বাফেলোয় বাংলাদেশিদের স্থানান্তরের সঙ্গে বাড়ছে বাড়ির দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রের বড় বড় শহর থেকে মানুষের অন্যত্র স্থানান্তরের হার বেড়েছে। এ ক্ষেত্রে বেশির ভাগ মানুষের পছন্দের তালিকায় রয়েছে বাফেলো, মিশিগান, ফিলাডেলফিয়া, আলবেনির মতো শহর। এসব শহরে মানুষ স্থানান্তরের ফলে সেখানে বাড়ি বেচা-কেনা বা রিয়েল এস্টেট ব্যবসা বেশ জমে উঠেছে। ক্রেতার চাহিদার কারণে ঘর-বাড়ির দামও ক্রমাগত বেড়ে চলেছে।

বাফেলোর স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত মে মাসে বাফেলোতে বাড়ির দাম প্রায় ২৪ শতাংশ বেড়েছে। মে মাসে বাফেলোতে ঘরের দাম বেড়ে গড়ে প্রায় ১ লাখ ৭০ হাজার ডলারে দাঁড়িয়েছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় গড়কে ছাড়িয়ে গেছে। তবে বাফেলোর বিভিন্ন এলাকা ভেদে ঘরবাড়ির দাম ভিন্ন ভিন্ন।

করোনা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য উপযুক্ত বাড়ির চাহিদা বেড়ে গেছে। অনেক শহরে বাড়ির দাম কমে যাওয়ায় বিক্রেতারা বর্তমানে বাড়ি বিক্রি করছেন না। আবার অনেক শহরে ক্রেতার চাহিদার জন্য বিক্রির জন্য উপযুক্ত বাড়ি দ্রুত বিক্রি হওয়ায় চাহিদা বেড়ে গেছে। বাফেলোতে বিক্রির জন্য উপযুক্ত বাড়ি বাজারে আসার সঙ্গে সঙ্গে গড়ে এক সপ্তাহের মধ্যে তা বিক্রি হয়ে যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ওয়েস্টার্ন নিউইয়র্কের একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সভাপতি বলেন, বাড়ির বিক্রেতা বাড়ির জন্য যে দাম চাচ্ছেন তা থেকে অনেক বেশি দামে বাড়ি বিক্রি হচ্ছে। কোনো কোনো বাড়ি কেনার জন্য প্রায় ৩০-৪০ জন ক্রেতা আগ্রহ প্রকাশ করছেন। বিক্রির উপযুক্ত বাড়ির চাহিদা এবং ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার জন্য বাড়ির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে বলে তিনি মনে করেন।

গত বেশ কয়েক বছর থেকে বাংলাদেশিদের কাছে অন্যতম পছন্দের শহর হলো বাফেলো। এক সময়ের পরিত্যক্ত এ শহর বাংলাদেশিদের আনাগোনায় এখন মুখরিত। বাংলাদেশিরা যেন এ শহরের চেহারাই পাল্টে দিয়েছে। করোনা শুরুর পর থেকে বাফেলোতে বাংলাদেশিদের স্থানান্তরের হার আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বাফেলোতে বসবাসকারী একজন বাংলাদেশি রিয়েল এস্টেট কর্মকর্তা বলেন, বাফেলোতে বসবাসকারী বাংলাদেশিদের এক বিরাট অংশের বাস শহরের পূর্ব দিকে। এসব এলাকায় আগের যেকোনো সময়ের চেয়ে ঘরবাড়ির দাম বাড়লেও এখনো হাতের নাগালে আছে বলে তিনি মন্তব্য করেন। এ ছাড়া বাফেলোর পার্শ্ববর্তী এলাকা চিক্তাওয়াগা, এল্মহার্স্ট, ডিপিউ, ওয়েস্ট সেনেকাতেও অনেক বাংলাদেশি স্থানান্তরিত হচ্ছেন।

বড় বড় শহর যেমন নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়ায় ভাড়া ও বাড়ির দাম বেশি হওয়ায় মানুষ একটু ছোট শহর ও গ্রামাঞ্চলের দিকে বসত গড়ছে। মানুষের স্থানান্তরের ক্ষেত্রে বেশি প্রভাব রাখছে ঘর-বাড়ির দাম ও যাতায়াত ব্যবস্থা। তা ছাড়া করোনা মহামারি শুরুর সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম অনলাইনে পরিচালনার কারণে অনেকে ঘরে বসেই কাজ করার সুবিধা পাচ্ছেন। এতে অনেকেই শহর ছেড়ে গ্রামাঞ্চলের দিকে স্থানান্তর হচ্ছেন।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বড় একটি অংশের বসবাস নিউইয়র্ক নগরে। বেশি বাসা ভাড়া ও বাড়ির উচ্চ মূল্যসহ জীবনযাত্রার অত্যধিক ব্যয়ের সঙ্গে নিজেকে মানিয়ে বাংলাদেশিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিউইয়র্কে নিজের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। কিন্তু করোনা মহামারি শুরুর পর বাংলাদেশি অভিবাসীদের নিউইয়র্ক নগর ছেড়ে অন্যত্র স্থানান্তরের হার আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। বাংলাদেশিদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে নিউইয়র্ক নগর থেকে প্রায় ৪০০ মাইল দূরের শহর বাফেলো।

যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য ভেদে সরকারি সুযোগ-সুবিধা ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। বাফেলোর অবস্থান নিউইয়র্ক অঙ্গরাজ্যের ভেতরে অবস্থিত হওয়ায় অনেকে এসব সুযোগ-সুবিধা ভোগ করতে এই শহরে বসতি গড়াকে প্রাধান্য দিচ্ছেন। তা ছাড়া কানাডার সীমান্তবর্তী ও নিউইয়র্ক শহর থেকে খুব দূরে না হওয়ায় অনেকে আত্মীয়ের বাসায় সহজেই যাতায়াত করতে পারেন। বাফেলোতে অনেক বাংলাদেশি বসবাস করার ফলে ইতিমধ্যে এখানে বাংলাদেশি মসজিদ, মাদ্রাসা, গ্রোসারি ইত্যাদি গড়ে উঠেছে।