বাবা আজ থাকলে দেশের দরিদ্রদের কথা বলতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্টিন লুথার কিং তৃতীয়
মার্টিন লুথার কিং তৃতীয়

নাগরিক অধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা মার্টিন লুথার কিং আজ বেঁচে থাকলে যুক্তরাষ্ট্রের দারিদ্র্যের মধ্যে বসবাসরত মানুষকে নিয়ে উদ্বিগ্ন হতেন। প্রেসিডেন্ট পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে সাক্ষাতের পর মার্টিন লুথার কিংয়ের ছেলে তৃতীয় মার্টিন লুথার কিং গণমাধ্যমকে এ কথা বলেন।

সোমবার ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক আন্দোলনের মহান নেতার নামে মার্টিন লুথার কিং দিবস। লুথার কিংয়ের প্রকৃত জন্মদিন ১৫ জানুয়ারি হলেও যুক্তরাষ্ট্রে সরকারিভাবে লুথার কিংয়ের জন্মদিন পালন করা হয় জানুয়ারির তৃতীয় সোমবার। এদিন সরকারি ছুটি থাকে। নাগরিক অধিকার আন্দোলনের সংগঠনগুলো সভা-সমাবেশসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে।

সাংবাদিকদের মার্টিন লুথার কিং তৃতীয় ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিস্তারিত কিছু না জানালেও বলেছেন, আলোচনা গঠনমূলক হয়েছে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণের ঐক্য প্রতিষ্ঠা করা। মার্কিনরা একটি মহান জাতি এবং আমাদের আরও মহান হয়ে উঠতে হবে।’

লুথার কিং তৃতীয় বলেন, ‘আমার বাবা মার্টিন লুথার কিং ও মা এ ধারণাই আজীবন লালন করেছেন। আমিও জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি।’

অতিসম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান সময়ের নাগরিক আন্দোলনের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত কৃষ্ণাঙ্গ নেতা জন লুইস সম্পর্কে বিরূপ মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেন। ট্রাম্প বলেন, নাগরিক আন্দোলনের নামে জন লুইস শুধু কথাই বলেন; কোনো কাজ করেন না। নাগরিক আন্দোলনের এ বিশিষ্ট নেতাকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষাপটে মার্টিন লুথার কিং তৃতীয়র সঙ্গে তাঁর বৈঠক নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকেরা লুথার কিং তৃতীয়কে প্রশ্ন করেন, আজকের এই দিনে আপনার বাবা মার্টিন লুথার কিং বেঁচে থাকলে ডোনাল্ড ট্রাম্পকে কী বলতেন? জবাবে তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রে দারিদ্র্যের মধ্যে বসবাসরত পাঁচ থেকে ছয় কোটি মানুষের উদ্বেগের কথা বলতেন। কিং তৃতীয় আরও বলেন, ‘আমাদের এ পরিস্থিতি থেকে উত্তরণের একটি পরিবেশ সৃষ্টি করতে হবে।’

লুথার কিং তৃতীয় বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমাকে বলেছেন, তিনি পুরো যুক্তরাষ্ট্রের মানুষের প্রতিনিধিত্ব করেন। আমি তাঁর এ কথা বিশ্বাস করতে চাই। আমি আরও বিশ্বাস করি, কোনো কিছুই এমনিতে হয় না। আমাদের চাপ অব্যাহত রাখতে হবে। আমার বাবা মার্টিন লুথার কিংও তা-ই করে গেছেন।’