বাঙালি সংস্কৃতিকে বেগবান করছে নিউইয়র্কের বাংলা গণমাধ্যম

আমেরিকায় বাংলাদেশি জনসমাজের মানুষ ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে মূলধারার রাজনীতিতে, সাংস্কৃতিক দিক থেকেও সমানভাবে এগোচ্ছে। এখন বাংলাদেশি অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকেরা আসছেন। বাংলাদেশিদের সাংস্কৃতিক অনুষ্ঠান ভীষণভাবে উপভোগ করছেন তাঁরা। এক সময় যেখানে বাংলা চর্চা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টকর ছিল সেখানে এখন বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিউইয়র্কের বাংলা গণমাধ্যমগুলো।
স্থানীয় সময় ১৫ এপ্রিল রাতে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা এসব কথা বলেন। জ্যাকসন হাইটসের বাংলাদেশি অধ্যুষিত হাটবাজার পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, রাজনীতিক, বাংলাদেশি মূলধারার রাজনীতিক ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী শাহ মাহবুব ও রানো নেওয়াজ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দর্পণ কবির। উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সাপ্তাহিক বর্ণমালার প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন-জেবিবিএর সভাপতি শাহ নেওয়াজ, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা মার্শাল মুরাদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট আহসান হাবীব, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি বেলাল আহমেদ।
বক্তারা বলেন, কমিউনিটি ক্রমবর্ধমান হওয়ার পেছনে এখানকার গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের কৃষ্টি-কালচার ও সংস্কৃতিকে বেগবান করে চলেছে গণমাধ্যমগুলো। এক সময় যেখানে কবিতা, ছড়া বা গল্প লেখার জন্য বাংলাদেশি পাওয়া যেত না সেখানে এখন অনেকেই লিখছেন। অনেকেই ভালো ভালো অনুষ্ঠান আয়োজন করছেন। এগুলোর পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে এই জনসমাজের গণমাধ্যমগুলো।
বক্তারা বলেন, প্রবাসীদের লেখা, কবিতা, ছড়া, প্রবন্ধ এখানকার গণমাধ্যমগুলো প্রকাশ করছে। বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ভালো ভাবে প্রচার করছে। গণমাধ্যমগুলোকে অনেকেই পৃষ্ঠপোষকতা করছেন। কমিউনিটির সব অনুষ্ঠান যাতে সফল হয় সে লক্ষ্যে
সবাই সমন্বিতভাবে কাজ করছেন। আর সবকিছু সম্ভব হচ্ছে প্রবাসীদের ঐকান্তিক চেষ্টা এবং বাংলা সংস্কৃতির প্রতি অগাধ ভালোবাসার কারণে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, অভিনেত্রী রেখা আহমেদ, লেখক আহমেদ মাযহার, কমিউনিটি অ্যাকটিভিস্ট মাকসুদুল হক চৌধুরী, কাজী শাখাওয়াত হোসেন আজম, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবুল কাশেম, এস্টোরিয়া ডিজিটালের কর্ণধার নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, কার্যকরী সদস্য শাহানারা রহমান, অ্যাকটিভিস্ট গোপাল স্যানাল, জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সভাপতি অধ্যাপক রফিক আহমেদ, আইনজীবী মোর্শেদা জামান, নারায়ণগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলম, রূপসী বাংলার সম্পাদক শাহ জে. চৌধুরী, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম প্রমুখ।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেছেন সংগঠনের সহসাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, কোষাধ্যক্ষ তাপস কুমার সাহা, কার্যকরী সদস্য শামসুল আলম, মল্লিকা খান মুনা, সদস্য সীমা সুস্মিতা, শামসুন নাহার নিম্মি, আবদুল হামিদ, মশিউর রহমান লিটন প্রমুখ।