বাইডেনের অধীনে অস্থির যুক্তরাষ্ট্রের ভয় দেখাচ্ছে রিপাবলিকানরা
ডেমোক্রেটিক দলের জাতীয় কনভেনশনের পর গতকাল সোমবার থেকে শুরু হয়েছে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে কনভেনশনের উদ্বোধন করা হয়। সবার আলোচনার কেন্দ্রে ছিলেন জো বাইডেন। বিশেষত নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্রের অবস্থা কতটা ‘ভয়াবহ’ হবে, তা তুলে ধরতেই আলোচনার বড় অংশ ব্যয় করেন নেতৃবৃন্দ।
রিপাবলিকান কনভেনশনে দলটির নেতৃবৃন্দ বারবার করে একটি কথাই বলেছেন, জো বাইডেন নির্বাচনে জয়ী হয়ে হোয়াইট হাউসে এলে যুক্তরাষ্ট্রকে তিনি সমাজতন্ত্রের পথে চালিত করবেন। এতে যুক্তরাষ্ট্রে অস্থিরতা বাড়বে।
সব মিলিয়ে জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্রের এক ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে রিপাবলিকান দলের কনভেনশনে। দিনের শুরুতে নর্থ ক্যারোলাইনার শার্লোৎ-এ দলীয় প্রতিনিধিদের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখেন। এতে তিনি কোনো প্রমাণ ছাড়াই বলেন, ডেমোক্র্যাটরা নির্বাচন লুট করার চেষ্টা করছে। ট্রাম্প বলেন, ‘নির্বাচন লুটের জন্য তারা (ডেমোক্র্যাটরা) কোভিড-১৯-কে ব্যবহার করছে। তারা আমেরিকানদের ভাঁওতা দিতে চাইছে।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে অনুষ্ঠিত ডেমোক্রেটিক দলের কনভেনশনকে ‘ম্লান’ বলে আখ্যা দিয়েছেন রিপাবলিকান নেতারা। তাঁদের লক্ষ্য ছিল এর বিপরীতে একটি জাঁকজমকপূর্ণ সম্মেলন আয়োজনের, যা সবাইকে উজ্জীবিত করবে। মজার বিষয় হলো, তাদের সম্মেলনের প্রথম দিনের পুরো সময়ে আলোচনার কেন্দ্রে ছিল ডেমোক্রেটিক দল। আরও ভালো করে বললে ডেমোক্রেটিক দল ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের কী হবে, তা-ই ছিল মূল আলোচনা।
সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক কিম্বারলি গিলফয়েল বলেন, ‘আমাদের যা কিছু অর্জন, যা কিছুকে আমরা আপন বলে জানি, তার সবকিছুকেই তারা ধ্বংস করে দেবে। আমাদের দেশকে তারা শেষ করে দেবে। তারা আমাদের স্বাধীনতাকে লুট করতে চায়। আপনারা যা দেখেন, শোনেন, বোঝেন ও ভাবেন এবং যা কিছু বিশ্বাস করেন, তার সব তারা নিয়ন্ত্রণ করতে চায়।’
যুক্তরাষ্ট্র বর্তমানে এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। করোনাভাইরাস মহামারির কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা ক্ষমতাসীন রিপাবলিকানদের জন্য অস্বস্তিকর। এরই মধ্যে দেশটির ১ লাখ ৭৬ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে। কোটি কোটি লোক কাজ হারিয়েছে। আর এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বভাবসুলভ নানা বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। করোনার ঘোর বিপদের মধ্যে দাঁড়িয়ে তিনি দিয়েছেন নানা ভুলভাল তথ্য। বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে অদ্ভুত সব বিবৃতি হাজির করেছেন প্রতিনিয়ত। ফলে এই পুরো সময়েই ৭৭ বছর বয়সী জো বাইডেন থেকে ৭৪ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে পড়েছেন।
ডেমোক্রেটিক দলের কনভেনশনের পর ট্রাম্প থেকে বাইডেন এগিয়ে গেছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত সেই সম্মেলনে ডেমোক্র্যাটরাও অবশ্য ডোনাল্ড ট্রাম্পের অধীনে আরও চার বছর থাকলে যুক্তরাষ্ট্রের কী হবে, তা তুলে ধরতেই সবচেয়ে বেশি সময় ব্যয় করেছেন। উভয় দলই প্রতিদ্বন্দ্বী পক্ষের দুর্বলতা তুলে ধরতেই বেশি তৎপর থেকেছে।
ডেমোক্রেটিক দলের কনভেনশনে সাংবাদিক ও শীর্ষ নেতাদের সরাসরি উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।
রিপাবলিকান কনভেনশনের পুরোটাই ধরতে গেলে ছিল ভার্চুয়াল। ওয়াশিংটন ডিসির মিলনায়তনে সুনসান নীরবতার মধ্যেই বক্তব্য রাখতে হয় নেতাদের। ডোনাল্ড ট্রাম্প তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরেন। বিশেষত মিনিয়াপোলিসে পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েডের নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠা যুক্তরাষ্ট্রের পরিস্থিতির কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলার বিষয়টিও পরিষ্কার করা চেষ্টা করেন। তাঁর মূল লক্ষ্য ছিল গত চার বছরে রিপাবলিকান দল থেকে মুখ ফিরিয়ে নেওয়া নারীদের আস্থা অর্জন।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে হওয়া বিক্ষোভের সময় বিভিন্ন সহিংসতার কথা তুলে ধরে বলেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে তারা তাদের এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে কাউকেই নিরাপদ রাখতে পারবে না।
রিপাবলিকান কনভেনশনে বাইডেন ও কামালা হ্যারিসকে সরাসরি আক্রমণ করা হয়। বলা হয়, বাইডেনের নেতৃত্বে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাবে। তাঁরা দুজন বামপন্থীদের হাতের পুতুলে পরিণত হবেন। বাইডেন এলে পুলিশ প্রশাসনের জন্য অর্থ বরাদ্দের পরিমাণ কমিয়ে দেবেন। যদিও বাইডেন স্বয়ং এ ধরনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আগেই।
এদিকে কনভেনশনের মধ্যেই প্রশ্ন উঠেছিল ডাকযোগে ভোটের বিষয়টি নিয়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাকযোগে ভোটের বিরোধিতা করছেন আগে থেকেই। এমনকি এ ক্ষেত্রে বাধা হিসেবে ডাক বিভাগের বরাদ্দ পর্যন্ত কমানো হয়। ডাকযোগে ভোট নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে, এভাবে জালিয়াতির আশঙ্কা প্রবল। কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডাকযোগে ভোট অনেক আগে থেকেই প্রচলিত, যেখানে জালিয়াতির তেমন কোনো অভিযোগ নেই।
করোনাভাইরাস মহামারির এই সময়ে ভোট দেওয়ার এই বিকল্প পদ্ধতিটিই মুখ্য হয়ে উঠেছে। ফলে এই পদ্ধতিকে বিতর্কিত করে ট্রাম্প নির্বাচনকেই বিতর্কের মধ্যে ফেলে দিতে চাইছেন বলে অভিযোগ ডেমোক্র্যাটদের।
রিপাবলিকান কনভেনশন মাত্র শুরু হলো। প্রথম দিনেই দলটি নিজেদের কৃষ্ণাঙ্গ ও অভিবাসী অতীত রয়েছে এমন নেতাদের সামনে আনার চেষ্টা করেছে। ট্রাম্প প্রশাসনের গায়ে সেঁটে যাওয়া বর্ণবাদী ও অভিবাসনবিরোধী তকমাটি দূর করতেই এই প্রয়াস। তবে দু-একজন নেতাকে সামনে এনে এই অভিধা ঘোচানো যাবে না বলেই মনে হয়। এ জন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা ও তার প্রস্তাব উপস্থাপন। চার দিনের এ সম্মেলন শেষেই বোঝা যাবে রিপাবলিকান দল শেষ পর্যন্ত কী অবস্থান নেয়।