বাজারে আসছে 'আন্ডার দ্য ব্লু রুফ'-এর তৃতীয় খণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি কবিদের ইংরেজি কবিতার সংকলন ‘আন্ডার দ্য ব্লু রুফ’-এর তৃতীয় খণ্ড বাজারে আসছে। চার শ পৃষ্ঠার এ সংকলন প্রকাশ করেছে আমেরিকায় নিবন্ধিত শিল্প-সাহিত্যের অলাভজনক প্রতিষ্ঠান ‘ঊনবাঙাল’। চলতি বছরের ৪ ডিসেম্বর বইটি বাজারে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয়। সে বছরের শেষের দিকে প্রকাশিত হয় এর দ্বিতীয় খণ্ড। দুটি খণ্ডেই নিজ ভূ-খণ্ডের বাইরে অবস্থান করছেন এমন কবিদের কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম খণ্ডে ৩৭ জন এবং দ্বিতীয় খণ্ডে ৩৩ জন কবির প্রায় সাড়ে ছয় শ কবিতা স্থান পেয়েছে। তৃতীয় খণ্ডে এসে ভৌগোলিক অবস্থানের শর্তটি তুলে দেওয়া হয়। এই খণ্ডে সংকলিত হয়েছে ৩৮ জন বাঙালি কবির প্রায় ৩০০ কবিতা। অধিকাংশ কবিতাই বাংলা থেকে ইংরেজিতে অনূদিত, তবে কেউ কেউ সরাসরি ইংরেজিতেও লিখেছেন। বইটির নান্দনিক প্রচ্ছদ ও অঙ্গসজ্জার কাজটি করেছেন মেঘনা কাজী।


‘আন্ডার দ্য ব্লু রুফ’-এর তৃতীয় খণ্ডে যাদের কবিতা সংকলিত হয়েছে: মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, হাবিবুল্লাহ সিরাজী, মাহবুব সাদিক, হাসনাত আবদুল হাই, জাহিদুল হক, ফরিদ কবির, রতনতনু ঘাটি, বিপ্লব মাজী, মারুফুল ইসলাম, রহিমা আখতার কল্পনা, প্রাণ জি বসাক, লুতফুল হোসেন, ওবায়েদ আকাশ, মোস্তাক আহমাদ দীন, আশরাফ আহমেদ, ফজলুল হক তুহিন, জুলি রহমান, খান শওকত, মাহফুজ আল হোসেন, সুমন সরদার, গিরীশ গৈরিক, তৃষ্ণা বসাক, মামুন জামিল, মাসুদুর রহমান, মালা মিত্র, চাণক্য বাড়ৈ, বিদিতা রহমান, লিপি নাসরিন, শ্যামলী রক্ষিত, সুকন্যা ভট্টাচার্য, সুপর্ণা মহসিন, তৃণা চক্রবর্তী, যশোধরা রায়চৌধুরী ও বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কবিতাগুলো অনুবাদ করেছেন কবীর চৌধুরী, মুহাম্মদ নূরুল হূদা, সৈয়দ মনজুরুল ইসলাম, কায়সার হক, আফসান চৌধুরী, আবেদীন কাদের, ফকরুল আলম, সাজেদ কামাল, সিদ্দিক মাহমুদুর রহমান, ইমরান খান, অশোক কর, অভিন্ন আজাদ, প্রণব কুমার মজুমদার, হারুনুর রশিদ, সায়ীদ আবুবকর, ফরিদা মজিদ, জাকারিয়া শিরাজী, বর্ণালী রায়, আশীষ স্যান্যাল, তপন কুমার মাইতি প্রমুখ। ‘আন্ডার দ্য ব্লু রুফ’-এর তিনটি খণ্ডটি সম্পাদনা করেছেন কবি কাজী জহিরুল ইসলাম। ঊনবাঙালের সভাপতি মুক্তি জহির বলেন, ‘এই সংকলনের আরও সাতটি খণ্ড প্রকাশের পরিকল্পনা রয়েছে। মোট দশ খণ্ডে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা কবিতার প্রতিনিধিত্বকারী একটি পূর্ণাঙ্গ সংকলন নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। “আন্ডার দ্য ব্লু রুফ” কোনো বাছাই সংকলন নয়। আমরা চাইছি বিভিন্ন সময়ে যাঁরা বাংলা কবিতা লিখেছেন এবং কিছুটা হলেও কবি খ্যাতি অর্জন করেছেন, তাঁদের সবার কবিতা ইংরেজিতে অনুবাদ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ করতে। ঊনবাঙাল বইগুলো প্রথাগত প্রকাশনা পদ্ধতিতে না করে সরাসরি আমাজনে প্রকাশ করছে, যেন সারা পৃথিবীর মানুষের কাছে খুব সহজেই তা পৌঁছে দেওয়া যায়।’