বাগডিসির বিজয় দিবস উদ্যাপন ২১ ডিসেম্বর

মেট্রো ওয়াশিংটনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) বিজয় দিবস উদ্যাপন করবে ২১ ডিসেম্বর বিকেল পাঁচটায়।
সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক হাসনাত সানী বলেন, ভার্জিনিয়ার স্প্রিং ফিল্ডের ইরভিং মিডল স্কুলে বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত বিজয় দিবসের অনুষ্ঠান চলবে।
হাসনাত সানী আরও জানান, বিজয় দিবসের মূল আকর্ষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জীবন্ত কিংবদন্তি রথীন্দ্রনাথ রায়ের কালজয়ী সব গান। অনুষ্ঠানে আরও অংশ নেবেন বাচিক শিল্পী ও কবি আনিস আহমেদ, ছড়াকার ফকির সেলিম, সোমা বোস ও রুমা ভৌমিকের হৃদয় বীণার বিশেষ পরিবেশনা ‘দাম দিয়ে কিনেছি বাংলা’। থাকবে গীতি-আলেখ্য, স্থানীয় শিশু-কিশোরদের পরিবেশনা ও চোরাবালির গান।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু সরকার মেট্রো ওয়াশিংটনের বাঙালিদের বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য নেই।