বাইডেনকে ভোট দিলে চাকরির বাজার সংকুচিত হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অটো ওয়ার্কারদের উদ্দেশ করে বলেছেন, বাইডেনকে ভোট দিলে বিদেশিদের স্বার্থ রক্ষা হবে এবং চাকরির বাজার সংকুচিত হবে। বাইডেন একজন দুর্বল প্রার্থী।
২৭ আগস্ট রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।
ডেট্রয়েটসহ সব অটো মেকারদের প্রতি সমর্থনের কথা ব্যক্ত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা চুক্তিতে স্বাক্ষর করে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করায় চাকরির বাজার প্রসারিত হবে। দেশের অনেক মানুষ চাকরি পাবেন। আমরা সব সময় আগে দেশের কথা, দেশের মানুষের চাকরির কথা চিন্তা করি।
যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা চুক্তিতে স্বাক্ষর করে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করায় চাকরির বাজার প্রসারিত হবে
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, মিশিগানের ডেট্রয়েটসহ আরও বেশ কিছু শহর ডেমোক্রেটিক দলের মেয়র দ্বারা পরিচালিত। ওই সব শহরে সহিংস অপরাধ বেশি পরিলক্ষিত হয়। তিনি বলেন, জো বাইডেন ৪৭ বছর ধরে শুধু শ্রমিকদের অনুদান নিয়েছেন।
মিশিগানের ভোটারদের নিজ নিজ পক্ষে নেওয়ার জন্য রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টি দুই দলই মরিয়া
মিশিগানের ভোটারদের নিজ নিজ পক্ষে নেওয়ার জন্য রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টি দুই দলই মরিয়া। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অপ্রত্যাশিতভাবে খুব অল্প ভোটের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প মিশিগানে জয়লাভ করেছিলেন। তাঁরা সেই জয় এবারের নির্বাচনেও ধরে রাখতে চান। অন্যদিকে মিশিগান হচ্ছে ডেমোক্রেটিক পার্টির ঘাঁটি। তাঁরা এবার মিশিগানে হারানো জয় ফিরিয়ে আনতে সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে।