বাঙালির চিন্তায় মুজিবনগর দিবসের তাৎপর্য ধারণ করতে হবে: মোমেন

প্রত্যেক বাঙালির কর্ম ও চিন্তায় মুজিবনগর দিবসের তাৎপর্য ধারণ করতে হবে। এ ছাড়া মুজিবনগর দিবস বাংলাদেশিদের কাছে কেন গুরুত্বপূর্ণ তা নিজ নিজ অবস্থান থেকে বিদেশিদেরও জানাতে হবে।
গত ১৭ এপ্রিল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘মুজিবনগর দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদসহ সব নেতৃবৃন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মুজিবনগর দিবস উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মিশনের অর্থনৈতিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ্ হারুন।
আলোচনায় জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে মুজিবনগর দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। তিনি বলেন, ‘আমাদের কর্মে ও চিন্তায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ধারণ করতে হবে। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের প্রেক্ষাপট, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালির গৌরবগাথা বিদেশিদের জানাতে হবে নিজ নিজ অবস্থান থেকে।’
মোমেন বলেন, বিদেশি বন্ধুরাষ্ট্রগুলোর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দেওয়ার প্রাতিষ্ঠানিক ভিত্তি সৃষ্টি করেছিল মুজিবনগর সরকার গঠন। একই সঙ্গে পাকিস্তান ছেড়ে আসা বাংলাদেশের কূটনীতিকদের জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করা সহজ করে দিয়েছিল মুজিবনগর সরকারের কার্যক্রম।
স্থায়ী মিশনের নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম আখতারুজ্জামান, মিনিস্টার ফাইয়াজ মুর্শিদ কাজী, মিনিস্টার এটিএম রকিবুল হক, কাউন্সিলর সঞ্চিতা হক, ফার্স্ট সেক্রেটারি মো: হুমায়ুন কবীর ও ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মো. নুর এলাহি মিনা বক্তব্য আলোচনা সভায় বক্তব্য রাখেন।