বাঘায় আলো জ্বালিয়েছিলেন যারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১ নম্বর ইউনিয়ন হচ্ছে বাঘা। ইউনিয়নের এ ‘বাঘা’ নামকরণ নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। আভিধানিক অর্থে ‘বাঘা’ হচ্ছে বিশাল, বৃহৎ, প্রকাণ্ড, মস্ত। যেমন বাঘা বাঘা ব্যক্তি। গোলাপগঞ্জের ১ নম্বর ইউনিয়ন যেমন, তেমনি এর বাসিন্দার সংখ্যাও বেশি। এ ছাড়া প্রাচীনকাল থেকেই নদী পথে বাঘার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থাও ছিল সহজ। ধান-নদী-খাল এ তিনে যেমন বরিশাল, ঠিক একইভাবে আমরাও বলতে পারি নদী-হাওর-শহর নিয়ে বাঘার পাঁজর।

সিলেটের প্রধান নদী সুরমা বাঘা ইউনিয়নের বুক চিরে একেবারে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত। আবার বাঘার উত্তর দিক বেষ্টন করে রেখেছে উপজেলার প্রধান বিল ও বড় হাওর। গোলাপগঞ্জ উপজেলা সদর যেমন এ ইউনিয়নের পাশে, ঠিক একইভাবে সিলেট শহরও। সে জন্য প্রাচীনকাল থেকে উভয় শহরের সঙ্গে ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে ইউনিয়নের বেশির ভাগ মানুষ সিলেট শহরের খ্যাতিমান ব্যবসায়ী।

তবে বাঘা নামকরণ নিয়ে ঐতিহাসিক সৈয়দ মর্তুজা আলী ও ফারুক আহমদ বলেন, ‘বাঘ’ থেকে ‘বাঘা’ নামটি এসেছে। ‘বাঘ’ বা ‘বাঘা’ সে যা-ই হোক এ নামটি যে একটি বড় ও প্রভাবশালী একটা কিছুকে বোঝায়, তা নিয়ে কারও দ্বিমত নেই।

যাক, বাঘা নিয়ে আজকের লেখাটি মূলত এর শিক্ষাদীক্ষা নিয়ে। প্রাচীনকালে বাঘা ইউনিয়ন শিক্ষাদীক্ষায় কেমন ছিল সে সম্পর্কে তেমন কিছু জানা যায় না। আগে এটি ছিল গ্রাম। ক্রমে মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে এর পরিধি বাড়ে। গ্রামটি নানা নামে ও ভাগে বিভক্ত হয়। যেমন বাঘা গৌরাবাড়ি, বাঘা কালাকোণো, উত্তর বাঘা, দক্ষিণ বাঘা ইত্যাদি।

আমাদের দেশে শিক্ষাব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পায় ব্রিটিশ শাসনামলে। বাঘাও তখন পিছিয়ে ছিল না। অন্যান্য অঞ্চলের সঙ্গে পাল্লা দিয়ে বাঘায়ও গড়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠান। জানা যায়, বাঘা ইউনিয়নে পাঠশালা চালু করেন বাঘা গৌরাবাড়ি গ্রামের ভারতচন্দ্র দেব। বাঘার প্রথম বালিকা প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় আনুমানিক ১৯১২ সালে, গোলাপনগর ‘ফাঁড়ির মুখ’ নামক স্থানে। প্রতিষ্ঠাতা ছিলেন গোলাপনগর কান্দিগ্রামের শারদাচরণ দেব। ওই বিদ্যালয়ে ভারতচন্দ্র দেবও শিক্ষকতা করেন। কিন্তু শারদাচরণ দেব ভারতচন্দ্র দেবকে কোনো অজ্ঞাত কারণে খুব একটা সুনজরে দেখতেন না। ভারতচন্দ্র তা বুঝতে পেরে তাঁর বড় ভাইয়ের স্ত্রী রোহিণী রাণী দেবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। রোহিণী রাণী দেব পরে নিজ উদ্যোগে নিজ বাড়িতে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ১৯১৩ সালে।

উভয় বিদ্যালয় নিজ নিজ ধারায় চলতে থাকে। মজার বিষয় হলো, তখন নাকি নিয়ম ছিল, যার গুরু ট্রেনিং থাকবে তাকেই বিদ্যালয় খোলার অনুমতি দেওয়া হবে। ভারত বাবুর সেই গুরু ট্রেনিং বা জিটি থাকায় তাঁর বিদ্যালয় অনুমোদন পায়। শারদাচরণের প্রশিক্ষণ ছিল না। ফলে সরকারি সাহায্য না পেয়ে তাঁর বিদ্যালয়টি কোনো একপর্যায়ে বন্ধ হয়ে যায়। রোহিণী দেবের মৃত্যুর পর ভারতচন্দ্র বিদ্যালয়টিকে বর্তমান স্থানে স্থানান্তরিত করে নিজেই প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯১৯ সালে বিদ্যালয়টির নিবন্ধন হয়। সরকারিভাবে এই স্কুলের নাম হচ্ছে ‘বাঘা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়’। কিন্তু ভারতচন্দ্র দেবের প্রচেষ্টায় স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ায় প্রতিষ্ঠাকাল থেকেই স্কুলটি লোকমুখে ‘ভারত’-এর স্কুল নামে পরিচিতি পায়। ভারতচন্দ্র দেবের পুণ্য স্মৃতি এলাকার মানুষ নিজেদের মতো করেই ধরে রাখছেন।

এর আগে নবাবি আমল বা তারও আগে থেকেই অফিস-আদালতের ভাষা ছিল ফারসি। হিন্দু-মুসলিম উভয়-সম্প্রদায়ের মানুষ তখন সে ভাষা শিখতেন। তখন বাঘায় আরবি-ফারসি ভাষায় সুপণ্ডিত ছিলেন গৌরাবাড়ি গ্রামের মাওলানা আর্জাদ আলী। এই মাওলানা আর্জাদ আলীর কাছেই ফারসি শেখেন ভারতচন্দ্র দেব ও উপজেলার প্রথম কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শায়খে বাঘা বশীর আহমদসহ (রহ.) গোলাপগঞ্জ উপজেলার আরও অনেকে।

বাঘার আরেকজন মানুষ গড়ার কারিগর ছিলেন শিক্ষাবিদ ইয়াকুব আলী চৌধুরী। তিনি এলাকায় ‘বড় মাস্টার’ নামেই সুখ্যাত ছিলেন। দেশজোড়া অনেক খ্যাতিমান ব্যক্তির হাতেখড়ি ঘটেছিল তাঁর হাত ধরে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রয়াত ড. মো. সদর উদ্দীন আহমদ চৌধুরী তাঁর আত্মজীবনীতে লিখেছেন, বাঘার বড় মাস্টারখ্যাত ইয়াকুব আলী চৌধুরীর কাছে তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন। শুধু তা-ই নয়, তাঁর বাবারও প্রাথমিক শিক্ষার হাতেখড়ি ছিল ইয়াকুব আলী চৌধুরীর কাছে। তাঁরই সুযোগ্য নাতি খ্যাতিমান সাংবাদিক ও রাজনীতিক ইব্রাহীম চৌধুরী।

এভাবে বাঘা ইউনিয়নে অনেক খ্যাতিমান সুশিক্ষিত ব্যক্তির জন্ম হয়। এলাকার মানুষকে শিক্ষার আলো দানের পাশাপাশি তাঁরা স্কুল-কলেজ স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজও তাঁদের পদাঙ্ক অনুসরণ করে অনেকে অনেক বড় বড় দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদের মধ্যে নিমাই চন্দ্র দেব উল্লেখযোগ্য। গৌরাবাড়ি গ্রামের এই পণ্ডিত সিলেট শহরের মিরাবাজারে প্রতিষ্ঠিত মডেল স্কুল ও কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও শিক্ষক ছিলেন। এমনই আরেকজন মাওলানা রমিজ উদ্দিন সিদ্দিকী। ১৮৮৮ সালে তিনি বাঘা তুড়ুকভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯০৭ সালে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে ১৯১৪ সালে প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ‘মুমতাজুল মুহাদ্দিসিন’ উপাধি পান। পরে খুলনায় ফুলতলা মাদ্রাসার হেড হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯১৫ সালে সিলেট আলিয়া মাদ্রাসায় অধ্যাপনা শুরু করেন এবং দীর্ঘদিন অধ্যাপনার পর ১৯৪৮ সালে ১৫ নভেম্বর অবসর নেন। ১৯৫৫ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের পরীক্ষকের দায়িত্ব পালন করেন। তাঁর চতুর্থ ছেলে সয়িদ উদ্দিন আহমদ যুগ্ম সচিব ছিলেন। তাঁর বড় ভাই হামিদ উদ্দিন সুফি ছিলেন বিশিষ্ট ব্যাংকার। হামিদ উদ্দিন সুফি ১৯৪৭ সালে ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। প্রখ্যাত কূটনীতিক কায়সার রশীদ চৌধুরী ছিলেন তাঁর ক্লাসমেট। যখন তিনি এই ডিগ্রি লাভ করেন, তখন সিলেটের খুব কম মুসলমান এই পর্যায়ে পৌঁছেছিলেন। তিনি সিলেটের এমসি কলেজেও শিক্ষকতা করেন।

একই গ্রামের আরেক শিক্ষাবিদ হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ আলী সিদ্দিকী। তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত আসাম দুবড়ি হামিদাবাদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তাঁর ছাত্র থাকাকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাধারণত আজান দেওয়া হতো না। তিনিই প্রথম সাহস করে আজান দিয়ে সবাইকে সমবেত করে নামাজ আদায়ের ব্যবস্থা করেন। এমনই আরেকজন হলেন বাঘা রুস্তমপুর গ্রামের মাওলানা আজির উদ্দীন খান। ১৯১০ সালে জন্ম নেওয়া এই ব্যক্তি এলাকায় ‘বড় হুজুর’ নামে প্রসিদ্ধ ছিলেন। দেওবন্দ থেকে শিক্ষাজীবন শেষ করে তিনি শায়খে বাঘা বশীর আহমদ (রহ.) প্রতিষ্ঠিত বাঘা মাদ্রাসা, সুনামগঞ্জের বালিজুড়ী ও দক্ষিণ সুরমার শ্রীরামপুর মাদ্রাসায় শিক্ষকতা করেন। পরে নিজ এলাকায় প্রতিষ্ঠা করেন হাতিমনগর হাজিপুর শাহজালালিয়া নামে একটি মাদ্রাসা। একই গ্রামের মো. শামিম আহমদ খান পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বাঘা ইউনিয়নের আরেক সূর্যসন্তান ছিলেন কালাকোনা গ্রামের মাওলানা আকবর আলী মিসরি। তিনি দারুল উলুম দেওবন্দে পড়ালেখা শেষ করে মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেন। এ ছাড়া বাঘায় কারি মোহাম্মদ আব্দুল্লাহসহ অনেক বড় বড় ইসলামি চিন্তাবিদের জন্ম হয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়ের সূচনা
১৯৮৮ সালের প্রথম দিকে যখন সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছিল, তখন বাঘা ইউনিয়ন তিনটি ওয়ার্ডে বিভক্ত ছিল। সেবারের নির্বাচনে ১নং হাতিমনগর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন গোলাম হক লাল মিয়া, ২নং ওয়ার্ড থেকে আব্দুল আহাদ ময়না মিয়া ও ৩নং ওয়ার্ড থেকে আলতাফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী প্রচারের সময় এলাকার মানুষ চেয়ারম্যান প্রার্থী ময়না মিয়ার কাছে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানায়। পরের বছরই যাত্রা করে বাঘার প্রথম মাধ্যমিক বিদ্যালয়। মাত্র ৭১ জন শিক্ষার্থী নিয়ে ১৯৮৯ সালের ১ জানুয়ারি শুরু হয় ১৯৮৯ সালে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রম। প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পান নিজাম উদ্দিন (জমা), মোয়াজ্জেম হোসেন বাচ্চু ও আব্দুল হক। পরে আব্দুল আহাদ ময়না মিয়াকে সভাপতি করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আব্দুল আলী, হেলাল উদ্দিন, মাহতাব উদ্দিন ও নিজাম উদ্দিন। এভাবেই বিদ্যালয়ের কার্যক্রম চলতে থাকে। প্রধান শিক্ষক না থাকায় প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আব্দুল হেকিমকে নিয়োগ দেওয়া হয়। তিনটি কক্ষ ও একটি অফিস নিয়ে শিক্ষা কার্যক্রম চলছিল। কিন্তু ১৯৮৯ সালের এপ্রিলে কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের কক্ষগুলো ভেঙে যায়। পরে আবার নতুন করে ময়না মিয়া কক্ষগুলো নির্মাণ করে দেন। ১৯৯২ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। ১৯৯৪ সালে প্রথম ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩ জন উত্তীর্ণ হয়। বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক শাখা খোলা হয় ২০১৬ সালে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১৭০০ শিক্ষার্থী রয়েছে।

পরে আব্দুস সালাম মকবুল ‘সালাম মকবুল উচ্চবিদ্যালয়’ নামে আরেকটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সালে বাঘা গৌরাবাড়িতে প্রতিষ্ঠা করা হয় ‘মাদ্রাসাতুল বানাত বাঘা গৌরাবাড়ি’। এটি বাঘা ইউনিয়নে একমাত্র টাইটেল মহিলা মাদ্রাসা। এ ছাড়া বাঘা ইউনিয়ন প্রায় ২০টি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি মাদ্রাসা ও ১০টি কিন্ডারগার্টেনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে। এক সময়ের অবহেলিত বাঘা ইউনিয়ন আজ কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। বাঘায় প্রতিষ্ঠিত হয়েছে পূর্বাশা ক্যান্টনমেন্ট নামে একটি সেনানিবাস (অনির্বাণ-৩২)। এমনকি খুব শিগগিরই বাঘা ইউনিয়নে একটি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠারও প্রস্তুতি চলছে।