বাঙালিয়ানায় তিন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গ সম্মেলনে জাতীয় সংগীত পরিবেশন করেন িশল্পীরা
বঙ্গ সম্মেলনে জাতীয় সংগীত পরিবেশন করেন িশল্পীরা

ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে এবার বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ থেকে ৯ জুলাই—তিন দিনব্যাপী এই সম্মেলনে পাঁচ হাজারের বেশি বাঙালি সমবেত হয়েছিলেন। সানফ্রান্সিস্কো থেকে ২২ মাইল দূরে সান্টা ক্লারার সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩৭ বছর আগে উত্তর আমেরিকায় এই বাঙালি সমাবেশ শুরু হয়েছিল। পূর্ব ও পশ্চিম বাংলাকে কাঁটাতার দিয়ে আলাদা করা হলেও উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিরা তাঁদের মধ্যে কোনো বিভাজন রাখতে রাজি নন। তাই তো তাঁরা প্রতিবছর অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বছরের এই সময়টার, উত্তর আমেরিকার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন বন্ধুদের সঙ্গে নিখাদ বাঙালিয়ানায় মজে থাকতে। প্রতিবছর আমিও চেষ্টা করি পরিবারসহ অনুষ্ঠানটিতে যোগ দিতে। পরিচিত হই নতুন নতুন বাঙালিদের সঙ্গে। গত বছর নিউইয়র্কের বঙ্গ সম্মেলনে পরিচয় হয়েছিল মিস্টু ঘোষের সঙ্গে, আর দুজনই অপেক্ষা করছিলাম এবার আবার সাক্ষাতের। তিন দিনব্যাপী সমাবেশের একদিন যখন বিকেলের চা-নাশতা নিতে লাইনে দাঁড়িয়ে আছি, মিস্টু আর তাঁর স্বামীও এসেছিল চা-নাশতা নিতে, লাইনে দাঁড়িয়েই আমাদের আড্ডা শুরু হয়ে গেল। কথায় কথায় মিস্টু বললেন, ‘লতা, আমরা যখন বুড়ো হব, তখনো বছরের এই সময়টায় আমরা দেখা করব।’ মিস্টুর কথার আন্তরিকতা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। মনে মনে রাজনৈতিক উদ্দেশ্যে বলছিলাম, ধর্মের দোহাই দিয়ে তোমরা কি সত্যিই আমাদের আলাদা করতে পেরেছ? তোমাদের স্বার্থসিদ্ধি হয়েছে ঠিকই কিন্তু তোমরা কি সাধারণ মানুষের কষ্টটা কখনো ভেবে দেখেছ?
আমরা যাঁরা প্রবাসে থাকি, প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যে হয়তো সব সময় বাঙালিয়ানায় হারিয়ে যেতে পারি না। কিন্তু যখনই একটু অবসর পাই বা কাজের শেষে ড্রাইভ করে বাড়ি ফিরি, কখন যেন ক্লান্ত মনটা হারিয়ে যায় দেশে ফেলে আসা সেই সোনালি অতীতে। আর যত দিন যাচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য মনটা যেন আরও বেশি আনচান করে, বড় বেশি অস্থির হয়ে যায়। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বাঙালিদের এই মিলনমেলায় এসে সারা বছরের অভুক্ত মনটাকে শান্ত করা যায়। এটা শুধু বাঙালিদের মিলনমেলায় হারিয়ে যাওয়া নয়, এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়াও।
আমেরিকা ও কানাডার বিভিন্ন প্রদেশ থেকে এসেছেন প্রবাসী বাঙালিরা। সেই সঙ্গে ভারত ও বাংলাদেশ থেকে শিল্পী-সাহিত্যিক-শিল্পোদ্যোগী অতিথির দল। সান্টা ক্লারার হোটেল হায়াৎ রিজেন্সির লবি ভরে উঠেছে রংবেরঙের শাড়ি পরা বাঙালি রমণী এবং পাঞ্জাবি পরা পুরুষের কলকাকলিতে। কত দিনের না বলা কথা যেন সবাই রেখে দিয়েছিল এখানে বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য। হোটেল হায়াৎ রিজেন্সির সংযুক্ত সান্টা ক্লারার সম্মেলন কেন্দ্রের বিশাল হলঘরের একদিকে নাম নিবন্ধনের ব্যবস্থা আর অন্যদিকে শাড়ি-গয়না-বইয়ের দোকান সাজিয়েছেন ঢাকা ও কলকাতা থেকে আসা ব্যবসায়ীরা। নারীরা যেন তাঁদের ঈদ-পুজোর বাজার এখানেই সেরে ফেলবেন।
৭ জুলাই বিকেল থেকে ৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত সম্মেলনকেন্দ্রের চারটি হলজুড়ে একাধারে অনুষ্ঠান হলো। তিন দিনব্যাপী বঙ্গ সম্মেলনের শুরু এবং শেষটা ঘিরে অতিথিদের আগ্রহ সব সময়ই অনেক বেশি। এবারও সেটার কমতি ছিল না। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরাবরই বর্ণাঢ্য হয়। এবার দেবজ্যোতি মিশ্র, তনুশ্রী শংকর আর সুদর্শন চক্রবর্তীর দক্ষ পরিচালনায় সুরে-তালে বরং একটু বেশিই বর্ণাঢ্যময় ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক শ নারী-পুরুষের নাচ-গান-অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছিল বাংলা সিনেমার ওপর এক অসামান্য প্রামাণ্যচিত্র, যেখানে গায়ক রূপঙ্কর বাগচীর উপস্থিতি ছিল দর্শকদের জন্য এক বিরাট চমক।
বাংলার শিল্প-সংস্কৃতি-সাহিত্য-সাংবাদিকতা-শিক্ষাজগতে অবদানের জন্য সম্মানিত করা হয়েছে পাঁচজনকে। তাঁরা হলেন অধ্যাপক অজয় কুমার রায়, চন্দ্রশেখর ঘোষ, সুমন চট্টোপাধ্যায়, নির্মলেন্দু গুণ আর সন্দীপ রায়। বাংলা ভাষার কোনো সীমান্ত নেই, বাঙালি ভাষার অগ্রগণ্য কবি নির্মলেন্দু গুণের কাজের স্বীকৃতি সেটাই প্রমাণ করেছে। আমাদের বয়স বাড়ছে, তবু যেন ফেলুদা আর নীললোহিতের বয়স বাড়ছে না, কিন্তু বাস্তবে এবার ফেলুদা চরিত্র সৃষ্টির সুবর্ণজয়ন্তী। সত্যজিৎ রায়ের সুযোগ্য উত্তরসূরি সন্দীপ রায় ফেলুদাকে নিয়ে দারুণ সব ছবি উপহার দিয়েছেন, তিনি যে এবারের সেরা বাঙালির একজন তা বলে দিতে হবে না। অধ্যাপক অজয় কুমার রায়ের অবদান দেশ-বিদেশের শিক্ষাজগৎকে উজ্জ্বল করেছে বইকি। ভারতের মাইক্রো ফাইন্যান্সের জগতে চন্দ্রশেখর ঘোষের অবদানের স্বীকৃতিও মিলেছে সম্মেলন। সাংবাদিকতায় সম্মাননা পেলেন সুমন চট্টোপাধ্যায়।
দ্বিতীয় আন্তর্জাতিক বাংলা চলচিত্র পুরস্কার অনুষ্ঠানে মঞ্চ আলো করলেন অপর্ণা সেন, রণজিৎ মল্লিক, সব্যসাচী, ঋতুপর্ণা ঘোষ, আবির চক্রবর্তী, দেব, কোয়েল মল্লিক, মীম, কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দত্ত ও জয়া আহসান। জনপ্রিয় দেবশঙ্কর হালদার একক অভিনয় ‘বর্ণপরিচয়’ দিয়ে ভক্তদের মন ভরেছেন। পাশাপাশি সুবোধ সরকার এবং রুদ্র শংকরের কবিতা পাঠের অনুষ্ঠান তিন দিনের অনুষ্ঠানমালায় বৈচিত্র্য এনেছিল। বিভিন্ন বিজনেস ফোরামের আলোচনামূলক অনুষ্ঠানও ছিল লোভনীয়। কেননা, নেটওয়ার্কিংয়ের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কোথায় পাওয়া যায় না।
২০১৩ সালে কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ আন্দোলনের মাধ্যমে যে বিক্ষোভ শুরু হয়, সেই ঘটনাবলি তুলে ধরে ফয়সাল ও রুবনার পরিচালনায় স্থানীয় প্রবাসী বাঙালিরা মঞ্চস্থ করেন নৃত্যনাট্য ‘শাহবাগ গণজাগরণ’।
আধুনিক, বাউল, ব্যান্ড, রবীন্দ্রসংগীত, নজরুল গীতি—সব রকম গানের ডালা নিয়ে উপস্থিত ছিলেন লোপামুদ্রা, রূপঙ্কর, রাঘব, জয়তী, প্রিয়াঙ্কা, ঋদ্ধি, দুর্নিবার, উজ্জয়নীসহ অনেকে। গ্র্যান্ড ফিনালির চমক নিয়ে স্টেজ কাঁপিয়েছেন বলিউডের শান। শান রবীন্দ্রসংগীত থেকে শুরু করে জনপ্রিয় হিন্দি গান পরিবেশন করে হলভর্তি শ্রোতাদের মুগ্ধ করেন।
তিনটি দিন দেখতে দেখতে চলে গেল, দেশের গান, দেশের কবিতা, দেশের নাচ, দেশের নাটক, দেশের সিনেমা, দেশের খাবার আর দেশি মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিলাম সেই ফেলে আসা দেশে। ফিরে এসে আবার ডুবে গিয়েছি কাজের মধ্যে। এখন অপেক্ষার পালা পরবর্তী বঙ্গ সম্মেলনের। ২০১৮ সালে সম্মেলন হবে নিউজার্সির আটলান্টিক সিটিতে।