‘বাগানের শোভা ফুল, বাড়ির শোভা বাগবাগিচা; ঘরের শোভা নারী।’ বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত বচন এটি। যেন ঘরের শোভাবর্ধনই নারীর একমাত্র ভবিতব্য। এই একই কথার অনুরণন পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে উপন্যাসে। যখন তিনি বলেন, ‘স্ত্রীলোকের মিলন-বিচ্ছেদের সুখ-দুঃখ ছাড়িয়ে এ পৃথিবী অনেক দূর বিস্তৃত।’
বলার অপেক্ষা রাখে না যে, এটি মূলত পুরুষ মানস, যা নারীকে ঘরে বন্দী করার প্রয়াসে ছড়ানো হয়। সময় অনেক এগোলেও বাঙালি সমাজে এই বিশেষ মানসটির রাজ কমবেশি এখনো দেখা যায়। ফলে নারীকে প্রতিনিয়ত সমাজে উপস্থিত এই মনোভঙ্গিটি মোকাবিলা করেই এগোতে হয়। এ ক্ষেত্রে নিউইয়র্কে বাংলাদেশি নারীরা বেশ সাফল্য দেখিয়েছেন বলতে হয়। এ সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে ডানকিন ডোনাটসের নাম। নিউইয়র্কে মার্কিন এই চেইন স্টোরের ৯০ শতাংশ কর্মীই বাঙালি। আর এই বাঙালি কর্মীদের মধ্যে ৬০-৭০ শতাংশই নারী। পরিস্থিতি এমন যে, বাঙালি মেয়ে শুনলেই স্থানীয়রা ধরে নেন তিনি নিশ্চয় ডানকিন ডোনাটসে কাজ করেন।
বিদেশবিভুঁইয়ে ডানকিন ডোনাটস রীতিমতো বাঙালি নারীদের জন্য ত্রাতার ভূমিকায় হাজির হয়েছে। এর মানে এই নয় যে, বাঙালি নারীরা অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করার যোগ্যতা রাখেন না। রাখেন, বেশ ভালোভাবেই রাখেন। কিন্তু ওই যে যোগ্যতার বাইরেও নারীদের বাড়তি একটা সংকট মোকাবিলা করতে হয়। নারীর প্রতি বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গিকে টপকেই তাঁকে আয়-উপার্জনের পথটি তৈরি করতে হয়। পরিবার, বিশেষত সন্তানসন্ততি সামলে তবেই তাঁর পক্ষে উপার্জনের উপায় খুঁজতে হয়। সঙ্গে নতুন দেশ হেতু ভাষা ও সংস্কৃতির বাধা তো থাকেই। এ দুই ক্ষেত্রেই বিরাট নিদান হয়ে সামনে হাজির ডানকিন ডোনাটস।
ডানকিন ডোনাটসের স্টোরগুলোর একটি বড় অংশই ভারতীয় ও বাংলাদেশি মালিকানাধীন। ফলে এসব স্টোরে কাজ পাওয়াটা তুলনামূলক সহজ। ভাষার বাধা খুব বড় হয়ে ওঠে না। পাশাপাশি বাঙালিরা এ ক্ষেত্রে বেশ ভালো সুনাম অর্জন করায় অন্য দেশীয় মালিকও বাঙালিদের সাদরে চাকরি দেন। ফলে শুরুতেই একটা অনুকূল কর্মপরিবেশ তাঁরা পান। দ্বিতীয় যা থাকল, তা হলো কাজের সময়। ডানকিন ডোনাটসের স্টোরগুলোতে খুব ভোরে কাজ শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। ফলে ঘর সামলে অনায়াসেই কাজটি করতে পারেন বাঙালি নারীরা। এ দুইয়ের সুন্দর একটি সমাধান হয়েই ডানকিন হাতছানি দেয় বাঙালি নারীদের। ডানকিন ডোনাটসে বাঙালি নারীরা দারুণ এক বিপ্লবের জন্ম দিয়েছেন—এ কথা সত্য। তাঁদের এ উপস্থিতি অন্যদেরও পথ দেখাচ্ছে। তবে এ বিপ্লব তখনই পূর্ণতা পাবে, যখন তাঁরা আরও নানা ক্ষেত্রে ছড়িয়ে পড়বেন। নিজের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে আরও বিচিত্র সব কর্মক্ষেত্রে যেদিন তাঁরা ছড়িয়ে যেতে পারবেন, সেদিনই আদতে তাঁদের ওই ঘর পেরিয়ে বহির্জগতে রাজ করার সূচনাটা হবে। এ ক্ষেত্রে বাঙালি পরিবারগুলোরও এগিয়ে আসা জরুরি। প্রয়োজন শুধু সহায়ক মানসিকতার।
নিউইয়র্কের ডানকিন ডোনাটস এখন বাংলাদেশিদের ওপর নির্ভরশীল বললে অত্যুক্তি হবে না। পাশাপাশি নতুন প্রজন্মের বাংলাদেশিরা খুঁজে নেবে নতুন নতুন ক্ষেত্র, যেখানে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখে তারা ডানকিনের মতো করেই জন্ম দেবে পারস্পরিক নির্ভরতার, যা বিদেশবিভুঁইয়ে লক্ষ্য অর্জনের জন্য টিকে থাকতে সাহায্য করবে বাংলাদেশিদের।