বাফেলোয় বাড়ি কিনতে সতর্ক থাকুন

আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে আবাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকের লেখায় থাকছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের শহর বাফেলো সম্পর্কে বিভিন্ন তথ্য।
আমেরিকার সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কে আড়াই লাখের বেশি বাঙালির বসবাস। বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র এই নিউইয়র্ক নগরীতে বসবাস করা অনেক বেশি ব্যয়বহুল। নিউইয়র্কে বসবাস করা বাঙালি অভিবাসীদের মধ্যে প্রতি তিনজনে একজন দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাই ১৯৯০ দশকের শুরু থেকে বাঙালি অভিবাসীরা নিউইয়র্ক থেকে মাত্র ৩৭৫ মাইল দূরে আমেরিকা-কানাডা সীমান্তের খুব কাছে অবস্থিত বাফেলো শহরে আসতে শুরু করে। আমেরিকার প্ল্যানিং অ্যাসোসিয়েশনের হিসাবমতে আমেরিকার সেরা দশ শহরের তালিকার শীর্ষে রয়েছে বাফেলো।
একটি ছোট গ্রাম হিসেবে বাফেলোর গোড়াপত্তন হয় ১৭৮৯ সালে। ১৮২৫ সালের দিকে ইরি ক্যানেল নামে নদীপথ চালু হওয়ার পর এ শহর জনপ্রিয় হয়ে ওঠে। ১৯০০ সালের মধ্যে বাফেলো আমেরিকার অষ্টম বৃহৎ শহরে পরিণত হয়। আটলান্টিক মহাসাগরে যাওয়ার নতুন একটি সমুদ্রপথ চালুর পর থেকে বাফেলো বাণিজ্যিকভাবে গুরুত্বহীন হয়ে পড়ে। ১৯৯০ সালের দিকে মানুষ কর্মসংস্থানের অভাবে বাফেলো ছাড়তে শুরু করে।
ফলে অনেক পরিত্যক্ত বাড়ি কম দামে বিক্রি শুরু হয়। এই সুযোগে বাঙালি অভিবাসীরা বাফেলো শহরে আসতে শুরু করে। সে সময় নিউইয়র্কের কয়েক মাসের বাড়ি ভাড়া দিয়ে বাফেলো শহরে একটি বাড়ি কিনে ফেলা যেত। কম খরচে সেরা আবাসনের কারণে অনেকের কাছে বাফেলো জাদুর শহর হিসেবে পরিচিতি পায়। বাফেলোতে অনেকের একাধিক বাড়ি রয়েছে। এমনকি কারও কারও ৫০টিরও বেশি বাড়ি রয়েছে।
বাঙালিরা স্থানান্তরের পর থেকে বদলে গেছে বাফেলো শহরের কর্মসংস্থান, আবাসন ও নিরাপত্তা ব্যবস্থা। গড়ে উঠেছে হালাল মার্কেট, হালাল রেস্তোরাঁ, অনেক মসজিদ। অপরাধ প্রবণতা ৭০ শতাংশ থেকে নেমে ৩০ শতাংশে এসেছে। ফলে বাফেলোর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের। আজকের এ লেখায় মূলত বাফেলো শহরের আবাসন ব্যবস্থা নিয়ে মোটামুটি ধারণা দিতে চেষ্টা করব।
বাফেলো শহরে বাঙালি অভিবাসীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন। বাড়ি ভাড়া ও দামের কারণেই যে যেখানে বাড়ি ভাড়া ও বাড়ির দাম কম পেয়েছেন, সে সেখানেই ঘাঁটি বেঁধেছে। তবে ফিলমোর অ্যাভিনিউসহ তার আশপাশের এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক বাঙালির বসবাস।
বাফেলোতে স্থানান্তরের আগেই বাড়ি কিনেছেন অনেকে, আবার অনেকে কয়েক দিন ভাড়া বাসায় থেকে পরে বাড়ি কিনছেন। কথা হলো বাফেলোতে বাড়ি কিনতে খরচ কেমন? এক ফ্যামিলির বাড়ি কিনতে গেলে খরচ হতে পারে ১৫ হাজার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত; নির্ভর করছে ক্রেতার বাজেটের ওপর। বাফেলোর ইস্ট সাইডে অনেক বাঙালি এ দামের মধ্যেই বাড়ি কেনাবেচা করছেন। তবে ১৫-৩০ হাজার ডলারের মধ্যে কেনা বাড়ি সংস্কারে ১০-২০ হাজার ডলারের কাজ করিয়ে নিতে হবে। বাফেলোর পার্শ্ববর্তী শহর এলমহার্স্ট, উইলিয়ামসভিল, চিকতাওয়াগা, টনোওয়ান্ডাতে আরও অনেক বেশি দামের এক ফ্যামিলির ঘর রয়েছে। কিন্তু ওসব এলাকায় বাড়ি বাবদ করও দিতে হয় বেশি। আর ডবল ফ্যামিলির বাড়ির দাম এলাকাভেদে ৫০ হাজার থেকে দেড় লাখ ডলারের মধ্যে।
বাফেলোতে বাসা ভাড়া দিয়ে থাকতে গেলে এলাকাভেদে বাসা ভাড়া ৫০০ থেকে ১ হাজার ২০০ ডলারের মধ্যে। পুরো বিষয়টি নির্ভর করে এলাকার ওপর। বাঙালিরা সাধারণত ভাড়া কম এমন এলাকাতেই বাসা ভাড়া নেন। কারণ, প্রায় সবারই লক্ষ্য থাকে কয়েক দিনের মধ্যেই নিজস্ব বাড়ি কিনে নেওয়া।
বাফেলোতে ঘর কিনতে গেলে আরেকটি বিষয় জানা খুব জরুরি। এখানে প্রতি বছর অক্টোবর মাসে নগর কর্তৃপক্ষ ঘরের নিলাম করে। নিলাম থেকে আনুমানিক মাত্র ২৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে অনেক কম দামে বাড়ি কিনে নেওয়া যেতে পারে।
আবাসন ব্যয় কম হওয়ায় বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিনই বাফেলোতে বাঙালি অভিবাসীরা স্থানান্তরিত হচ্ছেন। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা প্রতারক চক্রও। বাড়ি কেনার ক্ষেত্রে তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। যাচাই-বাছাই করে অ্যাটর্নি নির্ধারণ করে বাড়ির ক্লোজিং করা, বাড়ির ভিত্তি বা কাঠামো ঠিক আছে কিনা পরীক্ষা-নিরীক্ষা করেই বাড়ি কেনা উচিত।