বাইডেনের যোগাযোগ পরিচালক পদত্যাগ করছেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যোগাযোগবিষয়ক পরিচালক কেট বেডিংফিল্ড পদত্যাগ করছেন। স্থানীয় সময় গত বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।
বাইডেন প্রশাসনের বিবৃতিতে বলা হয়, কেট চলতি মাসের শেষ দিকে তাঁর পদ ছাড়বেন। স্বামী ও সন্তানদের বেশি সময় দিতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রন ক্লেইন বলেন, বাইডেনের দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট থাকাকালে, তাঁর নির্বাচনী প্রচারকালে, তাঁর হোয়াইট হাউসে আসার পর, প্রেসিডেন্টের যা অর্জন তার সবকিছুতেই কেট ব্যাপক ভূমিকা রাখেন।
কেট সম্পর্কে ক্লেইন আরও বলেন, তাঁর কৌশলগত বুদ্ধিমত্তা, প্রেসিডেন্টের অ্যাজেন্ডার প্রতি তাঁর গভীর অনুরাগ, কাজের প্রতি তাঁর যে একাগ্রতা, তা অতুলনীয়।
যুক্তরাষ্ট্রে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনের আগে বাইডেন প্রশাসনের কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা পদত্যাগ করেছেন। এই তালিকায় সবশেষ যুক্ত হতে যাচ্ছে কেটের নাম।
বিভিন্ন ইস্যুতে বাইডেনের কৌশল নিয়ে কংগ্রেসের ডেমোক্র্যাট নেতারা হতাশা প্রকাশ করছেন।
সম্প্রতি পদত্যাগ করা বড় মাপের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বাইডেনের জরুরি সাড়াবিষয়ক পরিচালক মাইক গোয়েন ও প্রেস সেক্রেটারি জেন সাকি। বাইডেন প্রশাসন ছেড়েছেন—এমন ব্যক্তিদের মধ্যে ছোট পদের কর্মকর্তারাও আছেন।
তবে ব্যতিক্রম চিত্রও দেখা গেছে। প্রায় এক বছর পর এক জ্যেষ্ঠ উপদেষ্টা আবার হোয়াইট হাউসে ফিরেছেন।