বাবা দিবসের গোড়ার কথা
‘মা দিবস’ পালনের নিয়মটা মোটামুটি প্রতিষ্ঠিত হওয়ার পর আস্তে আস্তে ‘বাবা দিবস’ পালনের রীতিটা আমেরিকায় চালু হতে থাকে। সেখান থেকেই আস্তে আস্তে এই দিবস পালনের রীতি অন্যান্য দেশেও চালু হয়। শুধু চালু নয়, বরং বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে।
এই বাবা দিবসকে প্রতিষ্ঠার জন্য যাকে সবচেয়ে বেশি কৃতিত্ব দেওয়া যায়, তিনি হলেন সোনোরা ডড। তাঁর পুরো নাম সোনোরা লুইস স্মার্ট ডড। তবে জন্মকালে তাঁর নাম ছিল জেনি লিন্ড। জন্মস্থান আমেরিকার আরকানসাস স্টেটে, যেখানে এককালে আজকের বিখ্যাত ক্লিনটন পরিবার বাস করত।
সোনোরার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট (১৮৪২-১৯১৯) একজন চাষি ছিলেন। মায়ের নাম এলেন ভিক্টোরিয়া চিক স্মার্ট (১৮৫১-৯৮)। আমেরিকায় যখন গৃহযুদ্ধ চলছিল, তখন উইলিয়াম স্মার্ট আরকানসাসের মিলিটারিতে মেজর হিসেবে কাজ করতেন। সোনোরার বয়স যখন সাত (১৮৮৯), তখন তাঁরা আরকানসাস ছেড়ে ওয়াশিংটন স্টেটের (ওয়াশিংটন ডিসি নয়) স্পোকেন (Spokane) শহরের কাছাকাছি একটা খামারে চলে যান। ১৬ বছর বয়সে সোনোরা তাঁর মাকে হারান। ষষ্ঠ সন্তান জন্ম দেওয়ার সময় অঘটনটি ঘটে। সোনোরাই ছিলেন সবার বড় এবং সন্তানদের মধ্যে একমাত্র মেয়ে। প্রথম দিকে সোনোরা ও তাঁর বাবা মিলে বাকি পাঁচ ভাইকে মানুষ করতে থাকেন। একসময় জন ব্রুস ডড (১৮৭০-১৯৪৫) নামে এক লোকের সঙ্গে সোনোরা স্মার্টের বিয়ে হয়। তখন তাঁর নামের পদবি বদলে সোনোরা স্মার্ট থেকে সোনোরা ডড হয়ে যায়। বাবা বিয়ে না করে মা-হারা ছয় সন্তানকে এত কষ্ট করে মানুষ করেছেন, সে জন্য বাবার প্রতি সোনোরার অত্যন্ত গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতাবোধ ছিল।
অনেক আগে থেকেই অ্যানা জার্ভিস দ্বারা প্রবর্তিত ‘মা দিবস’ তখন বেশ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। ১৯০৯ সালে একদিন গির্জায় প্রার্থনার সময় মা দিবসের ওপর বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে সোনোরা গির্জার প্যাস্টর বা যাজকের কাছে বলেন, মায়েদের মতো বাবাদেরও একইভাবে সম্মান দেখানো উচিত। মা দিবসের মতো ‘বাবা দিবস’ পালনের জন্য উদ্যোগ নেওয়া দরকার। প্যাস্টর অনেক চিন্তাভাবনা করে দেখলেন, কথাটার যুক্তি আছে বটে এবং তিনি এ বিষয়ে কিছু একটা করতে রাজি হন। সোনোরা প্রাথমিকভাবে জুনের ৫ তারিখে বাবা দিবস পালনের জন্য সুপারিশ করেছিলেন। কিন্তু এত তাড়াতাড়ি সবকিছু আয়োজন করে ওঠার মতো সময় প্যাস্টরের হাতে ছিল না। সে জন্য তিনি জুন মাসের তৃতীয় সপ্তাহের রোববার পর্যন্ত দিনটি পিছিয়ে দেন। সেভাবেই ১৯ জুন ১৯১০ সালে আমেরিকার ওয়াশিংটন স্টেটের স্পোকেন শহরের ওয়াইএমসিএ (YMCA) ভবনে ‘বাবা দিবস’ উদ্যাপনের গোড়াপত্তন।
প্রথম দিকে ‘বাবা দিবস’ পালনের বিষয়টি তত বেশি জনপ্রিয় হয়নি। ১০ বছর ধরে এর পেছনে খাটাখাটির পর ১৯২০ সালে সোনোরা ডড পড়াশোনা করতে শিকাগোর আর্ট ইনস্টিটিউটে আসেন। তখন এই পর্ব পালনে আরও ভাটা পড়ে। এমনকি খোদ স্পোকেন শহরেও তা অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। ১০ বছর পর, ১৯৩০ সালে স্পোকেন শহরে ফিরে গিয়ে সোনোরা আবার নতুন উদ্যোগে বাবা দিবস উদ্যাপনের উদ্যোগ গ্রহণ করেন। বিষয়টিকে একা জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বুঝতে পেরে তিনি কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের দ্বারস্থ হন। বিশেষ করে, যারা পুরুষদের টার্গেট করে ব্যবসা করে, যেমন নেকটাই, শার্ট, প্যান্ট, চুরুট, সিগারেট, তামাকের পাইপ নির্মাতারা। ভবিষ্যতে নিজেদের লাভ হবে বুঝতে পেরে তারা সোনোরার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসে। ১৯৩৮ সালে তারা ‘বাবা দিবস পরিষদ’ (Father’s Day Council) প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার বিষয়ে অনুপ্রেরণা দিতে থাকে। অন্যদিকে আমেরিকানদের বড় একটি অংশ কয়েক দশক ধরে এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছিল। তাদের যুক্তি ছিল, মা দিবসকে ব্যবসায়ীরা যেভাবে তাদের ব্যবসার হাতিয়ার করেছে, বাবা দিবসও সেই রকম একটি চাল। তাদের সঙ্গে খবরের কাগজওয়ালারাও হাত মিলিয়ে, ঠাট্টা-বিদ্রূপ করে অনেক লেখালেখি করেছিল। কিন্তু ব্যবসায়ীরা হাল ছাড়েনি। শেষ পর্যন্ত ব্যবসায়ীরা জয়ী হয়। ফলে ১৯৮৫-৮৬ সালের দিকে ‘বাবা দিবস পরিষদ’ তাদের মতামত ব্যক্ত করে। সেই থেকে পুরুষদের উপহারসামগ্রীর বাণিজ্যিক সাফল্যের দিক থেকে বাবা দিবসকে বলা যায় দ্বিতীয় ক্রিসমাস।
আন্দোলনের প্রথম দিকে, অর্থাৎ ১৯১৩ সালে আমেরিকার কংগ্রেসে বাবা দিবসকে জাতীয় স্বীকৃতি দেওয়ার জন্য একটি বিল উত্থাপন করা হয়। ১৯১৬ সালে প্রেসিডেন্ট উড্রো উইলসন বাবা দিবস উদ্যাপন করার জন্য স্পোকেন শহরে বক্তৃতা দিতে যান। তিনি দিনটিকে সরকারিভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু এটাকে বাণিজ্যিক মুনাফা হিসেবে কাজে লাগানো হবে ভেবে কংগ্রেস এর বিরোধিতা করেছিল। ১৯২৪ সালে প্রেসিডেন্ট কেলভিন কুলিজ দিনটিকে জাতীয় দিবস হিসেবে উদ্যাপনের সুপারিশ করেন। কিন্তু এটাকে সরকার-ঘোষিত বিশেষ কোনো দিন বলা থেকে তিনি বিরত থাকেন। ১৯৫৭ সালে মেইন রাজ্যের (The State of Maine) সিনেটর মার্গারেট চেজ স্মিথ এক প্রস্তাবে অনুযোগ করেন যে ৪০ বছর ধরে বাবাকে অগ্রাহ্য করে শুধু মাকেই সম্মান করা হচ্ছে। এটা বেমানান। এরপর ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিনডন বি জনসন প্রথমবারের মতো বাবাদের সম্মানে জুন মাসের তৃতীয় রোববারকে ‘বাবা দিবস’ আখ্যা দিয়ে প্রেসিডেন্টের ঘোষণা বা প্রেসিডেনশিয়াল প্রক্লেমেশন জারি করেন। এর ছয় বছর পর ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন জুন মাসের তৃতীয় রোববারকে স্থায়ীভাবে জাতীয় বাবা দিবস উদ্যাপনের দিন হিসেবে পালন করার আইন পাস করেন।
মজার ব্যাপার হলো, ঠিক মা দিবসের মতো বাবা দিবস পালনের উদ্যোগ আলাদাভাবে আরও অনেকেও নিয়েছিলেন। যেমন ১৯০৮ সালের ৮ জুলাই ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্ট শহরের মেথডিস্ট এপিস্কোপ্যাল চার্চে বাবা দিবস পালিত হয়েছিল। তার আগের বছর ১৯০৭ সালের ডিসেম্বরে, গ্রেস গোল্ডেন ক্লেটন তাঁর বাবাকে হারান। কাছাকাছি মোনোনগা কয়লাখনিতে যে দুর্ঘটনায় ঘটে, তাতে ৩৬১ জন মারা যান। তাঁদের মধ্যে ২৫০ জনই ছিলেন বাবা। তাঁরা কয়েক হাজার অসহায় সন্তান রেখে গিয়েছিলেন। গ্রেস ক্লেটন তাঁদের চার্চের প্যাস্টরকে একটি দিন ঠিক করে ওই মৃত বাবাদের সম্মান জানানোর জন্য অনুরোধ জানান। দিনটি গ্রেস গোল্ডেন ক্লেটনের বাবা, ফ্লেচার গোল্ডেনের (Fletcher Golden) জন্মতারিখের কাছাকাছি এক রোববার ছিল। গ্রেসের বাবা নিজেও একজন মেথডিস্ট মিনিস্টার ছিলেন।
কিন্তু গ্রেসের এই প্রচেষ্টা কয়েকটি কারণে সফল হয়নি। প্রথমত দিনটির জন্য সিটি কাউন্সিল থেকে কোনো সরকারি ঘোষণা বা প্রক্লেমেশন ছিল না। ফেয়ারমন্ট শহরের বাইরে একে প্রচার করার জন্য কারোর কোনো উদ্যোগ ছিল না। তা ছাড়া ১৯০৮ সালের ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে প্রায় ১২ হাজার অতিথি আপ্যায়ন, এর সঙ্গে হট এয়ার বেলুন ও মেলার অন্যান্য উপকরণের জন্য সিটি কাউন্সিল অত্যন্ত ব্যস্ত ছিল। তা ছাড়া গ্রেস ক্লেটন নিজেও একজন প্রচারবিমুখ চুপচাপ প্রকৃতির মহিলা ছিলেন।
ওয়েস্ট ভার্জিনিয়া ছাড়া ১৯১১ সালে জেন অ্যাডমস, শিকাগোতে শহরজুড়ে বাবা দিবস পালনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তা পাস হয়নি। ১৯১২ সালে আরেক মেথডিস্ট প্যাস্টর জে জে বেরিংগারের উদ্যোগে ওয়াশিংটনের ভাঙ্কুভারে বাবা দিবস পালন করা হয়। তাঁরা নাকি পোর্টল্যান্ড অরিগোনিয়ান (Portland Oregonian) পত্রিকার পরামর্শ অনুসরণ করে সেটা করেছিলেন। তাঁরা ভুলক্রমে বিশ্বাস করতেন যে তাঁরাই প্রথম এ ধরনের একটি দিন পালন করলেন। আবার ১৯১৫ সালে আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের এক সদস্য হ্যারি সি মিক দাবি করে বসেন, বাবা দিবসের আইডিয়াটা প্রথম তাঁর মাথা থেকে এসেছে। তিনি আরও দাবি করেন, জুন মাসের তৃতীয় রোববার দিনটি ঠিক হয়েছে নাকি তাঁর জন্মদিন অনুযায়ী। কিন্তু তিনি খেয়াল করেননি যে তাঁর বদলে তাঁর বাবার জন্মদিনটা নির্ধারণ করা অধিক যুক্তিযুক্ত হতো। মিক সাহেব বাবা দিবসের প্রচার ও প্রসারে একে সরকারি ছুটির দিন বানানোর জন্য বহু চেষ্টা করেছিলেন।
নামটা একটু-আধটু ঘুরিয়ে-ঘারিয়ে হলেও সরকারিভাবে বাবা দিবস কিন্তু সারা বছর ধরে বিভিন্ন দেশে বিভিন্ন দিনে পালিত হয়ে থাকে। যেমন রাশিয়াতে এটাকে ‘পিতৃভূমি রক্ষার দিন’ (ডিফেন্ডার অন দ্য ফাদারল্যান্ড ডে) বলা হয় এবং তা পালন করা হয় ফেব্রুয়ারির ২৩ তারিখে। ইউরোপের বেলজিয়াম, সুইজারল্যান্ড, স্পেন এবং দক্ষিণ আমেরিকার হন্ডুরাস ও বলিভিয়া মিলে একটি দেশ মার্চের ১৯ তারিখে বাবা দিবস পালন করে। মে মাসের ৮ ও ১৭ তারিখে পালন করে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। জুন মাসে বাবা দিবস পালন করে লিথুনিয়া, ডেনমার্ক, অস্ট্রিয়া, পোল্যান্ড থেকে আরম্ভ করে ইউরোপের বাকি দেশগুলো এবং কানাডা, এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার প্রায় সব কটি দেশ। মজার ঘটনা হলো, এর সব দিন রোববারেও পড়ে না। এমনকি সব কটি তৃতীয় সপ্তাহেও হয় না। যদিও প্রধানত দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের দিনগুলোর মধ্যেই তা হয়ে থাকে। জুলাই মাসে হয় উরুগুয়ে ও ডোমিনিকান রিপাবলিকে। আগস্ট মাসে হয় ব্রাজিল ও তাইওয়ানে। সেপ্টেম্বরে হয় লাটভিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। অক্টোবরের প্রথম রোববারে হয় লুক্সেমবার্গে। নভেম্বরে হয় যথাক্রমে ইন্দোনেশিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেনে এবং ডিসেম্বরে হয় বুলগেরিয়া ও থাইল্যান্ডে। মোদ্দা কথা, বছরের ১২ মাস ধরে বাবা দিবস কোথাও না কোথাও হচ্ছেই।
আমেরিকায় মা দিবসের তুলনায় বাবা দিবসে টেলিফোনের ব্যবহার খুব কমই হয়ে থাকে। মজার ব্যাপার হলো, এই দিন ‘কালেক্ট কল’ বা ‘মিস কল’-এর সংখ্যা এত বেশি থাকে যে এটাই বছরের ব্যস্ততম কালেক্ট কলের দিন হয়ে যায়। শুধু ফোন কলের সংখ্যাটাই কম নয়, মা দিবসের চেয়ে বাবা দিবসে গিফট কার্ড বা উপহারসামগ্রী অনেক কেনাবেচা জয়। উপহারসামগ্রীর আকার ও দামের পরিমাণ কম থাকে। এটার কারণ হিসেবে তিনটি বিষয়কে বিবেচনা করা হয়:
১. পরিবারের প্রধান হিসেবে নারীরা সংখ্যায় বেশি, ২. রান্নাবান্না, ছেলেপুলে মানুষ করা, ঘরবাড়ি সাজিয়ে-গুছিয়ে রাখা, চাকরি করা—সব মিলিয়ে সংসারে মায়ের ভূমিকা বাবার চেয়ে বেশি, ৩. ঐতিহাসিক দিক থেকেও মা দিবস অনেক এগিয়ে। মা দিবস পালন করা শুরু হয় ১৮৭০ সালে এবং সরকারিভাবে গৃহীত হয় ১৯১৪ সালে।
বাবা দিবসের ফিরিস্তি লিখতে বসে আজ নিজের বাবার কথা খুবই মনে পড়ছে। অনেক কষ্ট পাচ্ছি। চোখ ভিজে আসছে। বিশ্বাসই হচ্ছে না, এর মধ্যে কয়েক বছর পেরিয়ে গেল। সেদিন মাত্র ১৬ ঘণ্টার মধ্যেই হঠাৎ কোথা থেকে কী যে হয়ে গেল! তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। আমার পরের ভাইবোনগুলো আমার অনেক পরে পৃথিবীতে আসার ফলে ছোটবেলাটায় আমি মোটামুটি একমাত্র সন্তান হিসেবে মানুষ হয়েছিলাম। আমাকে হাত ধরে গল্প বলতে বলতে তিনি বেড়াতে নিয়ে যেতেন। অফিস থেকে বাড়ি ফেরার সময় প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে আসতেন—রসগোল্লা, চমচম, সন্দেশ, চানাচুর, নকুলদানা, চিনাবাদাম ইত্যাদি। নিজে ভালো জামাকাপড় না পরলেও আমার ব্যাপারে যত্নবান থাকতেন। অত্যন্ত প্রতিকূল অবস্থায়, সোনোরার বাবার মতো, অনেক কষ্ট করে তিনিও তাঁর ছয় সন্তানকে মানুষ করেছিলেন।
অথচ সোনোরার তুলনায় আমরা আমাদের বাবার জন্য কীই-বা করতে পেরেছি? হয়তো আমাদের মধ্যে কিছু সৌভাগ্যবান ছেলেমেয়ে তাঁদের বাবার জন্য কিছু কিছু করার সুযোগ পেয়েছেন। কিন্তু বেশির ভাগই তা পাননি, বিশেষ করে যাঁরা বিদেশে আছেন। আমার কোনো সন্দেহ নেই, আমার বাবার মতো বিশ্বের প্রায় সব বাবাই তাঁর নিজের সবকিছু নিংড়ে দিয়ে সন্তানদের মানুষ করে চলেছেন। তাই আজ নিজের বাবার সঙ্গে বিশ্বের সব বাবার জন্য শ্রদ্ধা নিবেদন করছি।