বাপের বাড়ি যাবেনই ওবামা

কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিদের হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ঘটনার পরও কেনিয়া সফরের পরিকল্পনা বাদ দেননি তিনি।
আজ শনিবার হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, সমবেদনা জানাতে গতকাল কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাকে ফোন করেন ওবামা। ফোনালাপে জঙ্গিদের হত্যাযজ্ঞের নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্ট।
পরে এক বিবৃতিতে ওবামা বলেন, গারিসা বিশ্ববিদ্যালয়ে নৃশংস সন্ত্রাসী হামলার নিন্দায় কোনো ভাষাই যথেষ্ট নয়।
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ও বিভিন্ন সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে কেনিয়ার সরকার ও জনগণের পাশে থাকারও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা বলেন, এখনো কেনিয়া সফরের পরিকল্পনা করছেন তিনি।
চলতি বছরের জুলাইয়ে ওবামা কেনিয়া সফর করবেন বলে গত সপ্তাহে ঘোষণা দেয় হোয়াইট হাউস। কেনিয়াবাসীর বহুল প্রতীক্ষিত এ সফরকালে ওবামা উদ্যোক্তাদের জন্য আয়োজিত এক সম্মেলনে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই হবে বাবার জন্মভূমিতে ওবামার প্রথম সফর। ওবামার প্রয়াত বাবা বারাক হোসেন ওবামা সিনিয়রের বাড়ি কেনিয়ার ভিক্টোরিয়ার হ্রদের তীরে একটি ছোট্ট গ্রামে। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে পড়াশোনা করার সময় ওবামার মা অ্যান ডানহ্যামের সঙ্গে তাঁর পরিচয় হয়।
হোয়াইট হাউসের এই ঘোষণার তিন দিনের মাথায় গত বৃহস্পতিবার ভোররাতে কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলের গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। সশস্ত্র জঙ্গিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করার পর কমপক্ষে ১৪৭ জনকে হত্যা করে।