বাক্স্বাধীনতা নিয়ে উৎকণ্ঠায় মার্কিনরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার নাগরিকদের অনেকে তাঁদের নাগরিক অধিকার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে মনে করছেন। জনমত জরিপে দেখা গেছে, আমেরিকার ৯২ শতাংশ মানুষ নিজেদের প্রাপ্ত অধিকারগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করে। আমেরিকার নাগরিকেরা তাদের বাক্‌স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন। জনমত জরিপে ৪৮ শতাংশ আমেরিকান শঙ্কিত যে, তাদের বাক্‌স্বাধীনতা খর্ব হতে পারে। ৪৭ শতাংশ তাদের অস্ত্র বহনের অধিকার নিয়ে, ন্যায়বিচারের অধিকার নিয়ে ৪১ শতাংশ মানুষ তাদের উদ্বেগের কথা জানিয়েছে। ১৭ ডিসেম্বর ইউএস টু ডে’তে প্রকাশিত হ্যারিস পল ও পার্পল প্রজেক্টের জনমত জরিপে দেওয়া এক তথ্যে এই চিত্র উঠে এসেছে।

হ্যারিস পল–এর প্রধান নির্বাহী জন গারজেমা বলেন, যখন কোন বিষয়কে নাগরিকেরা ঝুঁকি হিসেবে দেখে, তা একটি রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করে। রাজনৈতিক আলোচনার মধ্য দিয়েই এই ঝুঁকি থেকে নাগরিকদের বের করে আনতে হবে। কথা বলার স্বাধীনতা বা নিজেকে প্রকাশ করার স্বাধীনতা নিয়ে আমেরিকার লোকজনের এমন উৎকণ্ঠা দেশটির চরম রাজনৈতিক বিভক্তির প্রকাশ বলে মনে করেছেন বিশ্লেষকেরা।

আমেরিকার অধিকাংশ মানুষ তাদের মত প্রকাশের স্বাধীনতাকে এখনো অধিক গুরুত্ব দিয়ে থাকে। জরিপে দেখা গেছে, যেকোনো মূল্যে ৬৩ শতাংশ আমেরিকান তাদের মত প্রকাশের স্বাধীনতাকে সর্বাগ্রে বিবেচনা করছে।
বিশ্লেষক জন গারজেমা বলেন, আমেরিকার শাসনতন্ত্র এই নাগরিক চেতনাকে ধারণ করেই রচিত হয়েছিল, যা আমেরিকার নাগরিকেরা আজও সবার ওপরে রাখতে চায়।

পাবলিক এজেন্ডা ও ইউএস টুডে–এর পৃথক এক জরিপে দেখা গেছে , আমেরিকার ১০ জনের মধ্যে নয়জন নাগরিকই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশ। রাজনীতির বিভক্তি, বিতর্ক এমন প্রকট যে, তাঁরা মনে করছেন দেশ হিসেবে আমেরিকা ভুল পথে যাচ্ছে।