বাইডেনের অভিষেক আয়োজনে থাকছেন প্রথম টিকা পাওয়া নার্স
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে দেখানো হবে দেশটিতে করোনার টিকা পাওয়া প্রথম ব্যক্তি নিউইয়র্কের স্যান্ড্রা লিন্ডসেকে। তিনি নিউইয়র্কের কুইন্সে লং আইল্যান্ড জুইশ মেডিকেল সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) নার্স।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানের প্রাইম টাইমে স্যান্ড্রা লিন্ডসেকে নিয়ে টেলিভিশনে ‘সেলিব্রেটিং আমেরিকা’ শিরোনামে বিশেষ অনুষ্ঠান হবে।
১৭ জানুয়ারি বাইডেনের অভিষেক কমিটি হ্যাশট্যাগ দিয়ে টুইট বার্তায় জানিয়েছে, ‘অভিষেক অনুষ্ঠান এমনভাবে সাজানো হয়েছে, যার কোনো কিছুই আপনি মিস করতে চাইবেন না।’
প্রতিবেদনে আরও বলা হয়, স্যান্ড্রা লিন্ডসে ছাড়াও ওই অনুষ্ঠানে পাওয়ার ফাইভ বনফারেন্স ফুটবল গেমে অংশ নেওয়া প্রথম নারী সারাহ ফুলার ও ভার্জিনিয়ার ইউপিএস চালক অ্যান্থনি গাসকিনকেও দেখানো হবে।
‘সেলিব্রেটিং আমেরিকা’ শিরোনামে ৯০ মিনিটের বিশেষ এই টেলিভশন অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বাইডেনের টিভি শোর উপস্থাপক বিখ্যাত অভিনেতা টম হ্যাংকস।
প্রেসিডেন্টের অভিষেক কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি অ্যালেন এক বিবৃতিতে বলেন, ‘গত বছর আমরা অসংখ্য সম্মুখ সারির যোদ্ধার সাক্ষী হয়েছি। তাঁরা আমাদের নায়ক। নিজে জীবনের ঝুঁকি নিয়ে মার্কিনদের সেবা দিয়ে চলেছেন। অভিষেক আয়োজনের বিশেষ ওই অনুষ্ঠানে আমরা ওই সব নায়কের গল্প বলেছি, তাঁদের আলো ছড়িয়ে দিয়েছি। প্রাইম টাইমে এই অনুষ্ঠান দেখানো হবে।’