বাইডেনের রানিংমেট হচ্ছেন কোন নারী

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী জো বাইডেনের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদে কে প্রার্থী হচ্ছেন, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। গত মার্চে সংবাদমাধ্যমকে বাইডেন বলেছিলেন, তিনি যদি ডেমোক্র্যাট দলের প্রাইমারিতে জয়ী হন, তবে রানিংমেট হিসেবে একজন নারীকে বেছে নেবেন। গত ৩০ এপ্রিল বাইডেন ৪ সদস্যের একটি বাছাই কমিটি করেছেন। ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট পদে কাকে প্রার্থী করা যায়, সে ব্যাপারে কমিটি তাঁকে পরামর্শ দেবে।
সিএনএন, ইউএসএ টুডেসহ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ২ মে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী খুঁজতে বাছাই কমিটি এই মুহূর্তে ডজনেরও বেশি নারী প্রার্থীকে বিবেচনায় রাখছে, যাঁদের মধ্যে একাধিক কৃষ্ণাঙ্গ নারীও রয়েছেন।
সম্ভাব্য প্রার্থী হিসেবে এই মুহূর্তে যাঁদের নাম আলোচনায় আছে তাঁরা হচ্ছেন, জর্জিয়ার সাবেক হাউস মাইনরিটি লিডার স্টেসি আব্রাহামস, ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস, মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার, ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন, মিনেসোটা সিনেটর অ্যামি ক্লাবুচার, নিউইয়র্কের সিনেটর ক্রিস্টেন জেলিব্রেন্ড, নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশা প্রমুখ।
এলিজাবেথ ওয়ারেন: রাজনীতিবিদ, আইনজীবী, লেখক ও সিনিয়র সিনেটর। ম্যাসাচুসেটস সিনেটর এলিজাবেথ ওয়ারেন একজন প্রগতিশীল হিসেবে পরিচিত। তাঁর বিভিন্ন নীতি, আগ্রহ ও দক্ষতার জন্য ইতিমধ্যেই তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। সিনেটর এলিজাবেথ ওয়ারেন এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁকে বাইডেনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার আহ্বান জানানো হলে তিনি সানন্দেই রাজি হবেন।
স্টেসি আব্রাহামস: জর্জিয়ার স্টেসি আব্রাহামস আরেকজন সম্ভাব্য প্রার্থী, যিনি একজন আইনজীবী, রাজনীতিবিদ ও লেখক। তিনি আফ্রিকান-আমেরিকান ভোটার ও প্রগতিশীল ভোটারদের মধ্যে আগ্রহ তুলতে পারবেন বলে মনে করা হয়। বাইডেনের সাথি হওয়ার ব্যাপারে কয়েক সপ্তাহ ধরে আলোচনায় আছেন। তিনি একটি ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি বাইডেনের সঙ্গে একজন দুর্দান্ত রানিংমেট হব। ২৫ বছর ধরে বিদেশ নীতিমালার ব্যাপারে গবেষণা করছি।’
গ্রিচেন হুইটমার: অভিজ্ঞ মহলের মতে, এ দৌড়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন মিশিগান রাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার। করোনা দুর্যোগে প্রেসিডেন্ট ট্রাম্পসহ রাজ্যের রিপাবলিকানদের অসহযোগিতা সত্ত্বেও তিনি রাজ্যের হাল খুব শক্তভাবে ধরেছেন এবং এ পর্যন্ত খুব ভালোভাবেই সামলে যাচ্ছেন। দেশের মধ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যায় নিউইয়র্ক ও নিউজার্সির পর তৃতীয় অবস্থানে রয়েছে মিশিগান। রাজ্যে চিকিৎসা সরঞ্জাম পিপিই, ভেন্টিলেটর, মাস্ক, পরীক্ষার কিট অপ্রতুল থাকা সত্ত্বেও সুন্দরভাবে পরিস্থিতি সামলে তিনি দেশব্যাপী প্রশংসিত হয়েছেন।
কমলা হ্যারিস: আইনজীবী, রাজনীতিবিদ। ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস যদি ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন পান, তবে তিনি হবেন এই পদে প্রথম এশিয়ান-আমেরিকান প্রার্থী। তিনি ইতিমধ্যে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদে দলীয় প্রাইমারিতে প্রতিযোগিতা করে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেছেন।
অ্যামি ক্লাবুচার: আইনজীবী, রাজনীতিবিদ ও সিনিয়র সিনেটর। মিনেসোটায় সিনেট নির্বাচনে তাঁর রেকর্ড চিত্তাকর্ষক; ভূমিধস বিজয় অর্জন করেছিলেন নির্বাচনে। তিনি তাঁর কর্মীদের কাছে খুবই জনপ্রিয়।
ক্রিস্টেন জেলিব্রেন্ড: আইনজীবী, রাজনীতিবিদ ও লেখক ক্রিস্টেন জেলিব্রেন্ড ২০০৯ সাল থেকে নিউইয়র্কের সিনেটর। নিউইয়র্কের এই সিনেটর সিনিয়র মেম্বার অব দ্য আর্মড সার্ভিস কমিটির হয়ে বিভিন্ন মিলিটারি ইস্যুতে ফোকাস করে যাচ্ছেন বছরের পর বছর।
মিশেল লুজান গ্রিশাম: আইনজীবী, রাজনীতিবিদ। নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম যদি ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন, তবে দেশের একমাত্র ল্যাটিন গভর্নর হিসেবে এক বৈচিত্র্য যুক্ত হবে নির্বাচনে।
এ ছাড়া নেভাদার সিনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো, ফ্লোরিডার রিপ্রেজেনটেটিভ ভ্যাল ড্যামিংস, উসকনসিনের সিনেটর ট্যামি ব্যাল্ডউইনের নাম আলোচনায় রয়েছে।