বাইডেনের জ্বালানি মন্ত্রী হচ্ছে মিশিগানের সাবেক গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার গ্রানহাম
ছবি ফেসবুকের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শনিবার তাঁর নতুন মন্ত্রিসভার জ্বালানি বিভাগের মন্ত্রী হিসেবে মিশিগানের সাবেক গভর্নর জেনিফার গ্রানহামের নাম ঘোষণা করেছেন। ডেলাওয়্যারে গতকাল জেনিফারসহ তাঁর প্রশাসনে কাজ করবেন, এমন ছয়জনকে পরিচয় করিয়ে দেন বাইডেন।

জেনিফারকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বাইডেন বলেন, ‘তিনি আমার একজন ভালো বন্ধু, পরিবেশ ও জ্বালানি বিভাগের সদস্যরা মেধাবী, যোগ্য ও পরীক্ষিত। আগের যেকোনো সময়ের চেয়ে প্রশাসনে, মন্ত্রিসভায় আমিই সবচেয়ে বেশি নারী সদস্য নিয়োগ দিয়েছি।’

পরিচিতি অনুষ্ঠানে তাঁকে জ্বালানি দপ্তরের মন্ত্রী করায় ও তাঁর প্রতি আস্থা রাখায় বাইডেন ও কমলা হ্যারিসকে ধন্যবাদ জানান জেনিফার। বলেন, আসছে বছরগুলোতে দেশ ও গাড়ি কোম্পানিগুলো বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি তৈরিতে ট্রিলিয়ন ডলার খরচ করবে এবং সেখানে লাখ লাখ কর্মসংস্থানের সৃষ্টি হবে।

৬১ বছর বয়সী জেনিফার বলেন, চার বছর বয়সে মা–বাবার সঙ্গে তিনি কানাডা থেকে এখানে অভিবাসী হিসেবে এসেছিলেন। তিনি একজন রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষাবিদ, লেখক ও রাজনৈতিক ভাষ্যকার। তিনি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মিশিগানের গভর্নর ছিলেন। ২০১৭ সালে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সিএনএনে রাজনৈতিক ভাষ্যকার হিসেবে যোগ দেন।

জো বাইডেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। তাই জ্বালানির উৎস বিশেষ করে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে কার্বন নিঃসরণ কমাতে হবে। এ ব্যাপারে জেনিফারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিগত দিনে তিনি দেশের জ্বালানি শিল্পকে কীভাবে তেল, গ্যাস ও কয়লা নির্ভরতা থেকে বায়ু ও সৌর জ্বালানিতে রূপান্তরিত করা যায় তার ওপর কাজ করেছেন।

জেনিফারের সঙ্গে কাজ করেছেন এমন একজন ক্যালিফোর্নিয়ার বার্কলে ইউনিভার্সিটির অধ্যাপক ড্যান কামম্যান বলেন, জ্বালানি দপ্তরে তাঁর নিয়োগ অসাধারণ ও অভাবনীয়। কারণ তিনি প্রযুক্তি বোঝেন, কীভাবে বড় এজেন্সি চালাতে হয়, তিনি জানেন। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা নির্বাচিত হওয়ার পর তাঁকে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের দায়িত্ব দেওয়ার কথা বিবেচনা করা হয়েছিল।

সে সময় জেনিফার বলেছিলেন, এ পদে অনেক মেধাবী বাঘা বাঘা প্রার্থী রয়েছেন। আমি শ্রদ্ধার সঙ্গে তাদের নামের তালিকায় আমার নামটাও যুক্ত করতে চাই।