বাদ পড়ছেন ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শন স্পাইসার
শন স্পাইসার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সদ্য সাবেক প্রধান জেমস কোমিকে পদচ্যুত করার পর থেকে বিপদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর হিসাব ছিল, এমন একটা কিছু করলে কোনো পক্ষই তেমন হইচই করবে না। রিপাবলিকানরা তো তাঁর সঙ্গে আছেনই, ডেমোক্র্যাটরাও খুশি হবে। কারণ, তাঁরা ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের পরাজয়ের জন্য কোমিকেই দায়ী করেছিলেন। কিন্তু বাস্তবে উল্টোটাই ঘটেছে।
কোমিকে পদচ্যুত করার ফলে যে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে, ট্রাম্প তার জন্য সব দোষ চাপাচ্ছেন প্রধানত নিজের প্রেস বা তথ্য বিভাগকে। একেকবার একেক কথা বলে তারা পুরো বিষয়টাই গুলিয়ে ফেলেছে বলে তিনি মনে করছেন। নিজের প্রেস টিমের ওপর ট্রাম্প এতটাই ক্ষিপ্ত যে হুমকি দিয়েছেন, দৈনিক প্রেস ব্রিফিংয়ের যে ব্যবস্থা আছে, সেটাই বাতিল করে মাঝেমধ্যে তিনি নিজে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন। তাঁর মন্ত্রিসভার সদস্যরাও যে কেউ তেমন একটা জোরেশোরে তাঁর সমর্থনে ক্যামেরার সামনে এসে দাঁড়ায়নি, তা-ও নজর এড়ায়নি ট্রাম্পের। এই তথ্য দিয়ে নিউইয়র্ক টাইমস বলেছে, এর আসল কারণ যে ট্রাম্প নিজেই, সে ব্যাপারটা তাঁর মাথায় ঢুকছে না।
একাধিক সূত্র জানিয়েছে, সংকটের সমাধান হিসেবে ট্রাম্প তাঁর প্রেস টিম নতুন করে সাজাতে চাইছেন। জানা গেছে, বর্তমান মুখপাত্র শন স্পাইসারকে সরিয়ে তিনি ফক্স নিউজের সুপরিচিত হোস্ট কিম্বারলি গাইলফয়েলকে নিয়োগ দিতে পারেন। ট্রাম্পের ‘বাদ দাও’ তালিকায় আরও আছেন বর্তমান চিফ অফ স্টাফ রেইন্স প্রিবাস। রিপাবলিকান নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ, এই বিবেচনা থেকে প্রিবাসকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু গত সাড়ে তিন মাসে চলতি কংগ্রেস কার্যত তাঁর অ্যাজেন্ডা এগিয়ে নিয়ে এমন কিছুই করে দেখাতে পারেনি। কংগ্রেসের সদস্যদের পদচ্যুত করার ক্ষমতা ট্রাম্পের নেই, ফলে তিনি যে কাজে নিজের ক্ষমতা রয়েছে, সেই কাজটি করতে যাচ্ছেন। অর্থাৎ প্রিবাসকে বাদ দিতে পারেন।