বাইডেনকে সর্বোচ্চ বেসামরিক সম্মান দিলেন ওবামা
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সহযোগী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম সম্মানে ভূষিত করেছেন। এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক খেতাব।
প্রেসিডেন্ট ওবামা এ সম্মান অর্পণের সময় ‘স্বদেশবাসীর ওপর আস্থা, দেশের প্রতি ভালোবাসা ও দেশের জন্য আজীবন সেবার’ জন্য ভাইস প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করেন। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ পদক দেওয়ার সময় বাইডেনের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং তাঁর কার্যালয়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
মেয়াদ শেষে ওবামা ও বাইডেন দুজনেরই হোয়াইট হাউস ত্যাগের প্রাক্কালে সম্মানিত হলেন ভাইস প্রেসিডেন্ট। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের।
সম্মান গ্রহণের সময় জো বাইডেনকে বেশ আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। দৃশ্যতই তিনি এ ঘোষণায় বিস্মিতও ছিলেন। তাঁকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম খেতাব দেওয়া হয়েছে বিশেষ মর্যাদাসহ (ডিসটিংকশন)। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে খুব কম ব্যক্তিত্বকেই এ বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আছেন পোপ দ্বিতীয় জন পল।