বাইডেনের নাগরিক প্রণোদনায় অর্থনীতি চাঙা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের এবারের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ মার্কিন অর্থনীতির জন্য ভিন্নভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর ফলে অর্থনীতিতে দ্রুত চাঞ্চল্য ফিরে আসবে এবং মার্কিন জনজীবনে দ্রুত আর্থিক স্বাভাবিকত্ব ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।

২০২০ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর ব্যাপক সংক্রমণ শুরু হয়। এর প্রভাবে মার্কিন অর্থনীতি নজিরবিহীন বিপর্যয়ে পড়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দফা প্রণোদনা প্রদান করেন। ট্রাম্পের প্রণোদনা ছিল পরিস্থিতির দ্রুত সামাল দেওয়া। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসেই ভিন্ন লক্ষ্য নিয়ে নতুন প্রণোদনার উদ্যোগ নিয়েছেন। করোনাভাইরাসের প্রকোপ থেকে মার্কিন অর্থনীতিকে রক্ষা করতে প্রেসিডেন্ট জো বাইডেনের এই ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্রস্তাব কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে।

দেশের মৃতপ্রায় অর্থনীতিকে চাঙা করতে প্রেসিডেন্ট বাইডেন স্বল্প আয়ের মানুষদের প্রতি আরও বেশি সাহায্যের হাত প্রসারিত করেছেন। চলমান সময়ে একেবারেই কর্মহীন এবং অর্থনৈতিক অনগ্রসর জনগোষ্ঠীকে লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে বর্তমান প্রণোদনা প্যাকেজটি।

গত এক বছরে যাদের বড় আয়ের চাকরি ব্যাহত হয়নি, আয় এবং সঞ্চয়ে যাদের ব্যত্যয় ঘটেনি—এমন উচ্চ আয়ের লোকজনকে খুব একটা অন্তর্ভুক্ত করা হয়নি নতুন এই প্রণোদনা প্যাকেজে

প্রেসিডেন্ট বাইডেনের বৃহৎ এই প্রণোদনা প্যাকেজ ৬ মার্চ সিনেটে পাস হয়েছে। কিছুদিনের মধ্যে এটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য যাবে।

গত এক বছরে যাদের বড় আয়ের চাকরি ব্যাহত হয়নি, আয় এবং সঞ্চয়ে যাদের ব্যত্যয় ঘটেনি—এমন উচ্চ আয়ের লোকজনকে খুব একটা অন্তর্ভুক্ত করা হয়নি নতুন এই প্রণোদনা প্যাকেজে। প্রেসিডেন্টের কাছে এটি কেবল একটি প্রণোদনা প্যাকেজ নয়। এটি তাঁর অর্থনৈতিক চিন্তা এবং এ সংক্রান্ত গৃহীত পরিকল্পনার একটি ঘোষণা। দীর্ঘদিন থেকেই ডেমোক্র্যাট এবং উদারনৈতিক নেতারা অর্থনীতিকে চাঙা করতে দেশের তৃণমূল জনগোষ্ঠীকে আর্থিক সাহায্য দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছিলেন।

এ ক্ষেত্রে এবারের প্রণোদনায় বাইডেনের নেওয়া পন্থা, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভিন্ন। ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৭ সালে আয়কর সংকোচন করে অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছিলেন। তাঁর সেই প্যাকেজ মূলত বড় বড় করপোরেশন এবং দেশের ধনাঢ্য ব্যক্তিদের সাহায্য করেছিল।

‘আমেরিকা উদ্ধার পরিকল্পনা’ নামে বাইডেনের গৃহীত এই প্যাকজটিতে স্বল্প আয়ের আমেরিকানদের গত বছরের প্রণোদনার চেয়ে আরও বেশি নগদ অর্থ সরাসরি প্রদান করা হবে। এটা এমন একটি সময়ে আসছে, যখন নানা পরিসংখ্যানে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে রমরমা ভাব শুরু হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে।

৬ মার্চ সিনেটে এই প্রণোদনা প্যাকেজটি পাস হয়েছে
ফাইল ছবি: রয়টার্স

প্যাকেজটিতে ব্যবসা প্রতিষ্ঠানের ওপরে ব্যক্তি মানুষের প্রতি প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। নারী এবং সংখ্যালঘু জনগোষ্ঠীকে সাহায্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ মহামারির সময়ে অর্থনৈতিকভাবে এসব লোকজনই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দারিদ্র্য বিমোচনে এই নীতিটি নিকট ইতিহাসের সবচেয়ে কার্যকরী একটি আইন বলে ভবিষ্যদ্বাণী করেছেন গবেষকেরা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দারিদ্র্য এবং সামাজিক নীতি কেন্দ্রের ধারণা, এই পরিকল্পনার ফলে অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে যাদের শিশু সন্তান রয়েছে, তাঁদের জন্য বর্ধিত ট্যাক্স ক্রেডিট দেওয়া হচ্ছে। ফলে এ জনগোষ্ঠীর মধ্যে দারিদ্র্য ২৫ শতাংশের বেশি কমিয়ে আনতে সক্ষম হবে।

প্রেসিডেন্ট বাইডেনের প্রণোদনা প্রস্তাবে কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় আগের প্রণোদনার মতোই গুরুত্ব দেওয়া হয়েছে। কোভিড-১৯ সংক্রমণ রোধ এবং টিকার ক্ষেত্রে প্রেসিডেন্ট বাইডেনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ ক্ষেত্রে স্থানীয় সরকারসহ স্বাস্থ্য বিভাগের জন্য অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রণোদনায় অনগ্রসর জনগোষ্ঠীকে কোনো বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। অর্থনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বাইডেনের প্রণোদনা আইন মহামারিতে বিপর্যস্ত হয়েছেন এমন লোকজনসহ অর্থনৈতিক ঝুঁকিতে থাকা অনগ্রসর লোকজনকে লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে। এতে কর্মজীবীদের শিশু দেখভাল করার জন্য বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া সামাজিক নিরাপত্তার খাত—যেমন ফুড স্ট্যাম্প, শিশু খাদ্যের জন্য অনুদানসহ স্বাস্থ্য সেবায় অতিরিক্ত অনুদান ঘোষণা করা হয়েছে।

নিম্ন আয়ের লোকজনের জন্য ঘোষিত প্রণোদনা সুবিধা এ মাসের মধ্যেই মার্কিন জনগণের কাছে পৌঁছাতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। অল্প বা মধ্য আয়ের লোকজনের কাছে ১৪০০ ডলার নগদ পাঠানো হবে

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্মজীবীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করার প্রয়াস নিয়েছিলেন। ঘণ্টায় ১৫ ডলার করে ন্যূনতম মজুরি বৃদ্ধির জন্য ট্রাম্পের প্রয়াস সে সময় সিনেটে গৃহীত হয়নি। প্রেসিডেন্ট বাইডেন নতুন প্রণোদনা আইনে চেষ্টা করেছেন ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার করার। তাঁর এ উদ্যোগটিও সিনেটে পাড়ি দিতে পারেনি। ফেডারেল আইনের মধ্যমে এমন মজুরি বৃদ্ধি নিয়ে মার্কিন রক্ষণশীলদের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে। এ নিয়ে অর্থনীতিবিদদের মধ্যেও মতপার্থক্য রয়েছে। ফেডারেল আইনের মাধ্যমে দেশে ন্যূনতম মজুরি বৃদ্ধি না করে জীবনযাত্রার ব্যয়ের দিকে লক্ষ্য রেখে রাজ্য পর্যায়ে মজুরি নির্ধারণের পক্ষে রক্ষণশীলরা। নিউইয়র্কসহ বেশ কিছু ব্যয়বহুল রাজ্যে এর মধ্যেই ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার করা হয়েছে। অন্য রাজ্যেও এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মার্কিন ক্ষুদ্র ব্যবসায়ী এবং চেম্বার অব কমার্স মনে করে, এমন উদ্যোগ বর্তমান সময়ে দেশের অর্থনীতিকে সুবিধা দেবে। ব্যবসা-বাণিজ্য অতিরিক্ত কোনো চাপে পড়বে না।

নিম্ন আয়ের লোকজনের জন্য ঘোষিত প্রণোদনা সুবিধা এ মাসের মধ্যেই মার্কিন জনগণের কাছে পৌঁছাতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। অল্প বা মধ্য আয়ের লোকজনের কাছে ১৪০০ ডলার নগদ পাঠানো হবে। এ অর্থসহ অন্যান্য প্রণোদনা সুবিধা পাওয়ার পর অল্প আয়ের লোকজন আবার কেনাকাটা শুরু করবে। পুরো অর্থই মার্কিন অর্থনীতিতে ঘুরতে থাকবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।