বাজারে এল 'সিটি অব মিরোরস: সংস অব লালন সাঁই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অ্যালিন অডিটোরিয়ামে সিটি অব মিরোরস: সংস অব লালন সাঁই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অ্যালিন অডিটোরিয়ামে সিটি অব মিরোরস: সংস অব লালন সাঁই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা

সম্প্রতি আমেরিকার অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ড. ক্যারোল সলোমন অনূদিত সিটি অব মিরোরস: সংস অব লালন সাঁই (আরশিনগর: লালন সাঁইজির গান) শীর্ষক বই প্রকাশিত হয়েছে। বইটি যৌথভাবে সম্পাদনা করেছেন বাংলা একাডেমির সহপরিচালক ড. সাইমন জাকারিয়া ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পিএইডি স্কলার কিথ ই কান্তু।
৮ নভেম্বর বিকেল পাঁচটায় শিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ডিপার্টমেন্ট এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচর এবং সাউথ এশিয়ান সেন্টার ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের আয়োজনে হয়ে গেল বইটির প্রকাশনা অনুষ্ঠান। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অ্যালিন অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক রিচার্ড সলোমন, মাইকেল শফিরো, সাইমন জাকারিয়া, কিথ ই কান্তু, ডেভিড চার্লি ও রেবেকা মানরিং।
রিচার্ড সলোমন ড. ক্যারোল সলোমনের জীবন ও কর্ম নিয়ে আলোকচিত্রের আশ্রয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। মাইকেল শফিরো ক্যারোলের কাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সাইমন জাকারিয়া তাঁর বক্তব্যে ধর্ম বৈচিত্র্যের বাংলাদেশে লালনের মানবিক দর্শন প্রচারে বিশেষ দিক তথা মানুষ গুরু তত্ত্ব, নর-নারীর লৈঙ্গিক বৈষম্য দূরীকরণ প্রসঙ্গ উল্লেখ করেন। সেই ‍সঙ্গে ক্যারোল সলোমনের লালন গান অনুবাদ ও ব্যাখ্যা বিশ্লেষণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। কিথ ই কান্ত তাঁর আলোচনায় এ্যালান গিন্সবার্গ রচিত ‘আফটার লালন’ কবিতা পড়ার পাশাপাশি লালনের গানও গেয়ে শোনান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডেভিল কারলি ও রেবেকা মানরিং ক্যারোলের লালন সাধন ও বাংলা ভাষাপ্রীতি নিয়ে আলোচনা করেন। সব শেষে দর্শকসারি থেকে অনেকে মুক্ত আলোচনায় অংশ নেন।