বাইডেনের জনপ্রিয়তা দ্রুত কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: এএফপি

ক্ষমতা গ্রহণের আট মাসের মাথায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা দ্রুত নিচের দিকে নামছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে লেজেগোবরে অবস্থা ছাড়াও অন্যান্য বিষয়েও যুক্তরাষ্ট্রের লোকজন বাইডেনের ওপর আস্থা হারাচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির সময় ভুলে বাইডেনকে নিয়ে মার্কিন জনগণের যে আশাবাদ তৈরি হয়েছিল, তা মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে। ফলে ডেমোক্রেটিক পার্টিসহ মার্কিন উদারনৈতিক মহল দুশ্চিন্তায় পড়েছে।

গত জুনে জাতীয় জনমত জরিপে বাইডেনের ওপর আমেরিকার ৫৪ শতাংশ লোকজনের আস্থা রয়েছে বলে দেখা যায়। এরপর প্রতি মাসেই জনমত জরিপে তাঁর জনপ্রিয়তার হার কমেছে। আগস্টের শেষ দিকে এসে তাঁর প্রতি জনগণের আস্থা ৪৭ শতাংশের নিচে নেমে গেছে।

২০ বছরের আফগান যুদ্ধের অবসানের ঘোষণা দিয়ে যুদ্ধবিরোধী মার্কিনিদের বাহবা পেয়েছিলেন বাইডেন। কিন্তু আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে চরম অব্যবস্থাপনার দৃশ্য সামনে আসে। এ নিয়ে বাইডেনের দলেই তীব্র সমালোচনা হচ্ছে।

গত বৃহস্পতিবার কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনা নিহত হন। বলা হচ্ছে, এ ঘটনা প্রেসিডেন্ট বাইডেনের ওপর জনগণের আস্থায় চিড় ধরিয়েছে।

মার্কিন সেনাদের পরিবারসহ সাধারণ জনগণ বর্তমান পরিস্থিতির জন্য বাইডেনকে দোষারোপ করছে। এমন প্রেক্ষাপটে গতকাল শনিবার প্রেসিডেন্ট বাইডেন সতর্ক করে বলেছেন, কাবুলে আবার জঙ্গি হামলা হতে পারে।

মার্কিন সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ‘আফগান বোঝা’ সরছে না বলে এখন মনে করছে আমেরিকার লোকজন। যুক্তরাষ্ট্রকে নতুন করে জঙ্গি মোকাবিলা করতে হতে পারে বলে মার্কিন জনগণের মনে এক অজানা আতঙ্ক ভর করেছে।

শুধু আফগান পরিস্থিতিই নয়, যুক্তরাষ্ট্রে মহামারি মোকাবিলায় সরকারের ব্যর্থতার দায়ও এখন প্রেসিডেন্ট বাইডেনের কাঁধে এসে পড়তে শুরু করেছে।

ট্রাম্প ক্ষমতায় থাকাকালে করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থ হয়েছেন বলে অধিকাংশ আমেরিকান রায় দেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বাইডেন মহামারি মোকাবিলাকেই তাঁর প্রথম অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেন। তিনি ঘোষণা দিয়েছিলেন যে ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের আগেই ৭০ শতাংশ লোকজনকে টিকার আওতায় নিয়ে আসা হবে। কিন্তু তাঁর এ লক্ষ্য অর্জিত হয়নি।

উল্টো যুক্তরাষ্ট্রে এখন নতুন করে করোনার ডেলটা ধরনের সংক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬ লাখ ৩২ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। স্বাস্থ্যসেবীদের আশঙ্কা, বছর শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রে করোনায় আরও এক লাখ মানুষের মৃত্যু হতে পারে। ফলে মহামারি মোকাবিলা নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা হচ্ছে।

ক্ষমতা গ্রহণের পর মানবিক অভিবাসনব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন বাইডেন। কিন্তু এ ক্ষেত্রেও গত আট মাসে কার্যকর কিছু হয়নি। উপরন্তু দক্ষিণের সীমান্ত দিয়ে বাঁধভাঙা জোয়ারের মতো যুক্তরাষ্ট্রে অভিবাসীর প্রবাহ বেড়েছে। আর এখন আফগানিস্তান থেকে বিশেষ ভিসায় অনেক লোকজনকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হচ্ছে।

অপর দিকে ট্রাম্পের আমলের কঠিন অভিবাসন নিয়ম সহজ করায় রক্ষণশীলরা বাইডেনের প্রচণ্ড বিরোধিতায় নেমেছে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বাইডেন যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দিয়েছেন। ফলে যুক্তরাষ্ট্রে অপরাধী ও নথিপত্রহীন লোকজন ঢুকছে। এতে আমেরিকার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

আমেরিকার কর্মজীবীদের জন্য দেওয়া বর্ধিত বেকার ভাতার মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এরপর কয়েক লাখ মানুষের বেকার ভাতা বন্ধ হয়ে যাবে। মার্কিন সুপ্রিম কোর্ট ভাড়াটেদের উচ্ছেদের ওপর বর্তমান প্রশাসনের নিষেধাজ্ঞা বহাল রাখেননি। এমন অবস্থায় ভাড়া দিতে না পারা লোকজনকে কঠিন বাস্তবতা মোকাবিলা করতে হবে। ফলে অনেকের গৃহহীন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

বহুমুখী সমস্যার চাপে প্রেসিডেন্ট বাইডেনের জন্য সময়টা বড্ড খারাপ হয়ে উঠেছে। সার্বিক বিষয়ে দ্রুততার সঙ্গে কিছু একটা করতে না পারলে আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ভরাডুবি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।