বাউল দাদা সানোয়ার হৃদ্রোগে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানোয়ার আহমেদ
সানোয়ার আহমেদ

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাউল দাদা নামে পরিচিত সানোয়ার আহমেদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। ৫ জানুয়ারি হঠাৎ অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় তাঁর হার্টে ব্লক ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি হন তিনি। ৭ জানুয়ারি অস্ত্রোপচার শেষে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়।
সানোয়ার আহমেদ বর্তমানে হাসপাতালের সপ্তম তলার ২৭ নম্বর কেবিনে রয়েছেন। চিকিৎসকেরা পরে তাঁর ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। এ জন্য তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে। কমিউনিটির প্রিয়মুখ বাউল দাদা বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ দেশ ও প্রবাসের সবার কাছে দোয়া চেয়েছেন।
জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে বহু বছর ধরে রাস্তার ধারে ঝালমুড়ি ও পান বিক্রি করে সবার নজর কাড়েন বাউল দাদা। রোদ-বৃষ্টি-শীত উপেক্ষা করে বছরের পর বছর বাংলাদেশ প্লাজার সামনে ছিল তাঁর সরব উপস্থিতি। এক সময়ে রেস্টুরেন্টে শেফের কাজ করেছেন। কিন্তু বয়স হওয়ায় এখন আর কেউ কাজে রাখতে চায় না বলেই এ পেশা বেছে নিয়েছেন।
বাউল দাদা খ্যাত সানোয়ার আহমেদ জানান, দীর্ঘ ৩৯ বছর একাকী প্রবাস জীবন যাপন করছেন। ওয়ার্ক পারমিট পেলেও পাননি বসবাসের আইনি অধিকার। রাজনৈতিক আশ্রয় চেয়েও সফল হননি। শেষ জীবনে এসে ওয়ার্ক পারমিটও হারিয়েছেন। তাঁর জন্ম সিলেটের মৌলভীবাজারের দক্ষিণ বালিগ্রামে। বিয়ে করেছিলেন ১৯৭১ সালে। কাজ করেছেন ক্যালকাটা ও গান্ধী রেস্টুরেন্ট এবং বোম্বে মাসালায় শেফ হিসেবে। পেনসিলভানিয়া ও মিনেসোটায় গান্ধীমহল রেস্টুরেন্টেও শেফের কাজ করেছেন। আট বছর আগে নিউইয়র্কে এসে কাজ খুঁজেও পাননি। শেষে জ্যাকসন হাইটসের ফুটপাথে ঝালমুড়ি বিক্রি শুরু করেন। থাকেন জ্যাকসন হাইটসেরই একটি বেসমেন্টে।