বাইডেনকে ওয়াশিংটন পোস্টের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জো বাইডেন
ছবি: রয়টার্স

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। জো বাইডেনকে সমর্থন জানিয়ে ২৮ সেপ্টেম্বর ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় বোর্ড একটি মতামত প্রকাশ করেছে। এ নিয়ে ওয়াশিংটন পোস্ট, ফোর্বস ও দ্য হিলসহ মার্কিন গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে।

ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় বোর্ড বাইডেনকে সমর্থন জানিয়ে লেখা মতামতে বলেছে, ‘আগামী চার বছর জাতি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তা মোকাবিলা করার জন্য সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন যোগ্য প্রার্থী।’

মতামতে বলা হয়েছে, প্রথম দফায় ক্ষমতা গ্রহণ করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু অর্জন থাকলেও, দ্বিতীয় দফা নির্বাচনের জন্য তাঁর কোনো এজেন্ডা নেই। ক্ষমতাসীনদের অবহেলা ও ইচ্ছাকৃতভাবে যেসব চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় বাইডেন বেশ যোগ্য।

বাইডেনকে সমর্থন জানিয়েছে ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় বোর্ড
ছবি: সংগৃহীত

ওয়াশিংটন পোস্টের মতামতে আরও বলা হয়েছে, এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো করোনাভাইরাস মহামারি মোকাবিলা, বর্ণবৈষম্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৭১ লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। আর এতে মৃত্যু হয়েছে দুই লাখের বেশি মানুষের।

ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় বোর্ড বলছে, ‘এসব চ্যালেঞ্জকে এক সঙ্গে মোকাবিলা দূরের কথা, এর একটিও মোকাবিলার সামর্থ্য মার্কিন গণতন্ত্রের বর্তমানে আছে কিনা, সেই প্রশ্নটি এখন বড় হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দেশের অনেক ক্ষতি করে ফেলেছেন। এ ক্ষেত্রে বাইডেনই এই মুহূর্তে সবচেয়ে যোগ্য। তিনিই মার্কিন সরকারের সম্মান ও যোগ্যতা পুনরুদ্ধার করতে পারবেন।