বাফেলোতে আতঙ্কে বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশি অধ্যুষিত বাফেলো শহরে। সারা বিশ্বে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা। তাই বাফেলোয় বসবাসকারী বাংলাদেশিরাও উদ্বেগ প্রকাশ করছেন।

১ এপ্রিল সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাফেলোর প্রাদেশিক বিভাগ বা কাউন্টি ইরিতে এ পর্যন্ত ৫৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ জনের। ৬২ জন সুস্থ হয়ে উঠেছেন।

বাফেলো শহরে প্রায় ২২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বাফেলোর পাশের এলাকা এল্মহার্স্ট ও উইলিমিয়াসভিলে ১০৮ জন এবং চিক্তাওয়াগাতে ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইরি কাউন্টির কার্যনির্বাহী মার্ক পোলনকার্জ ১ এপ্রিল সকালে প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রতিদিন প্রায় ৮০-১০০ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। টেস্টিং কিটের অভাবে এর চেয়ে বেশি পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।

নিউইয়র্ক শহরে করোনাভাইরাস ব্যাপক ছড়িয়ে পড়ায় এবং ধীরে ধীরে বাফেলোতেও সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বাড়ছে। তবে এখন পর্যন্ত বাফেলোতে কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত বলে খবর পাওয়া যায়নি।

প্রশাসন থেকে বলা হচ্ছে করোনাভাইরাসের চিকিৎসার জন্য বাফেলোর হাসপাতালগুলো প্রস্তুত আছে। কিন্তু বাফেলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবার সঙ্গে জড়িত কর্মীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রোজওয়েল পার্ক ক্যানসার ইনস্টিটিউটের সাতজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসন ব্যর্থ—এমন মন্তব্য করায় রোজওয়েল পার্কের বৈদেশিক বিষয়ক উপরাষ্ট্রপতি লরা ক্রোলজিককে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া নিউইয়র্ক অঙ্গরাজ্য থেকে আরোপিত যথাযথ নিয়মনীতি না মানায় ইরি কাউন্টিতে দুটি বার বন্ধ করে দেওয়া হয়েছে। বাফেলো সিটি কমন কাউন্সিলের সভাপতি ও গির্জার যাজক ডেরিয়াস প্রিডজেন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে অনেকেই আশঙ্কা করছেন, তাঁর মাধ্যমে আরও অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। এ ছাড়া বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও আগুন নির্বাপণ ব্যবস্থার সঙ্গে জড়িত ১৬ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশি মালিকানাধীন জোবাইদা গ্রোসারি সাময়িক বন্ধ হয়ে গেছে। অন্যান্য গ্রোসারির মালিকেরা সবাইকে ঘর থেকে ফোন করে আগে অর্ডার করার অনুরোধ করছেন। বাফেলোয় বসবাসকারী বাংলাদেশিরা যাতে চিকিৎসা সেবা থেকে শুরু খাদ্য সংকটে না পড়েন এ জন্য অনেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া যেসব বাংলাদেশি এ বছর আমেরিকায় আসার কারণে স্টিমুলাস প্যাকেজের মাধ্যমে অর্থ সহায়তা পাবেন না, তাঁদের সাহায্যে অনেকে এগিয়ে এসেছেন।