
করোনাভাইরাসে আতঙ্কিত বিশ্বে সবচেয়ে প্রভাবশালী দেশ আমেরিকায় এই মুহূর্তে সবচেয়ে সুখী মানুষের নাম জো বাইডেন। এই তো মাত্র গত মঙ্গলবারও ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি বা প্রাথমিক বাছাইয়ে জিতলেন ফ্লোরিডা অঙ্গোজ্যে। আমেরিকার একটি প্রভাবশালী অঙ্গরাজ্য হিসেবে ধরা হয়
ফ্লোরিডাকে। একই দিনে জয় এসেছে আরিজোনাতেও। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী বাছাইয়ের প্রাইমারিতে বাইডেনের জয় এখন প্রায় নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
বাইডেন তাঁর রাজনৈতিক কৌশল দিয়ে ঘায়েলের চেষ্টা করেছেন প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে। ১৫ মার্চ সিএনএনে ডানা ব্যাশের সঙ্গে বিতর্কে তাঁর এক ঘোষণা তো তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। করোনা নিয়ে আলোচনা তুঙ্গে না থাকলে হয়তো এটাই হতো জাতীয় গণমাধ্যমের শিরোনাম। ডেমোক্র্যাট পার্টির প্রাইমারি নির্বাচনে জয়ী হলে বাইডেন তাঁর রানিং মেট হিসেবে একজন নারীকে বেছে নেবেন বলে ঘোষণা দিয়েছেন। যদি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান, তবে সেই নারী হবেন ভাইস প্রেসিডেন্ট।
ডেমোক্র্যাট পার্টিতে দুটি ধারা স্পষ্টত দৃশ্যমান। একটি প্রগতিশালী ধারা, যারা বাইডেনের সমার্থক; অন্যটি অতি প্রগতিশালী বা সমাজতান্ত্রিক ধারা-যারা বার্নি স্যান্ডার্সকে সমর্থন করছেন। বাইডেনের সমর্থকেরা গতবার প্রাইমারিতে হিলারি ক্লিনটনকে সমর্থন করে তাঁকে প্রাইমারিতে জিতিয়ে আনে। দলে এখনো হিলারির একটি বিরাট সমর্থন আছে। যাদের অনেকেই নারী বা নারীবান্ধব। তাদের পাশে চাইছেন বাইডেন। প্রাইমারিতে জেতার পর যখন ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন, তখন স্যান্ডার্সের সমর্থকদের পাশে চাইছেন। যাতে তারা ট্রাম্পকে ভোট না দেয় কিংবা ভোটদানে বিরত না থাকে।
তাঁর রানিং মেট ভিন্ন লিঙ্গের হতে পারে—বাইডেন শুধু এমনটি বলেননি, ভিন্ন রেসের কথাও বলেছেন। এমন কেউ হবেন যাকে বাইডেন বিশ্বাস করতে পারেন। এখন চারদিকে জল্পনা–কল্পনা শুরু হয়ে গেছে—কে হতে পারেন তিনি? প্রথমেই এসেছে কমলা হ্যারিসের নাম। আমেরিকার নির্বাচনে যে ছয়জন নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন, তিনি তাদের একজন। তবে বহু আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন কমলা। সর্বশেষ নাম প্রত্যাহার করেন ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন। কমলা হ্যারিস ইতিমধ্যে বাইডেনের পক্ষে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা এর আগে তাঁর অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ছিলেন। গত জানুয়ারিতে কমলা হ্যারিসের প্রশংসায় বাইডেন লেছিলেন,‘প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার যোগ্যতা তাঁর আছে।’ অবশ্য একটা ব্যাপার হলো, কমলা হ্যারিস না থাকলেও ক্যালিফোর্নিয়ায় জিততে বাইডেনের খুব বেশি বেগ পেতে হবে না। কারণ এখানে বরাবরই ডেমোক্র্যাটরা জেতে।
এলিজাবেথ ওয়ারেন ও কমলা হ্যারিস ছাড়াও আরও যে কয়জন প্রেসিডেন্ট প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছিলেন, তারা হলেন-মিনাসোটার সিনেটর অ্যামি ক্লোবুচার, নিউইয়র্কের সিনেটর কারস্টেন গিলব্র্যান্ড ও লেখক ম্যারিয়ন উইলিয়ামসন। এঁদের মধ্যে বাইডেনের রানিং মেট হওয়ার উজ্জল সম্ভাবনা রয়েছে মিনোসোটার সিনেটর ভ্যান ক্লোবুচারের। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট চাইছেন যে, কালোদের মধ্যে কেউ থাক তার পাশে। এতে তাঁর পক্ষে কৃষ্ণাঙ্গদের ভোট আদায় সহজ হবে। তদুপরি একটি উদার দল হিসেবে কেউ বলতে পারবে না, ডেমোক্রেটিক পার্টি থেকে শ্বেতাঙ্গরাই শুধু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প স্যালি ইয়েটস নামে যে মহিলাকে ফায়ার করেছিলেন, তার কথা মনে আছে? উনিও হতে পারেন সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত দুজন নারী বড় দল থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন, ১৯৮৪ সালে গেরালডিন ফেরেরো ডেমোক্র্যাট পার্টি থেকে ও ২০০৮ সালে সারাহ পলিন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত হন।