বাক্সে ভরা ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
.
.

বাক্সবন্দী অমূল্য অতীত। খুলতেই একে একে বেরিয়ে এল কয়েক শতাব্দীর পুরোনো বিরল ধাতব মুদ্রা, কাগজপত্র, আর হাতে তৈরি কিছু জিনিস। এগুলো বাক্সটিতে রাখা হয়েছিল ২২০ বছর আগে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সরকারি কর্মকর্তারা গত মঙ্গলবার ওই বাক্সটি খোলেন। এ ধরনের স্মৃতি-সংরক্ষণব্যবস্থা ‘টাইম ক্যাপসুল’ নামে পরিচিত।

.
.


যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন দুই নেতা স্যামুয়েল অ্যাডামস এবং পল রেভারের দুটি প্রতিকৃতিও রয়েছে সাড়ে চার কেজি ওজনের বাক্সটিতে। ম্যাসাচুসেটস স্টেট হাউসের নিচ থেকে বাক্সটি গত মাসে তুলে নিয়ে সংরক্ষণ করা হয় বোস্টনের মিউজিয়াম অব ফাইন আর্টস জাদুঘরে।
বাক্সটিতে আরও আছে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের ২৪টি মুদ্রা, যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের প্রতিকৃতিসংবলিত একটি ব্রোঞ্জপদক, ঔপনিবেশিক নথিপত্র ও তখনকার কিছু সংবাদপত্র। এগুলো বোস্টনের জাদুঘরটিতে সাময়িকভাবে দেখানো হতে পারে।
টাইম ক্যাপসুলটি ম্যাসাচুসেটস স্টেট হাউস ভবনের ভিত্তিপ্রস্তরের নিচে রাখা হয় ১৭৯৫ সালের ৪ জুলাই। সেদিন ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২০তম বার্ষিকী। স্যামুয়েল অ্যাডামস তখন ম্যাসাচুসেটসের গভর্নর। আর রেভার সুপরিচিত ছিলেন ব্রিটিশ উপনিবেশবিরোধী লড়াইয়ে বিশেষ ভূমিকার জন্য। ১৮৫৫ সালে বাক্সটি একবার খুলে কিছু জিনিসপত্র যোগ করা হয়েছিল।
বোস্টনের ওল্ড স্টেট হাউসের শীর্ষে একটি সিংহমূর্তির ভেতরে গত বছর যে টাইম ক্যাপসুলটি পাওয়া যায়, তার চেয়ে এবারের ক্যাপসুলটি ১১৩ বছর বেশি আগের। ওই ক্যাপসুলে উইলিয়াম ম্যাককিনলে ও থিওডর রুজভেল্টের নির্বাচনী প্রচার অভিযানের কাগজপত্র সংরক্ষিত ছিল। সূত্র: রয়টার্স ও এএফপি