বাফার ফান্ড রাইজিং অনুষ্ঠানের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফার ফান্ড রাইজিং অনুষ্ঠানে অতিথিরা। ছবি: এম বি তুষার
বাফার ফান্ড রাইজিং অনুষ্ঠানে অতিথিরা। ছবি: এম বি তুষার

প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে নিউইয়র্কের বাঙালিদের অন্যতম প্রতিনিধিত্বশীল সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) ফান্ড রাইজিং বা তহবিল সংগ্রহ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর ব্রঙ্কসের একটি মিলনায়তনে ফান্ড রাইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফান্ড রাইজিং অনুষ্ঠানে কমিউনিটির নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এতে ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা।

বাফা ও ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েল কেয়ার হেলথ প্ল্যানের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, বিশিষ্ট লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস, বাফার ড্যান্স ডাইরেক্টর অনুপ কুমার দাশ, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ, সাংবাদিক সম্পাদক সাখাওয়াত হোসেন ও শামীম আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ, খলিল বিরিয়ানি হাউসের মালিক মো. খলিলুর রহমান, স্টার্লিং ফার্মেসির পরিচালক মোহাম্মদ আলী, কমিউনিটি অ্যাকটিভিস্ট সাখাওয়াত আলী, আহসান হাবিব, অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন তালুকদার, এ ইসলাম, মোতাশিম বিল্লাহ হোসেন তুষার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে রাজনীতিক, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ নানাশ্রেণি পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। বাফা শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান ছাড়াও জনপ্রিয় শিল্পী ড. তনিমা হামিদ ও আলী মাহমুদের অসাধারণ পরিবেশনা দর্শকেরা উপভোগ করেন। বর্ণিল এই অনুষ্ঠান উপভোগ করতে দুর-দুরন্ত থেকে ছুটে আসেন নতুন প্রজন্মসহ বিপুলসংখ্যক সংস্কৃতিপ্রেমী প্রবাসী।

বাফার নৃত্যানুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অনুপ কুমার দাশ। পোশাক পরিকল্পনায় ছিলেন ফরিদা ইয়াসমিন। তবলায় ছিলেন তপন মোদক, যন্ত্র সংগীতে শহিদ উদ্দিন। ব্যবস্থাপনায় ছিলেন শামীম আরা বেগম, ফারজানা ইয়াসমিন, শিউলি হক প্রমুখ। মারজিয়া স্মৃতি বাফার সংক্ষিপ্ত কর্মকাণ্ড তুলে ধরেন।

বক্তারা বাফার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, বাংলাদেশি নতুন প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতির বিকাশে বাফা অনন্য ভূমিকা রাখছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের বাংলাভাষা ও সংস্কৃতি চর্চা বিকশিত হচ্ছে। প্রবাসী প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে বাফাকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা। এ জন্য যার যার অবস্থান থেকে আর্থিক সহযোগিতাসহ যথাযথ ভূমিকা রাখারও বিশেষভাবে অনুরোধ জানান হয়।

বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা শিল্প-সংস্কৃতিমনা করে গড়ে তুলতে বাফা নিরলস কাজ করে যাচ্ছে। বাফাকে আর্থিকসহ সার্বিকভাবে সহযোগিতা করতে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বাফার বৃহত্তর পরিসরে নতুন অফিস নেওয়ার পর এই ফান্ড রাইজিং অনুষ্ঠানের আয়োজন করা হল।