বাইডেনের ড্রাগ টেস্টের দাবি জানাবেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লিভল্যান্ডের ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে ২৯ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের সরাসরি বিতর্ক করার কথা রয়েছে
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কের আগে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের ড্রাগ টেস্ট করার দাবি জানাবেন। ডেমোক্রেট দলের প্রাইমারিতে বার্নি স্যান্ডার্সের সঙ্গে বাইডেন হঠাৎ করেই ভালো বিতর্ক করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সন্দেহ, ড্রাগ নিয়ে বাইডেন তাঁর দক্ষতা বাড়িয়েছেন।

আগামী ২৯ সেপ্টেম্বর ক্লিভল্যান্ডের ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের সরাসরি বিতর্ক করার কথা রয়েছে।

২৬ আগস্ট হোয়াইট হাউসে ওয়াশিংটন এক্সামিনার নামে একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেছেন। যদিও প্রাইমারি বিতর্কের আগে জো বাইডেন ক্রীড়াবিদদের মতো দক্ষতা বৃদ্ধির কোনো ড্রাগ গ্রহণ করেছেন বলে প্রমাণ উপস্থাপন করেননি ট্রাম্প। বাইডেন হঠাৎ করেই বিতর্কে ভালো করায় এ নিয়ে ডোনাল্ড ট্রাম্প সন্দেহে পড়েছেন।

আগামী বিতর্কের আগে আমরা বাইডেনের একটা ড্রাগ টেস্ট করার আহ্বান জানাব। কারণ স্বাভাবিক অবস্থায় জো বাইডেন এমন দক্ষ বিতর্ক কোনোভাবেই করতে পারেন না
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ডেমোক্রেট দলের প্রাইমারিতে জো বাইডেন সব মিলে ১১টি বিতর্কে যোগ দেন। অধিকাংশ বিতর্কই ছিল জনাকীর্ণ। গত ১৫ মার্চ বার্নি স্যান্ডার্সের সঙ্গে দলীয় প্রাইমারিতে শেষ বিতর্ক করেন জো বাইডেন। স্যান্ডার্সের মতো ঝানু প্রার্থীর সঙ্গে বাইডেন এ বিতর্কে চমৎকার দক্ষতা দেখিয়েছেন বলে মনে করা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বাইডেনের আগের সব বিতর্ক খারাপ ছিল। কেউ মনেই করেনি জো বাইডেন প্রাইমারিতে জয় লাভ করবেন। ট্রাম্প বলেন, স্যান্ডার্সের সঙ্গে বাইডেন ভালো বিতর্ক করতে পেরেছিলেন। আগামী বিতর্কের আগে আমরা বাইডেনের একটা ড্রাগ টেস্ট করার আহ্বান জানাব।

বার্নি স্যান্ডার্সের সঙ্গে সেরা বিতর্ক করার মধ্য দিয়ে জো বাইডেন উইনস্টন চার্চিল হয়ে যাননি, কারণ তিনি তা নন—এ কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ওটা সাধারণ বিরক্তিকর বিতর্ক ছিল। ওই বিতর্কের পর আশ্চর্যজনক কিছু ঘটেনি। এরপরও আমরা ড্রাগ টেস্ট করার আহ্বান জানাব। কারণ স্বাভাবিক অবস্থায় জো বাইডেন এমন দক্ষ বিতর্ক কোনোভাবেই করতে পারেন না বলে ট্রাম্প মনে করেন।

প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁর বক্তব্য পরিষ্কার করতে অনুরোধ করা হলে তিনি বলেন, দেখা যায় জো বাইডেন বিতর্কে সব সময় অযোগ্য ছিলেন। হঠাৎ করে বার্নি স্যান্ডার্সের সঙ্গে বিতর্কে তিনি দক্ষ হয়ে উঠলেন কীভাবে? এ কারণেই বিতর্কের আগে ড্রাগ টেস্টের আহ্বান জানাচ্ছেন ট্রাম্প।

সমর্থকেরা মনে করেন সরাসরি বিতর্কে জো বাইডেনকে ধরাশায়ী করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প। অপর পক্ষকে নানা কথা বলে উত্তেজিত করতে তাঁর জুড়ি নেই। রাজনৈতিকভাবে সঠিক নয়, এমন কথা বলে মঞ্চ গরম করার দক্ষতা ডোনাল্ড ট্রাম্পের আছে

সবকিছুই নিজের অনুমান উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি সব সময় ভালো অনুমান করতে পারেন। কার কাছে এমন ড্রাগ টেস্টের আবেদন জানাবেন তা নিয়ে কিছু বলেননি তিনি।

সমর্থকেরা মনে করেন সরাসরি বিতর্কে জো বাইডেনকে ধরাশায়ী করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প। অপর পক্ষকে নানা কথা বলে উত্তেজিত করতে তাঁর জুড়ি নেই। রাজনৈতিকভাবে সঠিক নয়, এমন কথা বলে মঞ্চ গরম করার দক্ষতা ডোনাল্ড ট্রাম্পের আছে।

অপরদিকে একজন পরিশীলিত রাজনীতিক হিসেবে জো বাইডেন বিষয়ভিত্তিক কথা বলেন।