ্গে মার্কিনিতার এমন সমন্বয় ঘটেছে যে প্রবীণেরা প্রত্যেকেই ছিলেন উল্লসিত। তাঁদের মনে হয়েছে আমাদের সাংস্কৃতিকতা বিদেশেও নিজদেশ গড়তে পারবে! এই বোধটিরইতো উদ্ভব উৎস বাংলাদেশের স্বাধীনতা দিবস! স্বাধীনতা দিবস এভাবেই প্রবাসেও বাংলাবোধের অভিযাত্রার প্রেরণাকে জাগিয়ে তোলে!