বাইডেনের জয়কে সহজ মনে করছেন ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়কে এখন অনেকটাই সহজ মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। প্রেসিডেন্ট পদে জয় পেতে ২৭০ ইলেকটোরাল ভোট তাঁর প্রয়োজন। ২০১৬ সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন যেসব অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন, জো বাইডেনকে সেসব অঙ্গরাজ্যে জয় পেতে হবে। সঙ্গে সুইং স্টেট হিসেবে পরিচিতি লাভ করা তিনটি অঙ্গরাজ্যে জয় পেলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাততাড়ি গোটাতে হবে।
২০১৬ সালে হিলারি ক্লিনটন ২০টি অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন। যুক্তরাষ্ট্রের জনমিশ্রনে এসব অঙ্গরাজ্যে ঐতিহ্যগতভাবেই ডেমোক্র্যাট-প্রধান। ২০১৬ সালে ডেমোক্রেটিক দলের প্রার্থীর হেরে যাওয়া অঙ্গরাজ্যগুলোর মধ্যে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্য পুনরুদ্ধার করতে হবে। সমর্থকেরা মনে করেন, সবচেয়ে সরল এ হিসেবের মধ্য দিয়েই বাইডেন ৩ নভেম্বরের নির্বাচনে জয়ী হতে পারেন।
২০১৬ সালের নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের তুলনা করে বলা যায়, ডেমোক্র্যাটদের ভোট কমার কোনো কারণ নেই। ডেমোক্র্যাট প্রধান রাজ্যগুলোতে কোনো বিপর্যয়ের চিন্তাও দলের সমর্থকদের মধ্যে নেই। উপরন্তু দেখা যাচ্ছে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্যে বাইডেন জনমত জরিপে এগিয়ে রয়েছেন। ২০১৬ সালে মিনেসোটা অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী। এবারের প্রচারের শুরুতে সেখানে ডেমোক্র্যাটদের চ্যালেঞ্জের মুখে পড়ার কথা শোনা গিয়েছিল। সর্বশেষ জরিপে মিনেসোটা, ওহাইও ও আইওয়া অঙ্গরাজ্যে দুই প্রার্থীর অবস্থান প্রায় সমান সমান দেখা যাচ্ছে।
২০১৬ সালে ডেমোক্রেটিক দলের প্রার্থীর হেরে যাওয়া অঙ্গরাজ্যগুলোর মধ্যে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্য পুনরুদ্ধার করতে হবে। সমর্থকেরা মনে করেন, সবচেয়ে সরল এ হিসেবের মধ্য দিয়েই বাইডেন ৩ নভেম্বরের নির্বাচনে জয়ী হতে পারেন
জাতীয়ভাবে জনমত জরিপে ট্রাম্প থেকে প্রায় ১০ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন জো বাইডেন। মার্কিন রাজনৈতিক মানচিত্র দেখলে মোট ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২১টি চিহ্নিত রিপাবলিকান অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট ১৬৩টি। আর ১৭টি চিহ্নিত ডেমোক্র্যাট অঙ্গরাজ্যে ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া মিলে ইলেকটোরাল ভোট রয়েছে ২২১টি। এই হিসাব প্রায় নিশ্চিত। এসব অঙ্গরাজ্যের ভোটের হিসাবে কোনো হেরফের হবে বলে কেউ মনে করে না।
বাকি থাকে ১২টি অঙ্গরাজ্য, যেখানে রয়েছে ১৬১টি ভোট। এগুলো হলো অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মিশিগান, মিনেসোটা, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, পেনসিলভানিয়া ও উইসকনসিন। এর মধ্যে আটটি অঙ্গরাজ্যকে প্রায় সব সংবাদমাধ্যমই সুইং স্টেট হিসেবে আখ্যা দিয়েছে, যেখানে রয়েছে ১২৫টি ইলেকটোরাল ভোট।
ইলেকটোরাল ভোটের বণ্টন দুটি অঙ্গরাজ্য ছাড়া সবগুলোতেই ‘উইনারস টেকস অল’ নীতি মেনে চলে। ব্যতিক্রম হচ্ছে মেইন ও নেব্রাস্কা, যেখানে এই ভোট কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট অনুযায়ী ভাগ হয়ে যায়। জনমত জরিপে দেখা যাচ্ছে, নেব্রাস্কার দ্বিতীয় নির্বাচনী ডিস্ট্রিক্টে বাইডেন এগিয়ে। অন্যদিকে মেইন অঙ্গরাজ্যের দ্বিতীয় নির্বাচনী ডিস্ট্রিক্টে এগিয়ে আছেন ট্রাম্প।
তবে ট্রাম্প পেনসিলভানিয়ায় জয় পেলে তাঁর নির্বাচনের একটা সম্ভাবনা আছে ইলেকটোরাল কলেজের হিসেবে। ২০১৬ সালে ট্রাম্প ৩০৬ ভোট পেয়েছিলেন। প্রয়োজন ছিল ২৭০ ভোটের। এবার পিছিয়ে থাকায় ছোটখাটো অঙ্গরাজ্যে হারলেও পেনসিলভানিয়ায় জয় পাওয়া ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মিশিগানের ১৬টি ও উইসকনসিনের ১০টি ভোট হারালেও কোনো কোনো বিশ্লেষণে বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ২৮০টি ইলেকটোরাল ভোটে জয় পাওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। যদিও অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, নর্থ ক্যারোলাইনা, ওহাইও—এমনকি টেক্সাসের সর্বশেষ জনমত জরিপ রিপাবলিকান শিবিরের চরম উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসছে দুই সপ্তাহে নির্বাচনী মাঠে কতটা পরিবর্তন হবে—সেদিকেই এখন দৃষ্টি সবার।