বাঙালি বইপ্রেমীদের জন্য তিন দিনব্যাপী বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিতা কেটে  মেলার উদ্বোধন কেরন লেখক মনজুর আহমদ
ফিতা কেটে মেলার উদ্বোধন কেরন লেখক মনজুর আহমদ

ঢাকায় অমর একুশে বইমেলায় যেতে পারেনি বলে নিউইয়র্কপ্রবাসী অনেক বইপ্রেমী বাংলাদেশির মন খারাপ। তাঁদের জন্য জ্যাকসন হাইটসের মুক্তধারা কার্যালয়ে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করা হয়। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত চলে অমর একুশে গ্রন্থমেলা। এর বাইরে ২০ ফেব্রুয়ারি মুক্তধারার আয়োজনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে সেখানে পুস্তস্তবক অর্পণ করেন প্রবাসীরা।
তবে আমেরিকার বাইরে থাকায় মুক্তধারার মালিক বিশ্বজিৎ সাহা এবার প্রথমবারের মতো নিউইয়র্কে অমর একুশের আয়োজনে উপস্থিত থাকতে পারেননি।
১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন সাপ্তাহিক আজকাল সম্পাদক ও লেখক মনজুর আহমদ, যিনি ৫৭ বছর ধরে সক্রিয়ভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। লেখক হিসেবেও তিনি পরিচিত। এবারের বইমেলায় তাঁর অমৃতপথযাত্রী ও অন্য এক শেখ মুজিব নামে দুটি বই প্রকাশিত হয়েছে। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সাংস্কৃতিককর্মী ও ১৭ মার্চ মুক্তধারা আয়োজিত শিশু কিশোর মেলার আহ্বায়ক সেমন্তি ওয়াহেদ।
নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে মেলা উদ্বোধনী উপস্থিত ছিল মনন হায়দার। সংস্কৃতিকর্মী ফাহিম রেজা নুরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান অতিথি মনজুর আহমদ, লেখক হাসান ফেরদৌস, লেখক ফেরদৌস সাজেদীন, লেখক মনজুর আলী ননতু, নারী সংগঠক রানু ফেরদৌস, লেখক নাসরিন চৌধুরী, সংস্কৃতিকর্মী সেমন্তী ওয়াহেদ ও সাংবাদিক-লেখক মনিজা রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষাভাষির দিক থেকে বাংলা এখন পৃথিবীর চতুর্থ ভাষা। মান্দারিন, স্প্যানিশ, ইংরেজির পর এখন বাংলার অবস্থান। নিউইয়র্কে জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন, স্কুল-হাসপাতাল-নির্বাচনী ব্যালটে যে বাংলার জয়জয়কার, তার সব কৃতিত্ব এককভাবে বাংলাদেশের বাঙালির। প্রথম দিনের অনুষ্ঠানে আরও ছিলেন আলোকচিত্রী শাহীদ রেজা নুর, লেখক ও সাংবাদিক দর্পণ কবির, শাহবুদ্দিন সাগর ও সাখওয়াত হোসেন সেলিম, মেজর (অব.) মো. আহসান উল্লাহ, আবদুল্লাহ সাঈদ, শাহ এম এ সোবহান, জসীম সরকার, সেলিম আহমেদ প্রমুখ।
দ্বিতীয় দিনে আবৃত্তি অনুষ্ঠান

জাতিসংঘ সদর দপ্তরের সামনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রবাসীরা
জাতিসংঘ সদর দপ্তরের সামনে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রবাসীরা

একুশের কবিতা ও আলোচনায় অতিবাহিত হয় নিউইয়র্কে একুশে বইমেলার দ্বিতীয় দিন। বিকেলে ফাহীম রেজা নূরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কবি শামস আল মমিন। স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফকির ইলিয়াস, রানু ফেরদৌস, হাসমত আলি। আবৃত্তি করেন পারভিন সুলতানা ও মিজানুর রহমান বিপ্লব। গদ্য পাঠে ছিলেন সেমন্তি ওয়াহিদ।
দ্বিতীয় পর্বে ছিল একুশের আলোচনা অনুষ্ঠান। আলোচক ছিলেন আবেদীন কাদের, হাসান ফেরদৌস, রওশন জামিল, মনজুর আলী ননতু, জাকিয়া ফাহিম। ব্যবস্থাপনায় ছিলেন মেজর (অব.) এহসান উল্লাহ।
তৃতীয় দিনে নতুন বইয়ের আলোচনা
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলাকে সামনে রেখে প্রতি বছরের মত এবারও নিউইয়র্ক থেকে উল্লেখযোগ্য সংখ্যক গ্রন্থ প্রকাশিত হয়েছে। নতুন বইয়ের ঘ্রাণ নিতে প্রতি বছরের মত নিউইয়র্ক মুক্তধারা নতুন বইয়ের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত লেখকদের মধ্যে যাঁরা নিজেদের গ্রন্থ নিয়ে আলোচনা করেন তাঁদের মধ্যে রয়েছেন মনুজর আহমেদ, পলি শাহিনা, শরিফ মাহবুবুল আলম, হাসান ফেরদৌস, মনিজা রহমান, আলম সিদ্দিকী, সালেহিন সাজু ও আদনান সৈয়দ। অনু্ষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল একুশ এবং মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা অনুষ্ঠান। আলোচক ছিলেন লেখক আবেদীন কাদের, কবি শামস আল মমীন, লেখক হাসান ফেরদৌস, ফাহীম রেজা নূর, শিশু সাহিত্যিক নসরাত আজাদ, রানু ফেরদৌস, রওশন জামিল ও মনজুর আলী ননতু, জাকিয়া ফাহিম, মেজর (অব.) এহসান উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি স্বপ্ন কুমার, সাংস্কৃতিক কর্মী ও আবৃত্তি শিল্পী সেমন্তি ওয়াহেদ, আবৃত্তিকার মিজানুর রহমান বিপ্লব, আবৃত্তিকার পারভিন সুলতানা, সংগঠক ও সাংস্কৃতিক কর্মী মোশাররফ হোসেন প্রমুখ।
জাতিসংঘের সামনে শহীদ মিনার নির্মাণ
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ১২টা ১ মিনিটে (নিউইয়র্ক সময় দুপুর ১টা ১ মিনিট) জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ২৬ বছর ধরে মুক্তধারার উদ্যোগে নিউইয়র্কে জাতিসংঘের সামনে একুশ পালন করে আসছে। বাঙালির চেতনা মঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে এই কাজটি শুরু হয় ১৯৯২ সালে। বাঙালির চেতনা মঞ্চের দীর্ঘদিনের সাথী আবদুর রহিম বাদশা, হারুন আলী, মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসান ফেরদৌস, কার্যকরী কমিটির সদস্য ফাহীম রেজা নূর, রানু ফেরদৌস, ওবায়দুল্লা মামুন, সেমন্তী ওয়াহেদ, শুভ রায়, মেজর (অব.) এহসানউল্লাহ এই পর্বের আয়োজক ছিলেন। প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল শামীম আহসান। পুষ্পস্তবক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী গোপাল স্যানাল, সাংবাদিক মনিজা রহমান, শামীম আল আমিন ও পুলক মাহমুদ।