বাইডেনের ব্যঙ্গাত্মক স্টিকারের রহস্য কী
একটা ব্যঙ্গাত্মক স্টিকার অনেক কথাই বলতে পারে। যুক্তরাষ্ট্রে কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে বাইডেনের এমন কিছু ব্যঙ্গাত্মক স্টিকার। এসব স্টিকার শোভা পাচ্ছে মূলত গ্যাসস্টেশনগুলোতে।
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এতে হু হু করে বেড়ে গেছে জ্বালানি ও গ্যাসের দাম। বিশেষ করে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় গাড়িচালকদের অনেকেই ক্ষুব্ধ। তাঁদেরই কেউ কেউ দেশটির বিভিন্ন গ্যাস পাম্পে জো বাইডেনের স্টিকার লাগিয়ে দিয়েছেন।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এ স্টিকারে বাইডেনকে দুহাত তুলে বলতে দেখা যাচ্ছে, ‘এটা আমি করেছি।’ গ্যাসের দাম দেখানোর স্ক্রিনের কাছে বাইডেনের ওই স্টিকার সেঁটে দেওয়ার বিষয়টি ইতিমধ্যে দেশটির বিভিন্ন গণমাধ্যমের নজরে এসেছে। কেউ কেউ বলতে শুরু করেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় ফিরিয়ে আনা হোক।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, গ্যাসোলিনের আকাশছোঁয়া দামের পাশে জো বাইডেনের আঙুল দেখানো স্টিকার নিউইয়র্ক সিটিসহ দেশের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে।
নিউইয়র্কের আপার ওয়েস্ট সাইডের বাসিন্দা হ্যারল্ড ফ্রস্ট (২৯) বলেন, ‘বাইডেন ক্ষমতায় আসার পর থেকে তিনি কী করছেন আমি সবকিছু জানি। তাঁর এ সময়ে সবকিছুই নিম্নগামী। ট্রাম্পকে ক্ষমতায় ফেরত আনুন।’
হ্যারল্ড আরও বলেন, ‘গ্যাস পাম্পের বাইরে প্রায় এক সপ্তাহ আমার গাড়ি দাঁড়িয়ে। আমি ট্রেনে চলাচল করছি। কিন্তু এখন ট্রেনে চলাচল করাও বিপজ্জনক। আপনাকে সতর্ক থাকতে হবে।’
বাইডেনের যেসব স্টিকার পাম্পগুলোতে লাগানো হচ্ছে, সেগুলোর ১০০টির দাম ৮ মার্কিন ডলার। এগুলো আমাজন ওয়েবসাইটে পাওয়া যায়। ব্রডওয়ের একটি পাম্পে এ ধরনের স্টিকার লাগানো দেখে সেখানে থাকা কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছে নিউইয়র্ক পোস্ট।
ভিনসেন্ট উইলিয়ামস (২৯) নামের এক ব্যক্তি বলেন, ‘আমি ডেমোক্র্যাটদের পক্ষে নই। তারা মনে করে যে তারা সংখ্যালঘু লোকদের সমর্থন পাচ্ছে, কিন্তু বাস্তবে তারা কেবল নিজেদের জন্যই এসব করছে।’ উইলিয়ামস বলেন, ‘তিনি ট্যাংকে কেবল ১৫ মার্কিন ডলারের জ্বালানি নিতে পারবেন। কিন্তু এতে তিনি তাঁর কাঙ্ক্ষিত পরিমাণ তিন গ্যালন জ্বালানি পাবেন না। কারণ, দাম অনেক বেড়ে গেছে।’
ব্রুকলিনের বাসিন্দা মেয়র মেলেন্দেজ (২০) বলেন, তাঁর গাড়ির জ্বালানি ভরতে অন্য খাত থেকে বাজেট কমাতে হবে। ৪৭ মার্কিন ডলার খরচ করে তাঁর ট্যাংকের অর্ধেক ভরতে পেরেছেন।
শনিবার পর্যন্ত ম্যানহাটানে নিয়মিত এক গ্যালন গ্যাসের গড় দাম ছিল ৪ দশমিক ৭৮ ডলার ও জাতীয়ভাবে দাম ৪ দশমিক ৩২ মার্কিন ডলার। স্টিকার লাগিয়ে ব্যঙ্গ করার বিষয়টি একেবারে নতুন নয়। গত বছর থেকে গ্যাসের দাম বাড়তে শুরু করলে এ ধরনের স্টিকার জনপ্রিয় হতে শুরু করে।
বাইডেন প্রশাসন ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটি থেকে জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করেছে। তবে কিছু সমালোচক বলছেন, বাইডেন তাঁর জ্বালানি নীতির কারণে তেল ও গ্যাসের দাম বাড়িয়েছেন।
অবশ্য গ্যাস স্টেশনের ব্যবস্থাপকেরা এ ধরনের স্টিকার পছন্দ করেন না। আলাবামার এক ব্যবস্থাপক এবিসি নিউজকে বলেছেন, এ ধরনের স্টিকার লাগাতে হলে নিজের গাড়িতে লাগান। অন্যের ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করবেন না।
এদিকে এ ধরনের রাজনৈতিক স্টিকারে বিক্রেতাদের পোয়াবারো। অটোমোটিভ অ্যানার্কি নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা হাভিয়ের এস্ত্রাদা বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে স্টিকার বিক্রি বেড়ে গেছে। দৈনিক ৮০টির বেশি ফরমাশ আসছে তাঁর কাছে।