বাইডেনকে ভোট দেবেন রিপাবলিকান জাতীয় কমিটির সাবেক প্রধান
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের জাতীয় কমিটির সাবেক চেয়ারম্যান মাইকেল স্টিল।
২০ অক্টোবর এনবিসি নিউজে মাইকেল স্টিলের একটি উপসম্পাদকীয় লিখেছেন। ওই লেখায় তিনি জো বাইডেনের প্রতি তাঁর সমর্থনের কথা জানিয়ে বলেছেন, তিনি একজন রক্ষণশীল আমেরিকান ও রিপাবলিকান। আসছে ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে তিনি ভোট দেবেন।
রিপাবলিকান দলের জাতীয় কমিটিতে প্রথম কৃষ্ণাঙ্গ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মাইকেল স্টিল।
ব্যক্তিগত উদ্যোগ ও ফ্রি এন্টারপ্রাইজ যুক্তরাষ্ট্রের জনগণের ক্ষমতায়নের মূল চালিকা শক্তি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন জনগণের এ চালিকা শক্তি অর্জনে ব্যর্থ হয়েছেন। রিপাবলিকান দল তার মূল চেতনা থেকে সরে এসেছে এবং একজন ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়েছেমাইকেল স্টিল, রিপাবলিকান দলের জাতীয় কমিটির সাবেক চেয়ারম্যান
উপসম্পাদকীয়তে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও রিপাবলিকান দলের মূল্যবোধের কথা উল্লেখ করে মাইকেল স্টিল বলেন, ব্যক্তিগত উদ্যোগ ও ফ্রি এন্টারপ্রাইজ যুক্তরাষ্ট্রের জনগণের ক্ষমতায়নের মূল চালিকা শক্তি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন জনগণের এ চালিকা শক্তি অর্জনে ব্যর্থ হয়েছেন। রিপাবলিকান দল তার মূল চেতনা থেকে সরে এসেছে এবং একজন ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়েছে।
মাইকেল স্টিল আরও বলেন, জো বাইডেনের সঙ্গে তাঁর মতের বিশাল পার্থক্য রয়েছে। মার্কিন সমাজে যে ক্ষত সৃষ্টি হয়েছে, মাইকেল স্টিল আশা করেন নির্বাচিত হয়ে সে ক্ষত নিরাময়ে জো বাইডেন সাহায্য করবেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে নয়, জো বাইডেনকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
আফ্রিকান-আমেরিকান মাইকেল স্টিল ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি রিপাবলিকান দলের জাতীয় কমিটির প্রধান ছিলেন। রিপাবলিকান দলের ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ, যিনি জাতীয় দলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।